পুরান ঢাকার রাজকীয় স্বাদ!
প্রকাশ : ১০ মার্চ ২০১৪, ১৮:৫০
খাবারের স্বাদ আর ঐতিহ্যে, দুইয়ে মিলিয়ে জুড়ি নেই পুরান ঢাকার। শহুরে ব্যস্ততাতেও বারবার আমাদের কাছে টানে সেই মুঘলাই স্বাদ। সদরঘাটের কাছেই মুন কমপ্লেক্সের সামনে দো-তলায় বিশাল পসরা বসেছে খাবারদাবারের। কি বাংলা, কি চাইনিজ, এমনকি ইরানি কয়েক পদের বিরিয়ানি নিয়ে তৈরি হয়েছে ‘নানা’ রেস্টুরেন্ট। দিনে একরকম, রাত হলে আলো ঝলমলে অন্য এক পরিবেশ। ঘুরে এসে লিখেছেন সাজেদুল ইসলাম শুভ্র ও ছবি তুলেছেন দীপঙ্কর দীপু
দোতলার পুরোটা জুড়ে প্রায় হাজার দশেক স্কয়ার ফিট জায়গা নানা’র ! ডানদিকটা পার্টি আয়োজনের জন্য বরাদ্দ। বামদিকটায় ঢুকেও খানিকটা দ্বিধায় পড়তে হয়! পুরান ঢাকায় এত সুপরিসর জায়গাজুড়ে এত্ত বড় রেস্তোরাঁ!! সাথে আপনার ছোট্ট সোনামণি থাকলে ততক্ষণে দেখবেন সে দলছুট। ছোটদের জন্য বেশ সুন্দর একটা খেলার জায়গা তৈরি করে দেওয়া হয়েছে। ততক্ষণে তাদের কেউ এসে আপনাকে অভ্যর্থনা জানাবে।
বাংলা ফুড পার্টে ঢুকতেই মনটা ভরে ওঠে বাঙালিয়ানায়, যা সব শ্রেণী-পেশার মানুষকে মুগ্ধ করে। মেন্যুতে সকালের নাস্তা হিসেবে পাবেন স্পেশাল পরোটা, ভুনা খিচুড়ি, নানরুটি, কলিজা ভুনা, ডিম ইত্যাদি। মধ্যাহ্নভোজের মেন্যুতে চোখ রাখতেই পাবেন প্লেন রাইস, বিভিন্ন ধরনের মাছ, মাটন, চিকেন এবং স্পেশাল নানরুটি। আর সঙ্গে মোগল খাবার তো আছেই। ইরানি বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, বিফ বিরিয়ানি, মোরগ পোলাও সবই পাবেন। ভোজনরসিক মানুষের ক্ষুধা ও তৃপ্তি পূরণে আইটেমের কোনো কমতি নেই। সালাদ, জুস, দই, ফিরনি, পুডিং, বোরহানিও রয়েছে।
বিকেলের অবসর সময় কাটাতে বা বন্ধুদের নিয়ে আড্ডা দিতে যেতে পারেন ‘নানা রেস্টুরেন্টে’। বিকেলের স্ন্যাকসে পাবেন কাবাব, অ্যারাবিয়ান পরোটা, চিকেন তন্দুরি, চিকেন সাসলিক, জংলি কড়াই (কবুতর, কোয়েল), দেশি চিকেন, মাটন, চিংড়ি। সকাল থেকেই বাংলা ফুডে শুরু হয় লোক সমাগম। তবে কাবাব পাওয়া যাবে বিকেল ৫টার পর। এ ছাড়াও রয়েছে বিভিন্ন ছাড়ে প্যাকেজ অনুযায়ী খাবার।
তবে মজার ব্যাপার হচ্ছে এখানে পাওয়া যাচ্ছে জংলি কড়াই। খাবারটি যেমন সুস্বাদু তেমনই পুষ্টিকর। অ্যারাবিয়ান পরোটার সাথে জংলি কড়াইয়ের অপূর্ব সমন্বয়ে গঠিত নানার নতুন খাবারের প্যাকেজটি পাওয়া যাবে প্রতিদিন বিকেল সাড়ে ৪ থেকে রাত ১১টা পর্যন্ত। এ অফার শুধুমাত্র নানা থেকেই গ্রহণ করা যাবে।
এ ছাড়াও রয়েছে চাইনিজ খাবারসহ ইরানি দম্ বিরিয়ানি, ইরানি বিরিয়ানি, ইরানি মোরগ পোলাও, তেহেরানি তেহারি, দিল্লিকা খিচুড়িসহ হরেক রকম সুস্বাদু খাবার।
বাংলা খাবারের সঙ্গে এখানে চাইনিজ খাবারও রয়েছে। ব্যস্ত শহরের যানজটের জীবন থেকে বেরিয়ে চাইনিজ পার্টের আলোছায়ায় পাবেন স্বস্তি। চাইনিজ পার্টের মেন্যুতে রয়েছে অ্যাপাটাইজার, ফ্রাইড রাইস, স্যুপ, নুডলস, চপসি, বিফ, চিকেন, ফিশ, প্রন, নানা স্পেশাল সালাদ, ভেজিটেবল। সঙ্গে আছে কোল্ড ড্রিংস, আইসক্রিম এবং কফি। বেশ বড় পরিসরে নিজস্ব পার্টি সেন্টারও রয়েছে ‘নানা’ রেস্টুরেন্টের। বিয়ে, জন্মদিনসহ যেকোনো সামাজিক অনুষ্ঠান ও পার্টি উদযাপন করার উপযোগী স্থান এটি। পার্টি সেন্টারের স্টেজ, সাউন্ড সিস্টেম, গেট—সবই স্বল্প খরচে কর্তৃপক্ষ দায়িত্ব নিয়ে করে।
এ ক ন জ রে
নানা রেস্টুরেন্ট
কোথায় :ওয়াইজঘাট মুন কমপ্লেক্সের বিপরীতে, ইসলামপুর, ঢাকা
কবে যাবেন :যেকোনো দিন সকাল ১০টা থেকে রাত ১১টা
ব্যবস্থাপক বলেন :রেস্টুরেন্টের ম্যানেজার মিলন মিয়া বলেন, ‘উত্সব ও খাবার একটি আরেকটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই উত্সবপ্রিয় বাঙালিদের মজার মজার খাবারের স্বাদ দিতে নানা রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারের উদ্ভব।’
যোগাযোগ :০১১৯০১৩২২২২, ০১৬৮৪০৪৫৫৯৪।