কুমিল্লায় বিদ্রোহীদের কারণে বড় দু’দল বেকায়দায়

কুমিল্লার ৬ উপজেলায় চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থীদের কারণে বেকায়দায় রয়েছে বড় দু’দল আওয়ামী লীগ ও বিএনপি। এসব উপজেলায় আওয়ামী লীগের ১২ জন ও বিএনপির ৮ প্রার্থী বিরামহীন প্রচার-প্রচারণা ও গণসংযোগ অব্যাহত রেখেছেন। এ নির্বাচনে জেলার দু’টি উপজেলায় আওয়ামী লীগের একক প্রার্থী থাকলেও অপর চারটি উপজেলায় রয়েছে বিএনপির একক প্রার্থী। এদিকে দলীয় প্রধানের নির্দেশ উপেক্ষা করে জেলার চৌদ্দগ্রাম ও তিতাস উপজেলা ছাড়া অপর ৪ উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছেন। এতে আগামী ১৫ মার্চের নির্বাচনে জেলার এসব উপজেলায় বিএনপি সুবিধাজনক অবস্থানে রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট এলাকার সাধারণ ভোটাররা। ব্রাহ্মণপাড়ার আ.লীগ থেকে দলীয় প্রার্থী রয়েছেন সাধারণ সম্পাদক বর্তমান উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর খান চৌধুরী। এ উপজেলায় আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জসিমউদ্দিন ও সদস্য আবু তাহের চেয়ারম্যান পদে লড়ছেন। এখানে বিএনপি’র একক প্রার্থী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সামছুল আলম। বুড়িচংয়ে চেয়ারম্যান পদে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক বর্তমান উপজেলা চেয়ারম্যান সাজ্জাদ হোসেন ও উপজেলা আ.লীগের সহ-সভাপতি আখলাক হায়দার প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে ওই দু’প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে নির্বাচনকে কেন্দ্র করে একাধিকবার ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ, নির্বাচনী অফিস ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এখানে চেয়ারম্যান পদে বিএনপির একক প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি মিজানুর রহমান। চৌদ্দগ্রামে আ.লীগের একক প্রার্থী উপজেলা আ.লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আবদুস সোবহান ভূঁইয়া হাসান। এখানে বিএনপির ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন কেন্দ্রীয় যুবদলের সদস্য ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক কামরুল হুদা এবং বিদ্রোহী প্রার্থী উপজেলা বিএনপির সহ-সভাপতি ইমাম উদ্দিন মজুমদার শহিদ। নাঙ্গলকোটে আ.লীগের প্রার্থী হিসেবে আছেন পৌর মেয়র সামছুদ্দিন কালু। দলের বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন নাজমুল হাসান বাছির। এখানে বিএনপি’র একক প্রার্থী নজির আহম্মদ ভূঁইয়া। হোমনায় চেয়ারম্যান পদে রেহানা মজিদকে আওয়ামী লীগ দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা দেয়া হয়। ওই উপজেলায় আওয়ামী লীগে বিদ্রোহী প্রার্থী রয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান হাজী রুস্তম আলম স্বপন ও মো. শহিদ উল্লাহ। এখানে বিএনপির একক প্রার্থী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. আজিজুর রহমান মোল্লা। তিতাসে আওয়ামী লীগের একক প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে বিএনপির প্রার্থী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন সরকার। এখানে বিএনপিতে বিদ্রোহী প্রার্থী হিসেবে রয়েছেন নুরুন নাহার পারভীন।