দলীয় ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচন
প্রকাশ : ০৬ মার্চ ২০১৪, ২০:৫১
বাংলাদেশে স্থানীয় নির্বাচন নির্দলীয় ভিত্তিতে করার বিধান থাকলেও তা সাম্প্রতিক সময়ে দলের প্রভাব ও প্রত্যক্ষ মদদে হচ্ছে এবং ফলাফল প্রকাশে দলীয় সমর্থিত প্রার্থীর নাম ঘোষণা করছে। এই যখন বাস্তবতা তখন জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচন দলীয় ভিত্তিতে হওয়া উচিত বলে মনে হলেও দেশ ও জাতীর জন্য ব্যাপক পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্থানীয় নির্বাচন নির্দলীয়ভাবে হলে সমাজের সত্ ও আদর্শবান প্রার্থীদের নির্বাচনের মাধ্যমে জনসেবার অন্তর্ভুক্ত করা যেত দলীয় বিবেচনাকে ঊর্ধ্বে রেখে। সমাজের নিবিড় বুননটাও সংরক্ষণ করা যেত। এমনিতেই বাংলাদেশের রাজনীতিতে নানাবিধ চেতনার আবির্ভাব হওয়ায় সমাজের স্থীতি, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের অপূরণীয় ক্ষতি হয়েছে। সকল বিষয়ে রাজনীতিকীকরণের মাধ্যমে সামাজিক অনুশাসনে দুর্ভিক্ষ ভর করেছে। ক্ষমতাশ্রয়ী ও দলবাজ যুব সমাজ এখন স্ব-স্ব দলের লেঠেল বাহিনীর ভূমিকায়, এই যখন অবস্থা তখন জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচন দলীয় ভিত্তিতে হওয়া উচিত কিনা তা এখন বড় জিজ্ঞাসা। সম্প্রতি সময়ে স্থানীয় উপজেলা নির্বাচন দুই ধাপে অনুষ্ঠিত হয়েছে জাল ভোট, ব্যালট ছিনতাই ও হতাহতের মধ্য দিয়ে। এই যদি হয় নির্দলীয়ভাবে অনুষ্ঠিত নির্বাচনের গতি-প্রকৃতি, তাহলে দলীয়ভাবে নির্বাচন অনুষ্ঠিত হলে কলিঙ্গ যুদ্ধের রূপ নেবে তা নিশ্চিত বলা যায়।
মুরাদ হোসেন
মধুখালী, ঝিকরগাছা, যশোর
বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। এটা বড় দলগুলোসহ অন্য দলগুলো অভিযোগ করে আসছে। কাজেই দলীয় ভিত্তিতে স্থানীয় নির্বাচন অযৌক্তিক বলে মনে করি।
ফারুক আলম,
মালিবাগ, ঢাকা
দলীয় সরকারের অধীনে কোন নির্বাচনই কারোরই কাম্য নয়। তার জন্য আগে প্রয়োজন রাজনৈতিক দলগুলোর একটি সমঝোতায় পৌঁছা। গণতান্ত্রিক সমাজের জন্য আগে প্রয়োজন রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা।
মোঃ মনির হোসেন,
মনির বুক এন্ড সংবাদপত্র বিক্রয় কেন্দ্র,
মিরপুর-১, ঢাকা
অনেক আগে এদেশে জাতীয় ও স্থানীয় নির্বাচনগুলো সুষ্ঠুভাবে হলেও এখনকার মতো এতাটা অনিয়ম, বিশৃঙ্খলা ছিল না। বর্তমানে যেসব নির্বাচন হচ্ছে বা আরো যে সমস্ত নির্বাচন হবে সেগুলোর প্রতি মানুষের জবাবদিহিতার সুখোমুখি হবে সরকার।
হারুন,
মিরপুর- ১১, ঢাকা
নির্বাচন পদ্ধতি স্থায়ী একটি কাঠামোর মধ্যে থাকা দরকার। তাহলে যে কোন রাজনৈতিক দল ও সাধারণ মানুষ সহজভাবে মেনে নেবে। অন্যদিকে যে কোন নির্বাচন নির্দলীয় বিষয়টি জোরদার করতে হবে। তাহলে সব ঠিকঠাক মত ফলাফল আসবে।
মোঃ সেলিম,
মহাখালী, ঢাকা
স্থানীয় সরকারের এই নির্বাচন সম্পূর্ণরূপে দল নিরপেক্ষতার প্রশ্ন বড় নয়। বাস্তবতা হলো রাজনৈতিকভাবে স্থানীয় সরকারকে শক্তিশালী ও গঠনমূলক করতে স্থানীয় সরকার নির্বাচন ও দলীয় হওয়া দরকার।
মিজান,
মোহাম্মদপুর, ঢাকা
