হাতের লেখা চিনবে এভারনোট
প্রকাশ : ১১ মার্চ ২০১৪, ২০:০২
নোট নেওয়ার অ্যাপ্লিকেশন হিসেবে জনপ্রিয়তা লাভ করেছে এভারনোট। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিভিন্ন ওয়েবপেজ থেকে সুনির্দিষ্ট আর্টিকেল, ছবি বা যেকোনো অংশ সংরক্ষণ করে রাখা যায় অনলাইনে। পিসি’র জন্য তৈরি এই অ্যাপ্লিকেশনের জনপ্রিয়তার কারণে এর অ্যান্ড্রয়েড সংস্করণও তৈরি হয়েছে। অ্যান্ড্রয়েড এই সংস্করণেই এবারে যুক্ত হয়েছে হাতের লেখা চেনার ফিচার। ফলে এই অ্যাপ্লিকেশনটি চালু করে এখন অ্যান্ড্রয়েডের পর্দায় যেকোনো কিছু হাতে লিখেই সংরক্ষণ করে রাখা যাবে। স্টাইলাস বা সরাসরি আঙুলের ব্যবহার করেই স্মার্টফোন বা ট্যাবলেট পিসির পর্দায় লেখা যাবে এই অ্যাপসে। লাল, নীল, কালো এবং সবুজ রঙে লেখার সুযোগ রয়েছে এতে। এ ছাড়া হাতে লেখা বা টাইপ করার অপশন সুইচ করা যাবে দ্রুতই। এর মাধ্যমেই অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে প্রথমবারের মতো যুক্ত হলো হাতের লেখার অপশন। এটি ডাউনলোড করা যাবে http://evernote.com ঠিকানা থেকে।