আইসিটি বিভাগে ই-ফাইলিংয়ের যাত্রা শুরু
প্রকাশ : ১১ মার্চ ২০১৪, ২০:০১
সরকারি অফিসমূহে গতি-স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে জনগণকে সেবা প্রদান ও কাগজের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব অফিস সৃষ্টির লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুুক্তি বিভাগের ই-ফাইলিং সিস্টেমের যাত্রা শুরু হচ্ছে। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে বিসিসি ভবনস্থ আইসিটি বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের উপস্থিতিতে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি একটি ই-ফাইল নিষ্পত্তির মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও এর অধীন সংস্থাসমূহে একযোগে ই-ফাইলিংয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হবে। জনগণের দোড়গোড়ায় প্রযুক্তির সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয়কে সামনে রেখে সরকারের প্রয়াসের অংশ হিসেবে এ কার্যক্রম হাতে নেওয়া হয়। ইতোমধ্যে জেলা পর্যায়ের অফিসসমূহে ই-ফাইলিং কার্যক্রম বাস্তবায়ন হয়েছে। স্বল্প সমযের মধ্যে সকল মন্ত্রণালয়েও ই-ফাইলিং কার্যক্রম শুরু হবে।