নির্বাচনী টুকরো খবর
প্রকাশ : ০৬ মার্চ ২০১৪, ২১:০৬
তালায় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা \ আগামী ৩১ মার্চ তালা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ের কাজ বুধবার বিকালে সম্পন্ন হয়। বাছাইয়ে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মমতাজ বেগমের মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করা হয়। এর ফলে তালা উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণের যোগ্য বলে ঘোষণা করা হয়। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
মনোনয়ন বাতিলের দাবিতে নালিতাবাড়ীতে বিক্ষোভ মিছিল
নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা \ নালিতাবাড়ী উপজেলা বিএনপি’র চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে মনোনয়ন বঞ্চিত প্রার্থী ও তার সমর্থকরা। বুধবার সন্ধ্যায় নালিতাবাড়ী শহরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। নালিতাবাড়ীর একক প্রার্থী বাছাই উপলক্ষে নির্বাচন পরিচালনা কমিটির ১৯ সদস্য, সকল অঙ্গসংগঠন, শহর ও উপজেলা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকদেরও সাক্ষাত্কার গ্রহণ করা হয়। পরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আশরাফ আলীকে চেয়ারম্যান ও পৌর বিএনপির সদস্য হাবিবুর রহমান লিটনকে ভাইস চেয়ারম্যান মনোনীত করে একটি পত্র পাঠানো হয়। এরপরই বিক্ষোভ ছড়িয়ে পড়ে বঞ্চিত প্রার্থী সমর্থকদের মধ্যে। এই নিয়ে বুধবার সন্ধ্যায় চেয়ারম্যান প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি নূরুল আমীন, ফজলুর রহমান তারা, নন্নী ইউপি চেয়ারম্যান মুখলেছুর রহমান রিপন ও ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম বুলবুলের সমর্থকরা প্রহসনের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ করে।
দিনাজপুরে ৪৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ
স্টাফ রিপোর্টার, দিনাজপুর \ গত বুধবার যাচাই-বাছাই করে দিনাজপুরে ৩টি উপজেলা বিরল, পার্বতীপুর ও হাকিমপুরের ৪৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চেয়ারম্যান পদে ২০ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১১ জন প্রার্থী রয়েছেন। এর মধ্যে বিরল উপজেলায় চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন, পার্বতীপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন এবং হাকিমপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
চান্দিনায় আওয়ামী লীগ প্রার্থীদের মতবিনিময়
চান্দিনা ও বুড়িচং (কুমিল্ল¬া) সংবাদদাতা \ কুমিল্লার চান্দিনায় আওয়ামী লীগ প্রার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার বিকালে কেরনখাল ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ মতবিনিময় সভা হয়। কেরনখাল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব হারুনুর রশিদ চেয়ারম্যানের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি মোনতাকিম আশরাফ টিটু। অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগ উপদেষ্টামণ্ডলীর সদস্য শামছুল আলম চেয়ারম্যান, সহ-সভাপতি অধ্যাপক শ্রীধর বণিক, সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান (দুলু মাস্টার), কাজী গোলাম দস্তগীর পাপন, প্রচার সম্পাদক মোসলেহউদ্দিন, উপজেলা মহিলা আওয়ামী লীগ সহ-সভাপতি নাজমা আক্তার চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রোকন উদ্দিন ভূঁইয়া, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অধ্যাপক কামরুল হাসান ভূঁইয়া, উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ সদস্য আজগর আলী প্রমুখ।
বড়লেখায় চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ
