কচুয়ায় জমে উঠেছে উপজেলা নির্বাচন

তৃতীয় দফায় ১৫ মার্চ অনুষ্ঠিতব্য কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে প্রচার-প্রচারণা জমজমাট হয়ে উঠেছে। সর্বত্র বিরাজ করছে উত্সবের আমেজ। প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। বিনিময় করছেন কুশল, কামনা করছেন দোয়া ও সমর্থন। চালিয়ে যাচ্ছেন গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক। এছাড়াও প্রার্থীকে বিজয়ী করতে কর্মীরা দলে দলে ভাগ হয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। উপজেলা পরিষদ নির্বাচনে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৮, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন। আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আইয়ুব আলী পাটওয়ারী, কৃষক লীগের কেন্দ্রীয় সদস্য ইসহাক সিকদার (আনারস), আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক শাহজাহান শিশির (কাপ-পিরিচ), উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আঃ জব্বার বাহার (মোটরসাইকেল) ও নির্বাহী সদস্য হুমায়ুন কবির (দোয়াত-কলম)। আওয়ামী লীগের এ ৫ প্রার্থীর মধ্যে আইয়ুব আলী পাটওয়ারীর মনোনয়নপত্রের বৈধতা নিয়ে হাইকোর্টে মামলা চলছে। বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন- উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান (টেলিফোন), উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক মিজানুর রহমান পাঠান (চিংড়ি মাছ) ও বিএনপি’র নেতা মকবুল হোসেন (ঘোড়া)। ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা হচ্ছেন- উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম (টিউবওয়েল), উপজেলা যুবলীগের আহবায়ক এড. হেলাল উদ্দীন (তালা) ও নির্বাহী সদস্য নাজমুল আলম স্বপন (উড়োজাহাজ) এবং বিএনপির একক প্রার্থী উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ফারুকী (চশমা)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামরুন্নাহার ভুঁইয়া (প্রজাপতি), উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সালমা শহিদ (বৈদ্যুতিক পাখা), আওয়ামী লীগ নেত্রী হেনা আক্তার (ফুটবল), হাসিনা আক্তার মঞ্জু (কলস) ও শামীমা নাসরিন ঝর্না (পদ্মফুল) এবং বিএনপি সমর্থিত একক প্রার্থী উপজেলা বিএনপি’র মহিলা সভানেত্রী গাজী শাহীন (হাঁস)।