উপজেলা নির্বাচনের টুকরো খবর
প্রকাশ : ০৫ মার্চ ২০১৪, ২১:৪৩
নন্দীগ্রামে ১০ প্রার্থীর জামানত বাতিল
নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা \ প্রথম দফা বুধবার অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে নন্দীগ্রাম উপজেলায় ১০ প্রার্থীর জামানত বাতিল হয়েছে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বিধি অনুযায়ী ভোট না পাওয়ায় জামানত বাতিল হয়েছে। চেয়ারম্যান প্রার্থী শ্রাবনী আকতার বানু (কাপ পিরিচ), আহসান বিপ্লব রহিম (দোয়াত কলম), ইউনুস আলী মন্ডল (ব্যাটারী), ইলিয়াস আলী (হেলিকপ্টার), রেজাউল আশরাফ জিন্নাহ ( ঘোড়া), ভাইস চেয়ারম্যান গোলাম রব্বানী (টাইপরাইটার), মুঞ্জুরুল ইসলাম (চশমা), মুকুল মিয়া (তালা), শফিকুল ইসলাম (উড়োজাহাজ), সুদর্শন চন্দ্র শাহা ( বৈদ্যুতিক বাল্ব)।
নাগরপুরে ভাইস চেয়ারম্যান প্রার্থীদের গণসংযোগ
নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ টাঙ্গাইলের নাগরপুরে ২৩ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী পদে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, বিআরডিবির চেয়ারম্যান মোঃ হুমায়ন কবীর, নাগরপুর সরকারি কলেজের সাবেক ভিপি আওয়ামী লীগ নেতা মোঃ মোজাহিদুল ইসলাম মুছা, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের সমর্থিত প্রার্থী মোঃ ফারুক হোসেন খান ফারুক, শ্রমিক দলের সাধারণ সম্পাদক, নাগরপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ রফিজ উদ্দিন রফিজ ও বিএনপি নেতা নাগরপুর সরকারি কলেজের সাবেক জিএস মোঃ ফরিদুজ্জামান কোহিনুর উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
কলারোয়ায় আওয়ামী লীগের একক প্রার্থী
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ ২৩ মার্চ অনুষ্ঠিতব্য সাতক্ষীরা কলারোয়া উপজেলা পরিষদের নির্বাচনে একক প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ। কলারোয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহবায়ক ফিরোজ আহম্মেদ স্বপনকে চেয়ারম্যান, আমিনুল ইসলাম লাল্টু ভাইস চেয়ারম্যান ও সেলিনা আনোয়ার ময়নাকে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করেছে দলটি। কলারোয়া পাবলিক ইনস্টিটিউটে উপজেলা আওয়ামী লীগের কাউন্সিলরদের সরাসরি ভোটে নির্বাচিতদের সোমবার দলীয় প্রার্থী ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মহিদুল হক।
কচুয়ায় মনোনয়নপত্রের বৈধতা আবারো স্থগিত
কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা\ তৃতীয় দফায় ১৫ মার্চ উপজেলা নির্বাচনে কচুয়া উপজেলার চেয়ারম্যান প্রার্থী আইয়ুব আলী পাটোয়ারী মনোনয়নপত্রের বৈধতা আবারো স্থগিত ঘোষণা করেছে চেম্বার জজ।
প্রকাশ, যাচাই-বাছাইয়ে ঋণ খেলাপীর দায়ে বাতিল হয়ে যাওয়া মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেতে আইয়ুব আলী পাটোয়ারীর আপিল বিভাগে রিট করেন। ০৩ মার্চ রিটের শুনানি শেষে বিজ্ঞ বিচারক আইয়ুব আলী পাটোয়ারীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। এ রায়ের বিরুদ্ধে ৩য় পক্ষ অর্থাত্ কচুয়া উপজেলা নির্বাচনে অপর চেয়ারম্যান প্রার্থী মোঃ ইসহাক সিকদার চেম্বার জজের অনুমতি নিয়ে আবেদনপত্র (সিএমপি) দাখিল করেন। ০৪ মার্চ এ আবেদনের শুনানি শেষে চেম্বার জজের বিচারক হাসান ফয়েজ ছিদ্দিকী আইয়ুব আলী পাটোয়ারীর মনোনয়নপত্রে বৈধ ঘোষণার রায় ০৭ দিনের জন্য স্থগিত ঘোষণা করেন।