বড়লেখা (মৌলভীবাজার) থেকে \ বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে নাগরিক কমিটি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী এমাদুল ইসলাম বিভিন্ন স্থানে নির্বাচনী গণসংযোগ করছেন। পৌরসভার সকল ওয়ার্ড, উত্তর শাহবাজপুর, দক্ষিণ শাহবাজপুুর, দক্ষিণভাগ, সুজানগর, বার্নি, দাসের বাজার এবং তালিমপুর ইউনিয়নের অধিকাংশ ওয়ার্ডে তিনি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবক ও ছাত্রদের সাথে মতবিনিময় করেন। গণসংযোগকালে সর্বস্তরের জনসাধারণের সমর্থন, ভোট ও দোয়া চেয়ে তিনি বলেন-শাসক হতে নয়, সবার ন্যায্য অধিকার আদায় এবং সর্বস্তরের মানুষের পক্ষে কাজ করার জন্য নির্বাচনের প্রার্থী হয়েছি। দল কিংবা গোষ্ঠী নয় স্থানীয় উন্নয়ন এবং দক্ষতা বিবেচনা করে প্রার্থীদের ভোট দেয়া উচিত।
গৌরীপুরে বিএনপি’র দুই প্রার্থীর জরিমানা
গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের গৌরীপুরে আচরণবিধি লংঘনের দায়ে মঙ্গলবার বিএনপি’র দুই প্রার্থীকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম আলী বেগ দু’হাজার টাকা করে চার হাজার টাকা জরিমানার আদেশ দেন। নির্বাচন কর্মকর্তা একেএম মুসা জানান, চেয়ারম্যান প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান হিরণও দোয়াত-কলম প্রতীকের অতিরিক্ত নির্বাচনী ক্যাম্প করার দায়ে দুই হাজার টাকা জরিমানার আদেশ দেন। একই দিনে মকবুল হোসেন খানের ঘোড়া প্রতীকের জীবন্ত ঘোড়া নিয়ে শো-ডাউনের দায়ে নির্বাচন আচরণ বিধি লংঘনে দুই হাজার টাকা জরিমানার আদেশ দেন।
কালিয়াকৈরে বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী
কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা \ আগামী ২৩ মার্চ অনুষ্ঠিতব্য গাজীপুরের কালিয়াকৈর উপজেলা নির্বাচনে তৃণমূলের ভোটে পরাজিত হয়ে নিজেকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসাবে ঘোষণা দিয়েছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন সিকদার। বুধবার উপজেলার সফিপুরে নিজ বাসভবনে বর্তমান চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার এক সংবাদ সম্মেলনে নিজেকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসাবে ঘোষণা করে জানান, তিনি দলীয় হাইকমান্ডের নির্দেশে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিচ্ছেন এবং প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান শরীফ ও স্থানীয় আওয়ামী লীগের কতিপয় নেতৃবৃন্দ।
রূপগঞ্জে ভাইস চেয়ারম্যান প্রার্থী হাজী মাহাবুবের প্রার্থিতা বাতিল
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে যাচাই-বাছাইয়ে ঋণখেলাপীর অভিযোগে বুধবার জেলা রিটার্নিং অফিসার ভাইস চেয়ারম্যান প্রার্থী মাহাবুবুর রহমানের প্রার্থিতা বাতিল করেছেন। এ সময় রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রাশেদ ও নির্বাচন অফিসার ওমর ফারুক উপস্থিত ছিলেন। নির্বাচন কর্মকর্তা ওমর ফারুক জানান, জনতা ব্যাংকের সাথে মাহাবুবুর রহমান টাকা লেনদেন করে আসলেও ৬ মাস যাবত্ ব্যাংক তাকে ঋণখেলাপী ঘোষণা করে। ওই অভিযোগে উপজেলা পরিষদ নির্বাচনে মাহাবুবের প্রার্থিতা বাতিল করা হয়।
আড়াইহাজারে বিএনপি’র একক প্রার্থী চূড়ান্ত
