নির্বাচনী প্রচারণায় মুখরিত দামুড়হুদা
চুয়াডাঙ্গা প্রতিনিধি ও দামুড়হুদা সংবাদদাতা
প্রকাশ : ০৬ মার্চ ২০১৪, ২১:০৫
আগামী ১৫ মার্চ নির্বাচনকে ঘিরে প্রচার-প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে সমগ্র দামুড়হুদা উপজেলা । উপজেলার সকল গ্রাম, পাড়া-মহলা ও হাট-বাজারসমূহে সৃষ্টি হয়েছে নির্বাচনী আমেজ। ভোর থেকে শুরু করে গভীর রাত্রি অবধি উপজেলার সর্বত্রই নারী-পুরুষ নির্বিশেষে ভোটারদের মধ্যে চলছে প্রার্থী যোগ্যতা ও গুণাগুণ নিয়ে চুলচেরা বিচার-বিশ্লেষণ। ভোট জল্পনা-কল্পনা, এ সংক্রান্ত আলোচনা-সমালোচনা ও আলাপচারিতায় জমজমাট পরিবেশ সৃষ্টি হয়েছে উপজেলার সকল চা-রেস্তোরাঁ, খাবার হোটেল ও গ্রাম-গঞ্জের সকল মন্ডল-মাতব্বরের বাড়ি ও বৈঠকখানা। এই উপজেলায় চূড়ান্ত চেয়ারম্যান প্রার্থী রয়েছেন ৫ জন। এরা হলেন: বর্তমান চেয়ারম্যান জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাপ-পিরিচ প্রতীকে আজাদুল ইসলাম আজাদ, বিএনপি সমর্থিত সাবেক উপজেলা চেয়ারম্যান দোয়াত-কলম প্রতীকের ফজলুর রহমান, বিএনপি সমর্থিত সাবেক উপজেলা চেয়ারম্যান লিয়াকত আলী শাহ্, ঘোড়া বিএনপি সমর্থিত এজাজুল হক মিরাজ (আনারস) নিবন্ধন বাতিলকৃত একটি দল সমর্থিত প্রার্থী মোটর সাইকেল প্রতীকের মাও.আজিজুর রহমান। ভাইস চেয়ারম্যান পুরুষ পদে লড়ছেন ৪ জন চূড়ান্ত প্রার্থী। এরা হলেন:আওয়ামী লীগ শহীদুল ইসলাম (চশমা), বিএনপি সমর্থিত প্রভাষক আবুল হাশেম (তালা) বিএনপি সমর্থিত (টিয়াপাখি) প্রতীকের হাবিবুর রহমান বুলেট ও নিবন্ধন বাতিলকৃত একটি দল সমর্থিত (টিউব অয়েল) প্রতীকের মাও.আব্দুল কাদের। ভাইস চেয়ারম্যান মহিলা পদে প্রার্থীরা হলেন:আওয়ামী লীগ সমর্থিত রওশন আরা লাইলী ও বিএনপি সমর্থিত সালমা জাহান পারুল (হাঁস)।