বানারীপাড়ায় বিএনপি চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা\ বানারীপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে বাছাইয়ে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়ে যাওয়ার এক সপ্তাহেও অপর দুই বিদ্রোহী প্রার্থীর মধ্য থেকে প্রার্থী চূড়ান্ত করতে না পারায় দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের মাঝে চরম হতাশার সৃষ্টি হয়েছে। ২৬ ফেব্রুয়ারি বাছাইতে হলফনামায় রাজস্ব ষ্ট্যাম্প না থাকায় বিএনপি সমর্থিত প্রার্থী উপজেলা বিএনপির সম্পাদক গোলাম মাহমুদ মাহাবুব মাষ্টারের প্রার্থীতা বাতিল হয়ে যায়। এরপর তিনি আপিল ও হাইকোর্টে রিট করেও প্রার্থীতা ফিরে না পাওয়ায় তার আশা ছেড়ে দেয় নেতা-কর্মীরা।
বড়াইগ্রাম ১৯ দলের একক প্রার্থী ঘোষণা
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা\ নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে উনিশ দলের একক প্রার্থী ঘোষণা করা হয়েছে। চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি অধ্যক্ষ একরামুল আলম, ভাইস চেয়ারম্যান পদে জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল হাকিম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা দলের সভানেত্রী হেলেনা পারভীনকে মনোনয়ন দেয়া হয়েছে। ফলে জোটের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উত্সাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার বনপাড়া ডিগ্রী কলেজ চত্বরে উপজেলা উনিশ দলীয় ঐক্যজোটের উদ্যোগে তৃণমূল প্রতিনিধি সভায় এ ঘোষণা দেয়া হয়। সভায় উপজেলা আহ্বায়ক অধ্যক্ষ একরামুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব আমিনুল হক।
নাঙ্গলকোটে চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ
নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা\ নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নাজমুল হাছান বাছির ভুঁইয়া (দোয়াত কলম) মঙ্গলবার নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন। উপজেলার ঢালুয়া, মৌকারা, রায়কোট, বাঙ্গড্ডা, পেরিয়া, আদ্রা, জোড্ডা, দৌলখাড়, বক্সগঞ্জ ইউনিয়নের গুরুত্বপূর্ণ হাট-বাজার ও বিশেষ স্থানে গণসংযোগ করে ভোটারদের সাথে দেখা করেছেন। চেয়ারম্যান প্রার্থী নাজমুল হাছান বাছির ভুঁইয়া বলেন, আমার বিরুদ্ধে একটি মহল বিভিন্নভাবে অপপ্রচার চালিয়ে ভোটারদের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে।
রামগতিতে ১০ জনের মনোনয়নপত্র দাখিল
রামগতি (লক্ষ্মিপুর) সংবাদদাতা\ লক্ষ্মীপুরের রামগতি উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন রবিবার বিভিন্ন পদে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল ওয়াহেদ (আ.লীগ), জেলা বিএনপি’র সহ-সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেন (১৯ দল), রামগতি পৌরসভার সাবেক মেয়র আজাদ উদ্দিন চৌধুরী, চর রমিজ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল। ভাইস চেয়ারম্যান পদে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র যুব পরিষদের রামগতি উপজেলা শাখার যুগ্ম-আহবায়ক মো. হান্নান হাওলাদার, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম দিদার (আ.লীগ), উপজেলা জামায়াতে ইসলামীর কর্মী আহাম্মদ উল্যাহ সেলিম (১৯ দল)। অপরদিকে, মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ কাজল, রামগতি পৌরসভার সাবেক কাউন্সিলর আপনুর বেগম স্বপ্না, চরগাজী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মর্জিনা বেগম।
নারায়ণগঞ্জে ইসলামী ঐক্যজোটের মতবিনিময়