নারায়ণগঞ্জ প্রতিনিধি \ কয়েকদিন কয়েক দফা বৈঠকের পর অবশেষে আড়াইহাজারে বিএনপি’র প্রার্থী নির্ধারণ করা হয়েছে। বিএনপি’র কেন্দ ীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বুধবার এক সভা শেষে নাম ঘোষণা করেন। আগামী ৩১মার্চ অনুষ্ঠিতব্য নির্বাচনে চেয়ারম্যান পদে যুবদল নেতা গাজী মাসুদ ও নারী ভাইস চেয়ারম্যান পদে পারভীন আক্তার লড়বে। ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীর নাম অচিরেই ঘোষণা করা হবে। নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার এ তথ্য জানান। তিনি জানান, মঙ্গলবারের মত বুধবারও দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের বাড়িতে সভায় ৬জন উপস্থিত ছিলেন। মির্জা আব্বাস ছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সভাপতি তৈমুর আলম খন্দকার, সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান, আড়াইহাজার উপজেলা বিএনপি’র সভাপতি বদরুজ্জামান খান খসরু, সাবেক এমপি আতাউর রহমান খান আঙ্গুর ও যুবদলের কেন্দ ীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।
রাঙ্গুনিয়ায় বিএনপি’র বিদ্রোহী প্রার্থীর পক্ষে তাণ্ডব
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা \ চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি’র একক প্রার্থী ঘোষণাকে কেন্দ করে বিদ্রোহী প্রার্থীর কর্মী-সমর্থকরা বুধবার তাণ্ডব চালিয়েছে এলাকায়। সড়ক অবরোধ, গাড়ি ভাংচুর, ব্যারিকেড ও টায়ার জ্বালিয়ে দলের বিদ্রোহী প্রার্থীর কর্মী-সমর্থকরা এই তাণ্ডব চালায়। জানা গেছে, রাঙ্গুনিয়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান আবু আহমদ হাসনাতকে একক প্রার্থী মনোনয়ন দেন বিএনপি হাইকমান্ড। মনোনয়নের ঘোষণায় রাঙ্গুনিয়া একই দলের সমর্থিত প্রার্থী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ মহসিন অন্য প্রার্থীদের কর্মী-সমর্থক এবং উপজেলা বিএনপি’র একাংশের নেতা-কর্মীরা বিদ্রোহ প্রকাশ করে। বিক্ষুব্ধ কর্মী-সমর্থকরা দুপুরে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের পোমরা, শান্তির হাট ও গোছরা চৌমুহনী এলাকায় গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। তারা প্রায় ৩ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। এসময় ৩/৪টি সিএনজি অটোরিক্সা ভাংচুর করে। পরে পুলিশের হস্তক্ষেপে সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়।
মুরাদনগর আওয়ামী লীগের ৪ প্রার্থীর মনোনয়ন বাতিল
মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদ নির্বাচনে শুধুমাত্র আওয়ামী লীগ সমর্থিত ৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে এক প্রার্থী। বুধবার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মনোনয়নপত্র বাছাই সংক্রান্ত সভায় ওই ৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। সভায় কুমিল্লা জেলা নির্বাচন কর্মকর্তা মো:রাশেদুল ইসলামের নেতৃত্বে মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীরাসহ রাজস্ব বোর্ড কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র বাতিল হওয়া চেয়ারম্যান প্রার্থীরা হলেন- কেন্দ ীয় যুবলীগের উপ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আ ক ম গিয়াস উদ্দিন, মুরাদনগর উপজেলার নবীপুর পূর্ব ইউপির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগর যুগ্ম আহবায়ক কাজী আবুল খায়ের ও এসএম হাবিবুর রহমান। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হলেন- বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সানোয়ারা বেগম লুনা। কুমিল্লা জেলা নির্বাচন কর্মকর্তা মো: রাশেদুল ইসলাম বলেন, সার্টিফিকেট দাখিল না করাসহ বিভিন্ন কারণে এ ৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে সত্ ও যোগ্য প্রার্থী সম্পর্কিত নাগরিক সমাবেশ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ আসন্ন উপজেলা নির্বাচনে সত্ ও যোগ্য প্রার্থী নির্বাচন সম্পর্কিত নাগরিক সমাবেশ চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হয়। বুধবার টিআইবি ও সচেতন নাগরিক কমিটি সনাক চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে এই সমাবেশের