সাধারণভাবে নির্বাচনের স্বচ্ছতা বিনষ্ট হলেই সংঘাতের আশঙ্কা বাড়ে। তার ওপর এবারের এই স্থানীয় সরকার নির্বাচন অনেকটাই রাজনৈতিক নির্বাচনে রূপ নিয়েছে। তাই এ জন্য নির্বাচন কমিশনকে তার নিরপেক্ষতা বজায় রেখে কঠোর পদক্ষেপ নিতে হবে।
জাহাঙ্গীর হোসাইন,
পীরেরবাগ, ঢাকা
উপজেলা পরিষদ নির্বাচন স্থানীয় সরকারের একটি নির্বাচন। কিন্তু এবার নির্বাচনে প্রার্থীরা রাজনৈতিক পরিচয়ে প্রার্থী রয়েছে। দুভাগ্যজনকভাবে দখলবাজি ও সহিংসতার ব্যাপারে নির্বাচন কমিশনও একেবারে নিশ্চুপ হয়ে পড়েছে। কাজেই আমরা এগুলো প্রত্যাশা করছি না।
মোঃ হানিফ মিয়া,
রিসোর্স ইন্ট্রিগ্রেশন সেন্টার (রিফ),
ধানমন্ডি, ঢাকা
ভোটের আগে, ভোটের দিন কিংবা ভোটের পরে কোথাও কোন প্রকার সহিংসতা বা নিপীড়নের ঘটনা যেন না ঘটে নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট প্রশাসনকে অবশ্যই তা নিশ্চিত করতে হবে।
নীলুফা আক্তার,
টোর বাগ, মিরপুর, ঢাকা
দেশের জনগণের সাথে সরকার ও সরকারের আইন, বিচার ও শাসন বিভাগের সরাসরি যোগাযোগ ও সম্পৃক্ততার জন্য ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ, সিটি করপোরেশন ও সংসদীয় প্রতিনিধি নির্বাচনের সাংবিধানিক ব্যবস্থা করা হয়েছে। তন্মধ্যে সংসদীয় প্রতিনিধি ছাড়া অন্য সকল নির্বাচন স্থানীয় সরকারের আওতাধীন করে সেগুলোকে সার্বজনীন করে রাখা হয়েছে। ফলে দলমত নির্বিশেষে যে কেউ নির্বাচিত হয়ে জনগণের সেবায় আত্মনিয়োগের অবাধ সুযোগ পেয়ে আসছে। কিন্তু কালক্রমে এই সকল স্থানীয় সরকার নির্বাচনগুলো দলীয় প্রভাবে চরমভাবে প্রভাবিত হওয়ায় সার্বজনীনতা লোপ পেতে বসেছে। এমনকি চরম বৈষম্যেরও শিকার হচ্ছে। প্রায়শঃ দেখা যায়, সরকার পরিচালনায় যে দল থাকে সেই দলভুক্ত নির্বাচিত স্থানীয় সরকার প্রতিনিধি না হলে উন্নয়নের বাজেট ও বরাদ্দ খুব একটা কপালে জোটে না। অপরদিকে দেখা যায়, স্থানীয় সংসদ প্রতিনিধিরা তাদের তৃণমূল অবস্থান পাকাপোক্ত করার জন্য নিজ নিজ এলাকার স্থানীয় সরকার প্রতিনিধি নির্বাচনে নিজেদের পছন্দশীল ব্যক্তিদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মনোনয়ন দিতে দৃঢ় সংকল্পবদ্ধ থাকেন। ফলে সময়ে সময়ে স্থানীয় কোন্দল প্রকট রূপ ধারণ করে।
ভুঁইয়া কিসলু বেগমগঞ্জী
সাধারণ সম্পাদক, ঢাকাস্থ বেগমগঞ্জ পেশাজীবী সমিতি
৫-বিসিসি রোড, নবাবপুর, ওয়ারী, ঢাকা-১২০৩
দলীয়ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচন কিংবা অন্য কোন নির্বাচন আমাদের কাম্য নয়। একজন সত্, যোগ্য, শিক্ষিত প্রার্থীকে ভোটাররা ভোট প্রয়োগ করবেন এটাই সত্য কথা। যেহেতু সেই যোগ্য ব্যক্তির কাছ থেকে অনেক কিছু আশা করা যায়।
মোস্তাফিজুর রহমান,
আরামবাগ, ঢাকা
স্থানীয় সরকার দলীয়, নির্দলীয় ও সুষ্ঠু হবে এটাই আমাদের একান্ত প্রত্যাশা।
শিশির,
আজিমপুর, ঢাকা
উপজেলা নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন হিসেবে খ্যাত। বাস্তবে কোন নির্বাচনই অদলীয় নয়। স্থানীয় সরকারের নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হয় না। স্থানীয় পর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ডের জন্য সাধারণ মানুষও নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করে থাকে।