নারায়ণগঞ্জ প্রতিনিধি\ নারায়ণগঞ্জ সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান প্রার্থিতা ঘোষণা নিয়ে মঙ্গলবার মতবিনিময় সভা করেছে ইসলামী ঐক্যজোট নারায়ণগঞ্জ জেলা শাখা। মঙ্গলবার শহরের জামতলা এলাকায় এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্যজোট কেন্দ ীয় কমিটির সহ-সভাপতি ও জমিয়তে ইসলামীর সভাপতি নূর হোসেন কাশেমী। জোটের নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি আবদুল কাদিরের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান, দেওভোগ মাদ্রাসার প্রিন্সিপাল আজিজল হক, খতিব হারুন অর রশিদ, ফতুল্লা ইমাম সমিতির সভাপতি কামালউদ্দিন, পাগলা তালতলা মাদ্রাসার মহিউদ্দিন, পঞ্চবটি মসজিদের মোজাম্মেল, বক্তাবলী পরাগনা ফরায়জী জামাতের মহাসচিব হাফেজ আতাউল হক সরকার, বক্তাবলী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার আরবী প্রভাষক মুফতি মোক্তার হোসেন, আনিস আনসারি প্রমুখ।
বাঘায় পুনরায় ভোট গণনার অবেদন
বাঘা (রাজশাহী) সংবাদদাতা \ রাজশাহীর বাঘা উপজেলা পরিষদ নির্বাচনের পাঁচ দিন পর পুনরায় ভোট গণনার আবেদন করেছেন এক প্রার্থী। ভাইস চেয়ারম্যান পদে মুখলেচুর রহমান মুকুল নামের ওই প্রার্থী ১০৮ ভোটে পরাজয়ের পর রাজশাহী জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসারের নিকট এ আবেদন করেন। ভোট গণনার সময় যে ভোট বাতিল করা হয়েছে, তা পুনরায় গণনা করা হলে, ফলাফল তার পক্ষে আসবে বলে তিনি আবেদনে উল্লেখ করেছেন। উপজেলা নির্বাচন অফিসার দুলাল হোসেন অভিযোগ পাওয়ার সত্যতা শিকার করে জানান, ২৭ ফেব্রুয়ারির নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী প্রার্থী মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি (প্রতীক টিয়া) পেয়েছেন ২৮ হাজার ৫২৯ ভোট। পক্ষান্তরে মুখলেচুর রহমান পেয়েছেন ২৮ হাজার ৪২১ ভোট। জেলা রিটার্নিং অফিসার সাইফুল ইসলাম জানান, এ সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করতে হবে।
ত্রিশাল আওয়ামী লীগের প্রার্থী নির্বাচনে ভোট
ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা \ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ময়মনসিংহের ত্রিশালে সোমবার রাতে আওয়ামী লীগের তৃণমূলের প্রার্থী নির্বাচন সম্পন্ন হয়েছে। তৃণমূলের ভোটিংয়ে চেয়ারম্যান প্রার্থী হিসাবে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মতিন সরকার নির্বাচিত হয়েছেন। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা লুত্ফুন্নাহার বিউ মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসাবে নির্বাচিত হয়েছেন।
পুঠিয়ায় চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ
পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা\ রাজশাহী পুঠিয়া উপজেলায় চতুর্থ উপজেলা চেয়ারম্যান নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আহসানুল হক মাসুদের গণসংযোগ কর্মী ছুরিকাহত হন। সোমবার রাতে আহত গণসংযোগ কর্মী ঝলমলিয়া গ্রামের জিল্লুর রহমানকে (৪০) রামেক হাসপাতালে ৬নং ওয়ার্ডে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিত্সাধীন জিল্লুর রহমান জানান, সোমবার রাতে স্থানীয় সংসদ সদস্য মোঃ আব্দুল ওয়াদুদের বাসভবনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের নিয়ে সমঝোতা সভা বসে। সভা শেষে রাতে তিনি দলীয় বিদ্রোহী দুই নেতার দ্বারা এমপির বাসভবনের সামনে ছুরিকাহত হন।
ফটিকছড়িতে আওয়ামী লীগের একক প্রার্থী
ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা\ আসন্ন উপজেলা নির্বাচনে ফটিকছড়িতে আওয়ামী লীগের একক প্রার্থী নির্বাচিত হয়েছেন এম.তৌহিদুল আলম। ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের ভোটে সর্বাধিক ভোট পেয়ে তিনি নির্বাচিত হন। তিনি মোট ভোট পেয়েছেন ১০৮। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন হুসাইন মো.