কম পরিশ্রমে ফিট থাকুন
প্রকাশ : ১০ মার্চ ২০১৪, ১৮:৪৯
ওজন কমানোটা পুরোপরি নির্ভর করে মনের উপর। মন যদি চায়, ‘হ্যাঁ কমাব, কমতে হবে’, তাহলে অবশ্যই কমা সম্ভব। কিন্তু মন না চাইলে, হবে না। ওজন বেশি থাকলে অনেকেই হীনম্মন্যতায় ভোগে। কিন্তু মনের জোর, ইচ্ছাশক্তিই ওজন কমানোর ব্যাপারে সবচেয়ে সাহায্য করতে পারে। যারা জিমে যেতে পারেন না তাদের উচিত কিছু সহজ ব্যায়াম শিখে নিয়মিত সেগুলো করতে থাকা। নিয়মিত হাটাহাটি, সাইক্লিং বা সাঁতার কাটতে পারেন। মোটকথা কায়িক পরিশ্রম করতে হবে। ধীরে ধীরে শুরু করতে হবে। প্রথমেই কমাতে হবে ভাতজাতীয় খাবার। রুটি, ভাত, আলু ইত্যাদি কমাতে হবে। পরিমাণমতো, যত কম ভাত খাওয়া যায়। সবজি অনেক খেতে হবে। তবে হাঁটা শুরু করলে সেটি আপনাকে ওজন কমাতে সবচেয়ে বেশি সাহায্য করবে। প্রতিদিন হাঁটুন। ক্লাসে যাওয়ার সময়, ক্লাস থেকে আসার সময়, অফিসে যাওয়ার সময়, অফিস থেকে ফেরার সময়, যে যখন সময় পান। কোনো অজুহাত নয়। যেকোনো সময় হাঁটুন। আরেকটি জিনিস বাদ দিন। সেটি হলো দুধ চা। আরেকটি হলো চিনি। ধরুন আপনি চায়ে চিনি খান দু চামচ। তাহলে খান এক চামচ। কিছুদিন কষ্ট হবে, কিন্তু সয়ে যাবে। চিনি কমানো খুব ইম্পর্ট্যান্ট। বাড়তি ওজন আপনার স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। ওজন কমান প্রাকৃতিক নিয়মে। এ নিয়ম স্বাস্থ্যসম্মত ও ঝুঁকিবিহীন। কয়েকটি কার্যকর ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে ওজন কমান আর ঝুঁকিমুক্ত থাকুন বিভিন্ন মারাত্মক রোগ থেকে। তাজা ফলমূল ও সবুজ শাকসবজি হলো কম ক্যালরিযুক্ত খাদ্য, তাই যাদের ওজন বেশি তাদের বেশি করে এগুলো খাওয়া উচিত। অতিরিক্ত লবণ খাওয়া পরিহার করতে হবে। কারণ, লবণ শরীরের ওজন বাড়াতে সাহায্য করে। শরীরচর্চার আরেকটি পদ্ধতি হচ্ছে সাইক্লিং। এটি শুধু পায়ের ব্যায়াম নয়। নিয়মিত সাইকেল চালালে আমাদের শরীরের প্রতিটি পেশিতে চাপ পড়ে, ফলে পেশি সুগঠিত ও শক্তিশালী হতে সাহায্য করে। সাইক্লিং আমাদের হার্ট, ফুসফুস এবং রক্তচাপের কার্যক্রম স্বাভাবিক রাখে। আর এভাবে হূদযন্ত্র সুস্থ থাকে এবং বিভিন্ন রোগের ঝুঁকি হ্রাস পায়। নিয়মিত সাইক্লিংয়ে আমাদের শরীরের বাড়তি মেদ কমে এবং ওজন নিয়ন্ত্রণে থাকে। ঘরে বসে নিজেকে ফিট রাখার একটি ভালো পথ হলো যোগাসন। শুধু শরীরের সুস্থতাই নয়, মানসিক সতেজ থাকতেও এই যোগাভ্যাস অনেক বেশি কার্যকর। তবে যোগাসনের যেহেতু নির্দিষ্ট নিয়ম থাকে তাই শুরু করার আগে প্রশিক্ষণ নিয়ে নেওয়া ভালো। এটি এমন একটি ব্যায়াম যেটাতে সময় কম লাগবে, খরচ করতে হবে কম এনার্জি কিন্তু ওজন কমবে অনেক। যোগাসনে না আপনাকে ঘণ্টার পর ঘণ্টা সময় ব্যয় করতে হবে, না দিতে হবে কাঁড়ি কাঁড়ি টাকা আর না বড় বড় পাথর তুলতে হবে হাতে করে। কিন্তু যোগাসনেই কমবে আপনার ওজন। ওজন কমাতে হলে মেটাবলিক রেট বাড়ানো দরকার। আর এর জন্য সঠিক মিল প্ল্যানিং করতে হবে। ব্রেকফাস্ট বাদ দেবেন না। একসঙ্গে অনেকটা খাওয়ার বদলে ছোট ছোট মিলে ভাগ করে নিন। নিজের কাজকর্ম নিজে করুন। যেমন নিজে কাপড় কাচুন, ঘর ঝাড়ু দিন, ঘর মুছুন।
মডেল পিংকি
ছবি দীপঙ্কর দীপু