লিটন, স্বপন,
কবিরহাট, নোয়াখালী
স্থানীয় উপজেলা নির্বাচনগুলো যথাসময়ে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে। আর এতে দলীয় মনোনয়নকে আওয়ামী লীগ, বিএনপি প্রার্থীরা বিজয়ী হচ্ছে। দলীয়ভাবে নির্বাচন করার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সংসদে বিল পাস করার জন্যে এ সংক্রান্ত সংসদে উপস্থাপনের কথা বলেছেন।
দলীয় প্রার্থীকে অবশ্যই সত্ ও আদর্শবান হতে হবে। অনুষ্ঠিত উপজেলা নির্বাচন এর মতই আগামীতে পৌরসভা, ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় চেয়ারম্যান প্রার্থীদের জয়যুক্ত করতে হবে। আমরা চাই জনগণের ভোটাধিকার জাতীয় স্থানীয় নির্বাচনগুলোই সম্বলিত থাকবে।
ফারুক আহমেদ,
বাগমারা, রাজশাহী
গত ৫ জানুয়ারি ২০১৪ ইং জাতীয় নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন ১৯ দল বর্জন করে। পরবর্তীতে উপজেলা নির্বাচনে অংশ নেয়ার কারণে নির্বাচনকে গুরুত্বের সাথে নিয়েছে আওয়ামী লীগ। প্রথম দুই ধাপে বিএনপি সমর্তিত প্রার্থীরা আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের থেকে এগিয়ে রয়েছে। কাজেই এখানে বুঝতে অসুবিধা হচ্ছে না যে দলীয়ভিত্তিতে নির্বাচন দরকার। এতে কোনরকম ভুল নেই।
এম,কে, মোঃ রমিজ উদ্দিন,
সাবেক ছাত্র নেতা,
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার
জাতীয় নির্বাচনের মতো স্থানীয় নির্বাচন যদি নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে পরিচালিত হয় তাহলে দলীয়ভিত্তিতে ও নির্দলীয় ভিত্তিতে হোক এটা গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়। এতে করে জনগণের কোন প্রকার অসুবিধা হওয়ার কথা নয়। কারণ ভোটাধিকার হলো একটা গণতান্ত্রিক রাষ্ট্রের জনগণের মৌলিক অধিকার। কাজেই এ ক্ষেত্রে কোন দল অংশগ্রহণ করল কি করল না তা আসে যায় না। মূলকথা হলো একটা রাষ্ট্রের উন্নয়নের জন্য সকলকেই জাতীয় নির্বাচন ও স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করা বা ভোটাধিকার প্রয়োগ করা একজন সুনাগরিকের একান্ত কর্তব্য বলে আমি মনে করি। আমরা আশা করছি মাননীয় সরকার প্রধান ও সংশ্লিষ্ট সকল মহল বিষয়টি বিবেচনায় রাখবেন এবং দেশে যাতে কোন রকম অঘটন বা বিশৃঙ্খলা না ঘটে এ বিষয়ে সুদৃষ্টি রাখতে হবে এবং বহিঃবিশ্বে যেন আমাদের এদেশের সুনাম অক্ষুণ্ন থাকে সে ব্যাপারে যত্নবান হবেন।
আলহাজ্ব হাফিজুল ইসলাম (চৌধুরী (হিফজু),
নজরুল ইসলাম,
হাউজিং ষ্টেট,
রাজশাহী-৬২০২
জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও কি দলীয়ভিত্তিতে হবে সেটাই দেশের জনগণ নির্ধারণ করবে। এর জন্য প্রয়োজন নির্বাচন কমিশনারকে সত্ ও যোগ্য প্রার্থীদের খুঁজে বের করা। অসত্ ব্যক্তি দলীয় বা নিরপেক্ষ হলেও গ্রহণযোগ্য নয়।
তুষার,
মালিবাগ, ঢাকা
দলীয়ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচন নয়। স্থানীয় সরকার নির্বাচন হতে হবে নির্দলীয় হিসাবে। সে বিষয়টি আমরা প্রত্যাশা করছি।
নার্গিস,
