ফুলগাজীতে দুুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলাগুলি
ছাগলনাইয়া (ফেনী) সংবাদদাতা
প্রকাশ : ০৬ মার্চ ২০১৪, ২১:০৫
ফেনীর ফুলগাজী উপজেলার দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে গজারিয়া নামক এলাকায় বুধবার গোলাগুলি হয়। এসময় ২ জনকে কুপিয়ে আহত এবং ১ জনকে অপহরণ করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মিনার চৌধুরী আমজাদ হাট ইউনিয়নে গণসংযোগ শেষে ফেরার পথে গজারিয়া এলাকায় পৌঁছলে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী একরামুল হক একরামের সমর্থকরা রাস্তায় গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে, বোমা ফাটিয়ে আতংক সৃষ্টি করে এবং শামীম ও সোহেল নামের ২জনকে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। মিনার চৌধুরী গাড়ি থেকে নেমে পাল্টা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। এই ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ বিএনপির নেতাকর্মীরা ফুলগাজী সড়কের মুন্সির হাটে ব্যারিকেড দিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। পরে তারা সড়কের ব্যারিকেড সরিয়ে নেয়। এই ঘটনাকে কেন্দ্র করে পুরো উপজেলায় উত্তেজনা বিরাজ করছে। ফুলগাজী থানার ওসি নিজাম উদ্দিন মোহাম্মদ বলেন, মিনার চৌধুরীর গণসংযোগে হামলার অভিযোগ পেয়েছি তবে তদন্তে ঘটনার সত্যতা পাওয়া যায়নি।