আয়োজন করে। সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থীদের সাথে নাগরিকদের মতবিনিময়ের লক্ষ্যে আয়োজিত সমাবেশে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী ৪ জন প্রার্থীর মধ্যে ৩ জন অংশগ্রহণ করেন। এরা হলেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শামসুল হক, বিএনপি সমর্থিত প্রার্থী তসিকুল ইসলাম তসি ও জাসদ সমর্থিত প্রার্থী নিয়ামুল হক। এই পদে জামায়াত সমর্থিত প্রার্থী মোখলেসুর রহমান অনুপস্থিত ছিলেন। উপস্থিত প্রার্থীদের মধ্যে জাসদ প্রার্থী নিয়ামুল হক আওয়ামী লীগ প্রার্থীকে সমর্থন জানিয়ে ভোট না করার সিদ্ধান্ত তুলে ধরেন।
ফুলবাড়ীয়ায় ৫ হাজার টাকা জরিমানা
ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) সংবাদদাতা \ ফুলবাড়ীয়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল মালেক সরকারের (ঘোড়া) প্রতীকের পোস্টার গাড়িতে লাগিয়ে একদল মুক্তিযোদ্ধা গতকাল বৃহস্পতিবার উপজেলা সদরে নির্বাচনী প্রচারণা করার সময় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম মজুমদার গাড়ি আটক করে উপজেলা পরিষদে নিয়ে আসেন। নির্বাচনী আইন লংঘনের অভিযোগে প্রার্থী আব্দুল মালেক সরকারকে ৫ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার টাকা আদায়ের পর গাড়িটি ছেড়ে দেয়া হয়।
পাকুন্দিয়ায় দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ পাকুন্দিয়া উপজেলা পরিষদ নির্বাচনে বুধবার বাছাইয়ে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। জানা যায়, ঋণ খেলাপির দায়ে চেয়ারম্যান প্রার্থী বুরুদিয়া ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল আকন্দ ও ভাইস চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম শওকতের মনোনয়নপত্র বাতিল করা হয়। উল্লেখ্য, উপজেলা নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ২৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়। এদিকে পাকুন্দিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মো. আনোয়ার হোসেন আনার উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ অব্যাহত রেখেছেন। বুধবার ও বৃহস্পতিবার তিনি উপজেলার কোদালিয়া, ঘাগড়া, বড় আজলদী, শৈলজানি, সুখিয়া, চন্ডিপাশা এলাকার সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা, কুশল ও মতবিনিময় করেন। গণসংযোগের সময় তার সাথে ছিলেন উপজেলা আওমী লীগের সাবেক প্রচার সম্পাদক ফরহাদ হাসান, ডিগ্রি কলেজের সাবেক ভিপি ও আওয়ামী লীগ নেতা আবদুল হাকিম।
মুক্তাগাছায় চেয়ারম্যান প্রার্থীর গাড়ি লক্ষ্য করে গুলি
মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা \ মুক্তাগাছা শহরের রাম কিশোর উচ্চ বিদ্যালয়ের সামনে বুধবার রাতে আওয়ামী লীগ সমর্থিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী বিল্লাল হোসেন সরকারের প্রাইভেটকার লক্ষ্য করে গুলি ছোঁড়ার ঘটনা ঘটে। গুলিটি প্রাইভেটকারের পাশে দাঁড়ানো পার্থ এক্সপ্রেস নামের একটি বাসের সামনে লেগে গ্লাস ভেঙ্গে গেছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা রিপোর্ট লেখা পর্যন্ত উত্ঘাটিত হয়নি। ঘটনাস্থলে বিপুল সংখক পুলিশ মোতায়েন করা হয়েছে। শহরে আতংক ছড়িয়ে পড়েছে ।
জীবননগরে বিএনপির একক প্রার্থী বাছাই
জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা\ জীবননগর উপজেলা নির্বাচনে বিএনপির একক প্রার্থী হিসাবে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ১নং উথলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী সাইদুর রহমান ধুন্দু মনোনীত হয়েছেন। বুধবার আশরাফুল মডেল একাডেমি ক্যাম্পাসে উপজেলা ও পৌর বিএনপির এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।