নতুন পল্টন লাইফ, ঢাকা
দলীয়ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচন আমরা চাই না। নির্বাচন হতে হবে নির্দলীয় নিরপেক্ষ ও সুষ্ঠু। এ বিষয়টি আমাদের এখন সবার।
স্বাধীন,
কাকরাইল, ঢাকা
জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচন দলীয় নয় চাই নির্দলীয়। দেশের এমন নির্বাচন দেশ ও জাতির জন্য ফলপ্রসূ হবে বলে আমি মনে করি।
মোস্তাফিজুর রহমান (মিঠু),
ফটোসাংবাদিক,
মহাখালী, ঢাকা
স্থানীয় সরকার নির্বাচন দলীয় নয় চাই অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষতার মাধ্যমে নির্দলীয় নির্বাচন। এ বিষয়টির প্রতি আমাদের মনোযোগী হতে হবে।
পারভীন সুলতানা,
ঝিনাইদহ
নির্বাচন যে কোন দেশের জন্য একটি অন্যতম মাধ্যম। যার মাধ্যমে দেশের কর্নধার অর্থাত্ দেশ পরিচালনা করবে। সুতরাং সে ব্যক্তিকে অবশ্যই সত্, যোগ্য, শিক্ষিত হতে হবে ও ভোট হতে হবে নির্দলীয়ভাবে। বিষয়টি সহজ। এটাকে কঠিন করার কোন অর্থ নেই। সাধারণ মানুষ চায় সেবা ও শান্তি।
হান,
মিরপুর, ঢাকা
স্থানীয় সরকার নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের মতো হওয়া ঠিক নয়। তাছাড়া স্থানীয় সরকার নির্বাচন কিভাবে হবে তা উল্লেখ করা আছে সংবিধানে। তাই স্থানীয় সরকার নির্বাচনকে দলীয়ভিত্তির হওয়া কারো কাম্য নয়।
আফরোজা পারভীন,
ভালুকা বাজার,
ভালুকা, ময়মনসিংহ
অতঃপর আমাদের দেশের বর্তমান যে রাজনৈতিক সংস্কৃতি সরকার যা ভাল মনে করে করছে বিরোধী দল সেটাকে নিয়েই আন্দোলন সংগ্রাম করে থাকে। (যখন যে দল বিরোধী দলে থাকে) বর্তমান সংবিধান নির্বাচন কাঠামোতে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় সংসদের মতো দলীয়ভিত্তিতে নয়। ব্যক্তি ইমেজের উপর নির্ভরশীল। কিন্তু বাস্তবতায় দেখা যায় ভিন্ন রূপ। স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী মনোনয়ন দেয়া থেকে শুরু করে নির্বাচন সম্পন্ন করা পর্যন্ত দলীয় ব্যানারেই কার্যক্রম চালিয়ে থাকে। বিধান নির্বাচন কমিশনের নিয়ম-নীতি ও প্রার্থীদের কার্যক্রম সম্পূর্ণভাবে সাংঘর্ষিক। শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা রেখে দেশকে সংঘাত সহিংসতা চিরতরে অবসানের লক্ষ্যে সকল রাজনৈতিক দলের আলোচনার মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের মতো রাজনৈতিক দলের ব্যানারে করা যায় কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত নেয়া উচিত।
মনজু খন্দকার,
চুয়াডাঙ্গা
দলীয়ভিত্তিতে নির্বাচন হওয়া উচিত। এমনিতেই দলীয় নেতারা এই নির্বাচনে অহেতুক হস্তক্ষেপ করে থাকে। তাই দলীয়ভিত্তিতে হওয়াই উত্তম।
নবী আলম,
খালিয়াজুরি, নেত্রকোনা
দলীয়ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচন হওয়াটা ঠিক নয়। এতে করে ভালো লোকের নির্বাচন ও কর্মকান্ডের প্রতিফলন ঘটে না।
আলম,
সেগুনবাগিচা, ঢাকা
জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও দলীয়ভিত্তিতে হওয়াটা মেনে নেয়া যায় না। সেহেতু, এদেশ স্বাধীন দেশ। এদেশ হচ্ছে সার্বভৌমত্বে দেশ। সুতরাং, এখানে কেন দলীয়ভিত্তিতে নির্বাচন হবে?