আবু তৈয়ব। তিনি পেয়েছেন ৯৬ ভোট। উল্লেখ্য, আগামী ২৩ মার্চ ফটিকছড়ি উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ থেকে মোট ১০জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এরা হচ্ছেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আফতাব উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক এম.তৌহিদুল আলম, এমদাদুল ইসলাম চৌধুরী, অধ্যাপক মো.শওকত হোসেন, এস এম সোলায়মান, তসলিম বিন জহুর, এইচ এম আবু তৈয়ব, নাজিম উদ্দিন মুহুরী, সৈয়দ মো.বাকের, মো.রুস্তম আলী। এদিকে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে একক প্রার্থী দেবার ব্যাপারে এসব প্রার্থীদের নিয়ে গত ২৮ ফেব্রুয়ারি সমঝোতা বৈঠক বসে।
নেত্রকোনা সদরে চেয়ারম্যান প্রার্থীর অটোতে হামলা ও মাইক ভাংচুর
নেত্রকোনা প্রতিনিধি \ নেত্রকোনা সদর উপজেলার আমতলা ইউনিয়নের আমতলা বাজারে উপজেলা আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক ওমর ফারুকের প্রচারের জন্য ব্যবহূত অটো রিকশা এবং মাইক ভাংচুর করেছে স্থানীয় যুবলীগ নেতা-কর্মীরা। এব্যাপারে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের নিকট অভিযোগ দায়ের করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় আমতলা বাজারের ওমর ফারুকের পক্ষে প্রচার চালানোর সময় কালাম, মোশাররফ এবং ইমান আলী অটোতে হামলা চালায় এবং মাইক ভাংচুর করে।
চৌহালীতে ভাইস চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ
চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ সিরাজগঞ্জের চৌহালীতে ভাইস চেয়ারম্যান প্রার্থী মঞ্জুর রহমান মঞ্জু শিকদারের এলাকায় গণসংযোগ অব্যাহত রয়েছে। তিনি সর্বস্তরের মানুষের সাথে গণসংযোগ করে আগামী ২৩ মার্চের নির্বাচনে ভোট প্রার্থনা করেছেন। মঙ্গলবার উপজেলার বারবালা, মহেশপুর, এনায়েতপুর এলাকা গণসংযোগ করেন। এসময় সমাজ সেবক জয়েন উদ্দিন, হারান আলী, সুজাবত্ ব্যাপারী, ডাঃ মনি, কালাম শিকদারসহ তার শতাধিক সমর্থকরা অংশ নেন।
চৌদ্দগ্রামে ছাত্রদল ও জাপার সাথে চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ছাত্রদল ও জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন ১৯ দলীয় জোট সমর্থিত চেয়ারম্যান প্রার্থী কামরুল হুদা। গতকাল বুধবার উপজেলা ছাত্রদলের সেক্রেটারী আমিনুল ইসলাম ছুট্টুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি কাজী নাসিমুল হক, চেয়ারম্যান প্রার্থী কামরুল হুদা, ছাত্রদল সহ-সভাপতি আবুল হাসনাত জোবায়ের, মাঈন উদ্দিন মজুমদার, জাকির হোসেন, যুগ্ম সম্পাদক শামীম, ছাত্রদল নেতা বাবলু, মাসুম, রুপক, বেলাল।
তিতাস মনোনয়ন বঞ্চিতদের সমর্থন আদায়ে প্রার্থীরা মরিয়া
দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা \ মনোনয়ন বঞ্চিত নেতাদের পূর্ণ সমর্থন ও সহযোগিতা লাভে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন তিতাস উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীগণ। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বর্তমান চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার আওয়ামী লীগ মনোনয়ন বঞ্চিত নেতা মজিবুর রহমান মুন্সীর সহযোগিতা ও সমর্থনের জন্য প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন। একইভাবে বিএনপি সমর্থিত প্রার্থী সালাহউদ্দীন সরকার, মনোনয়ন বঞ্চিত ওসমান গণির সহযোগিতা ও সমর্থন লাভে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন।
জীবননগরে চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা
জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা \ জীবননগর উপজেলা নির্বাচনে জামায়াতে ইসলামী সমর্থিত একক উপজেলা চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক খলিলুর রহমান মঙ্গলবার জীবননগর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা আয়োজন করেন। মতবিনিময় সভায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে তিনি কি ধরনের উন্নয়ন কাজ হাতে নেবেন তার ফিরিস্তি তুলে ধরেন।
