রাসবেরি পাইয়ের জন্য সাউন্ড কার্ড
প্রকাশ : ১২ মার্চ ২০১৪, ১৯:৩১
আক্ষরিক অর্থেই হাতের মুঠোয় কম্পিউটার তুলে দেওয়ার কাজটি করে দিয়েছে রাসবেরি পাই। এই রাসবেরি পাই আকারে একটি ক্রেডিট কার্ডের সমান। কিন্তু আকারে ছোট হলেও এই কার্ডই একটি আস্ত সিপিইউ হিসেবে কাজ করে থাকে। একে যেকোনো ডিসপ্লে’র সাথে সংযুক্ত করে গোটা পিসি হিসেবেই ব্যবহার করা যায়। তবে এতদিন পর্যন্ত রাসবেরি পাইয়ের জন্য ছিল না কোনো সাউন্ড কার্ড। এতদিন পরে হলেও এবারে রাসবেরি পাই নির্মাতা ‘ইলেমেন্ট১৩’ তৈরি করেছে এর জন্য সাউন্ড কার্ড। পিসির জন্য সাধারণ সাউন্ড কার্ডগুলো যেভাবে ব্যবহূত হয়, ঠিক সেভাবেই রাসবেরি পাইয়ে ব্যবহার করা যাবে এই সাউন্ড কার্ডটি। আর এর মাধ্যমে রাসবেরি পাই দিয়ে ভিওআইপি কনফারেন্স ফোন, ওয়্যারলেস মিউজিক প্লেয়ার প্রভৃতি প্রজেক্ট তৈরি করা যাবে। এই কার্ডের ফিচারের মধ্যে রয়েছে ৩.৫ মিলিমিটার লাইন-ইন ও লাইন-আউট, হেডফোন ও হেডসেট সমর্থন, অন-বোর্ড স্টেরিও মাইক্রোফোন, রাসবেরি পাইয়ে ডিজিটাল অডিও এস/পিডিআইএফ যুক্ত প্রভৃতি। তবে মুশকিল একটাই—রাসবেরি পাইয়ের মূল্যই যেখানে ৩৫ ডলার, সেখানে এই কার্ডের জন্যই খরচ করতে হবে ৩৩ ডলার!