আতিকুর রহমান,
রূপনগর আ/এলাকা, ঢাকা
জাতীয় নির্বাচন হয় দলীয়ভিত্তিতে। সুতরাং, দলীয়ভিত্তিতেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হওয়া বাঞ্ছনীয়। দেশের সরকার প্রধান হতে শুরু করে যে কোন প্রতিষ্ঠানের প্রধান যদি সত্ এবং কর্মঠ হয় তবে যে কোন নির্বাচনের পদ্ধতি জাতীয় আর স্থানীয় উন্নয়নে কোন বাধার সৃষ্টির কারণ হয়ে দাঁড়াবে না। জাতীয় আর স্থানীয় উন্নয়ন মুখ থুবরে পড়ে অসত্ জনপ্রতিনিধিদের লুটপাটের কারণে। নির্বাচনের পদ্ধতিগত কারণে নয়।
মো. লুত্ফুর রহমান,
এ্যালিফ্যান্ট রোড, ঢাকা
গণতান্ত্রিক রাষ্ট্রে সকল নির্বাচনী সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনারের মাধ্যমে হয়ে থাকে। সংবিধানের নির্বাচনের মূলমন্ত্র। এখন নির্বাচন দলীয় কিংবা নির্দলীয় বা স্বতন্ত্র যেভাবেই হোক নির্বাচন স্বচ্ছ ও অহিংস গ্রহণযোগ্য হয়। দলের প্রার্থীর যোগ্যতাই ভোটারদের দেখা উচিত। সত্, ভদ্র, শিক্ষিত, মার্জিত, সুশাসনে পারদর্শী, অর্থনৈতিক উন্নয়নে যোগ্যতা, গণতন্ত্রের মূল্যবোধের অধিকারী, জনদরদী ব্যক্তিদেরই ভোটারগণ ভোট দেবে এটাই ধ্রব সত্য। দলীয় ও নির্দলীয় স্বতন্ত্র কোন বিষয় নয় তবে স্থানীয় বসবাসী প্রার্থীদের ভোটারদের ভোটে জয়যুক্ত করা উচিত।
শহরে থেকে গ্রামে সেবা করা সম্ভব নয়। এতে করে উন্নয়নের কাজে বাধা পড়ে। নিজের দায়িত্ব স্থানীয়ভাবে বসবাস করলেই উপলদ্ধি করতে সক্ষম হবে বলে আমি মনে করি। আমাদের নির্বাচিত ব্যক্তি সে দেশের ও দশের জন্য কাজ করে জনগণের শান্তি রক্ষা করবে এটাই বড় কথা।
আশা এলিজাবেথ গোমেজ,
প্রধান শিক্ষিকা,
সেন্টমার্টিনস কিন্ডার গার্ডেন, লক্ষ্মীবাজার, ঢাকা
স্থানীয় সরকার নির্বাচন কোনভাবেই দলীয়ভিত্তিতে হওয়াটা সমীচীন নয়। এটা নিয়ে বহু আলোচনা যদিও চলছে তবে বাস্তবায়ন না হওয়াটা শুভলক্ষণ।
বিপ্লব আলম,
উর্দু রোড, লালবাগ, ঢাকা
জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচন হবে না বলে আমাদের বিশ্বাস। আমরা চাই না স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোন রকম প্রহসন করা হোক। সাধারণ মানুষ যাতে তাদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন দেখতে পায় সেটাই আশা করছি।
জাহিদ হোসেন,
গ্রীন রোড, ঢাকা
দলীয়ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচন এটি বর্তমান সরকারের আত্মঘাতী সিদ্ধান্ত। কারণ স্থানীয় সরকার ব্যবস্থা যখন শুরু হয়েছিল তখন এটি সবার কাছে গ্রহণযোগ্য ছিল। বর্তমানে বৃহত্ রাজনৈতিক দলগুলো তাদের মনোনয়ন বাণিজ্য করার জন্য স্থানীয় সরকার বিভাগকে ধ্বংসের পাঁয়তারা করছে। রাজনীতি এখন এমনিতেই ব্যবসায়ী, আমলা, কালো টাকার মালিক এদের নিয়ন্ত্রণে। স্থানীয় সরকার নির্বাচন কখনই দলীয় ভিত্তিতে হওয়া উচিত নয়। অন্যদিকে বর্তমান নির্বাচন কমিশনকে ভবিষ্যতে এর জন্য জবাবদিহি করতে হবে।