কাপ্তাইয়ে পুনঃ নির্বাচনের দাবিতে সড়ক অবরোধ
রাঙ্গামাটি প্রতিনিধি \ কাপ্তাই উপজেলা নির্বাচনে সহিংসতা, ভোট গণনাকালে ব্যালট পেপার ছিনতাই ও দুটি কেন্দ্রের ভোট কারচুপির অভিযোগ এনে দুটি কেন্দ্রের পুনঃনির্বাচনের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মোঃ মফিজুল হক। রাঙ্গামাটি জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদানের মাধ্যমে এই দাবি জানান। এ সময় রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ মুছা মাতব্বর, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোঃ মফিজুল হকসহ অন্য নেতাকর্মী।
সেনবাগে ভাইস চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ
সেনবাগ(নোয়াখালী)সংবাদাদাতা \ ১৫ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে নোয়াখালীর সেনবাগে ভাইস চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামী লীগের গোলাম কবির এলাকায় বিরামহীনভাবে গণসংযোগ করে যাচ্ছেন। তার নির্বাচনী প্রতীক ‘‘তালা’’। প্রতীক বরাদ্দের পর থেকে তিনি এলাকায় পুরোদমে নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন। সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি গোলাম কবির প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত সেনবাগ পৌরসভা ও উপজেলার অপর নয়টি ইউনিয়নের বিভিন্ন গ্রাম-গঞ্জ ও হাট-বাজারসহ মানুষের বাড়ি বাড়ি ব্যাপক গণসংযোগ করছেন।
হরিণাকুণ্ডে মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপি ও আওয়ামী লীগের প্রার্থীরা
হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) সংবাদদাতা \ ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা নির্বাচন ২৩ মার্চ। নির্বাচনকে সামনে রেখে বিএনপি উপজেলার এক প্রান্ত থেকে অপর প্রান্তে প্রতিদিন গভীর রাত পর্যন্ত তাদের নেতাকর্মীরা নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছে। অপরদিকে আওয়ামী লীগের প্রার্থী নিয়ে জটিলতার কারণে তৃণমূল নেতাকর্মীরা নির্বাচন থেকে মুখ সরিয়ে নিয়েছে। তাছাড়া আওয়ামী লীগের একটি বড় অংশ বর্তমান স্বতন্ত্র এমপি তাহজীব আলম সিদ্দিকীর সাথে রয়েছে এবং তার মনোনীত প্রার্থী হিসেবে মাঠে রয়েছে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত নেতা আফজাল হোসেন। কয়েকদিন যাবত্ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীর সাথে কথা বলে জানা গেছে উপজেলা নির্বাচনের প্রার্থী নিয়ে তারা সন্তুষ্ট হতে পারছে না। আওয়ামী লীগের নির্বাচনী মাঠে নেই দলের দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীরা।
ফুলবাড়ীয়ায় আচরণবিধি লংঘনের দায়ে দুই প্রার্থীর জরিমানা
ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) সংবাদদাতা \ ফুলবাড়ীয়া উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লংঘনের দায়ে দুই প্রার্থীর কাছ থেকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার বনানী বিশ্বাস। নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে মোটর সাইকেল শোডাউন ও একসাথে একাধিক মাইক ব্যবহার। ৪ মার্চ উপজেলা সদরের থানার সামনে চেয়ারম্যান প্রার্থী এস এম সাইফুজ্জামান (দোয়াত কলম) সিএনজিচালিত অটোরিকশায় পোস্টার লাগিয়ে নির্বাচনী প্রচারণা করার অপরাধে ৫ হাজার টাকা ও জামায়াত সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থী ফজলুল হক শামীম উপজেলার বাকতা বাজারে দেয়ালে আঠা দিয়ে নির্বাচনী পোস্টার লাগানোর অপরাধে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।