গ্রহাণু খুঁজতে প্রোগ্রমারদের দ্বারস্থ হচ্ছে নাসা
প্রকাশ : ১২ মার্চ ২০১৪, ১৯:৩২
পৃথিবীর দিকে ধেয়ে আসা গ্রহাণুগুলো শেষ পর্যন্ত পৃথিবীর জন্য বড় ধরনের হুমকির কারণ হয়েই দাঁড়াতে পারে। যে কারণে নিয়মিত সব গ্রহাণুর গতিবিধি নজরদারি করে থাকে নাসা। কিন্তু লক্ষ লক্ষ গ্রহাণুর মধ্যে ঠিক কতগুলো সরাসরি পৃথিবীর দিকে ধেয়ে আসছে, সেটি সঠিক করে পরিমাপের বিষয়ে এখনও পিছিয়ে রয়েছে তারা। সে কারণে এবার প্রোগ্রামারদের দ্বারস্থ হয়েছে তারা। ‘অ্যাস্টরয়েড ডাটা হান্টার কনটেস্ট’ নামের এই প্রতিযোগিতায় বিজয়ীর জন্য ৩৫ হাজার ডলার পুরস্কারও রেখেছে তারা। ভূ-পৃষ্ঠে স্থাপিত টেলিস্কোপে যেসব গ্রহাণু ধরা পড়ে, তাদের গতিবিধি পৃথিবীর দিকে রয়েছে কি না, সেটি খুঁজে বের করাই হবে এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য। তবে এই প্রোগ্রামটির ফলাফল বর্তমানের পদ্ধতির চাইতে অনেক ভালো হতে হবে এবং একে সব ধরনের কম্পিউটারেই চলতে হবে। নাসা আশা করছে, এই প্রতিযোগিতার মাধ্যমেই তারা গ্রহাণুদের গতিবিধি সঠিকভাবে পরিমাপের উন্নততর সমাধান খুঁজে পাবে। এই প্রতিযোগিতা আয়োজনে নাসাকে সহায়তা করছে প্ল্যানেটারি রিসোর্স নামের একটি সংস্থা।