মোঃ আব্দুল মজিদ সর্দার,
নির্বাহী পরিচালক,
ভিলেজ ডেভেলপমেন্ট প্রোগ্রাম সোসাইটি,
বাঙাল পাড়া, শাহজাদপুর, সিরাজগঞ্জ
জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও দলীয় ভিত্তিতে না হওয়াটাই দরকার। এতে করে পরিবেশ ও পরিস্থিতির অন্যরকম সৃষ্টি হবে। ফলে আর কোন কিছুর সাথে পরিমাপ করা যাবে না।
মাসুম আহম্মেদ,
শিকড়ের সন্ধানে, যাত্রাবাড়ী, ঢাকা
জাতীয় নির্বাচনের মতো স্থানীয় নির্বাচন আমরা আশা করি না। এতে করে সম্পূর্ণ ভিত্তিটাই নষ্ট হয়ে যেতে পারে।
আইরিন সুলতানা (মন্জু),
ধুপপুর, মাইজপাড়া, চট্টগ্রাম
জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচন কোনভাবেই দলীয় হওয়া ঠিক হবে না। এতে করে সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা কোন পক্ষেই সম্ভব নয়। তাই নির্বাচন হতে হবে সম্পূর্ণ নির্দলীয়ভাবে।
মোঃ খায়রুল ইসলাম (ফুল),
আরাপপুর, ঝিনাইদহ
জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচন কোনভাবেই দলীয়ভিত্তির অধীনে হওয়াটা ঠিক নয়। স্থানীয় সরকার নির্বাচন রাজনৈতিক অধীনেই হওয়াটাই ভালো।
সোহাগ
ভাগলপুর লেন, নবাবগঞ্জ, ঢাকা
স্থানীয় সরকার নির্বাচন রাজনৈতিকভাবে হওয়াই বাঞ্ছনীয়। তা না হলে গরীব, সত্ ও জনদরদী মানুষ রাজনৈতিক কারণে নির্বাচনে আসতে চাইবে না। স্থানীয় সরকার নির্বাচন রাজনৈতিকভাবে হলে স্থানীয়ভাবে বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে।
মোঃ কবিরুল আজাদ,
বনকাশাইর কসবা, বি বাড়িয়া
উপজেলা নির্বাচন বলতেই বলা যায় স্থানীয় সরকার। আর এই নির্বাচন যদি দলীয়ভিত্তিতে হয় তাহলে মানুষের অবস্থা অনেক অসহায় হয়ে পড়বে। তাদের দুঃখ অবর্ণনীয়ভাবে দেখা দেবে। কাজেই আমরা মনে করি জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচন না হওয়াটাই উত্তম।
মোঃ শহীদুল ইসলাম (রয়েল),
নিশিন্দারা, মধ্যপাড়া, বগুড়া
থাইল্যান্ডের রাজনীতির দিকে আমাদের পর্যবেক্ষণ করতে হবে। যেহেতু সেখানেও সরকার ও বিরোধী আন্দোলনকারীরা প্রধানমন্ত্রী ইংলাক মিনাওয়ালার পদত্যাগের দাবিতে জানুয়ারি মাস থেকে বিক্ষোভ আন্দোলন করে আসছিল। অবশেষে সেখানে নির্বাচন হয়েছে গত ২রা ফেব্রুয়ারি। যদিও তাদের রাজনীতি আমাদের রাজনীতির মধ্যে পার্থক্য রয়েছে। কাজেই আমরা মনে করি যে কোন নির্বাচনই দলীয়ভিত্তিতে না হওয়াই শ্রেয়।
মোঃ খায়রুল বাশার (চয়ন),
কুতুবখালি, যাত্রাবাড়ি, ঢাকা
ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি করপোরেশনের নির্বাচন দলীয়ভাবে না হওয়াটাই উত্তম। এতে করে নির্বাচনের মানের উপর জোরালো থাকে।
শাহীন,
ডিওএইচএস,
মহাখালি, ঢাকা
নব্বইয়ের স্বৈরাচারমুক্ত আন্দোলনের পর এদেশে জাতীয় ও স্থানীয় নির্বাচনগুলো পর্যায়ক্রমে শৃঙ্খলার মধ্যে আসছিল। আন্তর্জাতিক মহলে সেটা অনেকটা প্রশংসাও হয়েছিল। কিন্তু অনুষ্ঠেয় উপজেলা নির্বাচনের সেই ভাবমূর্তি কিছুটা হলেও ক্ষতি হয়েছে। এটা সবচেয়ে বড় প্রশ্নের মুখোমুখি সরকারকেই হতে হবে। সুতরাং, এতকিছুর পরেও যেকোনোভাবেই স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়া বাঞ্ছনীয়।
লাড্লা,
পিলখানা, ঢাকা
আমরা মনে করি নির্বাচন পদ্ধতি একটি স্থায়ী ব্যবস্থা গড়ে ওঠা একান্ত প্রয়োজন। যেখানে সবদল ও ব্যক্তি নিরাপদ বোধ করবে। সরকার ও প্রশাসন কোনরকম সুযোগ পাবে না। নির্বাচন কমিশন তার সাংবিধানিক দায়িত্ব ন্যায়সঙ্গতভাবে পালন করতে পারবে।
হাসান মোহাম্মদ হোসাইন চৌধুরী,
কবিরহাট, নোয়াখালী
স্থানীয় প্রশাসন বলতে আশরা উপজেলা প্রশাসনকেই বেশি মূল্যায়ন করে থাকি। এই উপজেলায় দলীয়ভিত্তিক নির্বাচন হবে নাকী নিরপেক্ষ নির্দলীয় নির্বাচন হবে এটা এখন একটা জাতীয় প্রশ্ন। আমরা চাই উপজেলা নির্বাচন দলীয় সমর্থনে না হওয়াই উত্তম। কারণ আমাদের সংসদ সদস্যগণতো দলীয় নির্বাচন করেই নির্বাচিত হন। সে ক্ষেত্রে দলীয় মনোভাবের ঊর্ধ্বে একটা স্থানীয় নির্বাচন থাকা যৌক্তিক মনে করি।
দলীয় গন্ডির ভিতরে মানুষ দলের আওতায় সেবার কাজকর্ম বেশি পরিচালনা করে। সেই দলীয় মোড়কের বাহিরে উপজেলা নির্বাচনে নির্বাচিত সদস্যগণ উদার মনোভাবের হবেন বলে মনে করি।
ওয়াহিদ মুরাদ,
স্বরূপকাঠি, পিরোজপুর
দুই দফায় ২১২টি উপজেলায় নির্বাচন হয়েছে। প্রথম দফায় নির্বাচনে সহিংসতা কম ও সহনীয় পর্যায় ছিল কিন্তু দ্বিতীয় ধাপে সহিংসতা হয়ে পড়ে বেশি। সংঘর্ষ, মৃত্যু, কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাইসহ অনেক অনিয়ম ঘটেছে। এই অনিয়মের ধারাবাহিকতা পরবর্তী ধাপের নির্বাচনগুলোতে যাতে না হয় যে বিষয়টিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি।
মুন্সী মোহাম্মদ ওয়াহীদউল্লাহ,
প্রধান সড়ক ফেনী
“রাজায় রাজায় যুদ্ধ হয় উলুখাগড়ার প্রাণ যায়” উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান অবস্থা হয়েছে- এমন প্রবাদের মতো। ব্যক্তি স্বার্থের বা দলীয় নির্বাচনের মধ্যে কোন নৈতিকতা নেই।
ভুল প্রার্থী নির্ধারণ ও বিদ্রোহী প্রার্থীদের বিরত রাখতে না পারার কারণে উপজেলা নির্বাচনের প্রথম ধাপে সুবিধা করতে পেরেছে বিএনপি।
আগামী ১৫ই মার্চ তৃতীয় ধাপে ৮৩ উপজেলার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আমরা আশা করছি এখানেও একই ধরনের ফল হতে হবে। তাই আমরা আশা করছি জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও দলীয় না হোক।
বজলুল করিম,
রিসোর্স ইন্ট্রিগ্রেশন সেন্টার (রিক), ঢাকা
গত ৫ জানুয়ারি ২০১৪ইং জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলের বৃহত্ দল বিএনপি অংশ নেয়নি। পরবর্তীতে উপজেলা নির্বাচনে তারা অংশগ্রহণ করে। ফলে বর্তমান সরকার এ নির্বাচনকে আমলে নেন। কাজেই বোঝা যায় দলীয়ভিত্তিতে নির্বাচন হওয়াটা কোন যুক্তিযুক্ত নয়।
বাদশা মিয়া,
ফকিরাপুল, ঢাকা
জাতীয় নির্বাচন দলীয়ভাবেই হওয়ার বিধান আছে। স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে হওয়ার কোন বিধান নেই। কিন্তু বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় ভিত্তিতেই হয়ে আসছে। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থী দিয়ে নির্বাচন হওয়া মোটেই উচিত নয়। কারণ এতে যোগ্য ব্যক্তিকে ডিঙ্গিয়ে অযোগ্য ব্যক্তিকে জনগণের ভোটের দাবিদার হয়ে দাঁড়ায়। সুতরাং, স্থানীয় সরকার নির্বাচনকে দলীয় প্রভাবমুক্ত রাখাই উচিত। এতে জনগণ একজন গ্রহণযোগ্য ব্যক্তিকে তাদের প্রতিনিধি বানাতে পারে। এক্ষেত্রে দলীয়ভিত্তিতে নির্বাচন হলে জনগণ তাদের মনোনীত ব্যক্তিকে প্রতিনিধি বানাতে পারে না। তাই বাংলাদেশের রাজনীতি এখন দলীয়ভিত্তিক হওয়ায় তাই সব নির্বাচনকেই দলীয়করণ করা হয়েছে। এ থেকে জাতিকে বেড়িয়ে আসতে হবে।
শাহ্ মো. হেলালউদ্দিন হিরু,
কালিহাতী, টাঙ্গাইল
সংবিধানে স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়ভাবে হবার কথা থাকলেও দলীয় নিয়ন্ত্রণে স্থানীয় সরকার নির্বাচন পরিচালিত হয়। এমনটাই আমরা দেখে আসছি। দলীয় নিয়ন্ত্রণে নেতৃত্বদানের সুযোগ সংকোচিত হয়। প্রার্থীরা দলসমূহের আজ্ঞাবহ দাসে পরিণত হয়। মনোনয়ন বেচাকেনা হয়। পেশীশক্তি দ্বারা নির্বাচন প্রভাবিত হবার সম্ভাবনা বেড়ে যায়। তাই সত্ ও যোগ্য নেতৃত্বের বিকাশের স্বার্থে অবশ্যই নির্দলীয় কাঠামোতে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা করা প্রয়োজন।
মো. ফখরুল ইসলাম টিপু,
সেনবাগ, নোয়াখালী
স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের মতো হওয়া উচিত। তা না হলে স্থানীয়ভাবে উন্নয়ন ঠিকমতো হবে না। অনেক বাধা আসতে পারে উন্নয়নের ক্ষেত্রে। তাই যদি দলীয়ভাবে হয় তাহলে সে বাধাটা আর আসবে না।
জসিম উদ্দিন,
পুরান থানা, কিশোরগঞ্জ