ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশের অর্থনীতি

অর্থনৈতিক সমৃদ্ধির মাধ্যমেই দেশের সার্বিক উন্নতি নিশ্চিত হবে অনেকদিন ধরে হরতাল অবরোধ না থাকার কারণে দেশের অর্থনীতি চাঙ্গা হওয়ার পথে। এমন অবস্থা বছরের শেষঅবধি বিরাজ করলে অর্থনীতির পরিস্থিতি অনেকটা পরিবর্তন হবে বলে মনে হয় । কিন্তু সার্বিক পরিস্থিতি ভিন্নও হতে পারে। উপজেলা নির্বাচনের পর আবারও শুরু হতে পারে হরতাল-অবরোধের মত ঘটনা। এর ফলে পূর্বের ক্ষতি পূরণ করা যেমন সম্ভব নয়, তেমনি অর্থনৈতিকভাবে অনেক বেশি পিছিয়ে পড়ার আশংকা রয়েছে। তাই আমাদের সকলের উচিত অর্থনীতি নিয়ে চিন্তা করে একে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া কারণ অর্থনৈতিক সমৃদ্ধির মাধ্যমেই দেশের সার্বিক উন্নতি নিশ্চিত হবে। আমরা উন্নত জাতি হিসাবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াব। মোস্তাফিজুর রহমান সাগর কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ, প্রথম বর্ষ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ। === অর্থনৈতিক উন্নয়নই হল উন্নয়নশীল রাষ্ট্রের মূল লক্ষ্য আমরা জানি বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। উন্নয়নশীল বলতে আমরা বুুঝি সাধারণত উন্নয়নের ধারাকে সর্বদা অব্যাহত রাখা। যেহেতু বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ তাই এ দেশের উন্নয়নকে সর্বদা অব্যাহত রাখার জন্য প্রয়োজন অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, শিক্ষা ইত্যাদির সকল প্রকার উন্নয়ন সচল রাখা। কিন্তু গত দু’মাস আগে আমরা লক্ষ্য করেছি যে রাজনৈতিক সহিংসতার কারণে এ দেশের সকল উন্নয়নের চাকা প্রায় থমকে গিয়েছিল। তবে বর্তমানে রাজনৈতিক সহিংসতা না থাকায় আমাদের উন্নয়নশীল রাষ্ট্রকে উন্নত রাষ্ট্রে পরিণত করার সকল চাকা আবারও নিজস্ব গতিপথে চলতে শুরু করেছে এবং আবারও ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশের অর্থনীতি। মো. নূরুল হক বিএসএস অনার্স,৩য় বর্ষ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। সরকারি তিতুমীর কলেজ, ঢাকা === অর্থনীতির চাকা সচল রাখাই হলো একমাত্র চ্যালেঞ্জ বাংলাদেশ স্বাধীনতার ৪২ বছর পার করেছে অনেক আগেই। স্বাধীনতার পর বিধ্বস্ত অর্থনৈতিক অবস্থা থেকে আস্তে আস্তে আমরা সবল হয়ে উঠেছি। কিন্তু হঠাত্ই গতবছরের শেষের দিকে রাজনৈতিক অস্থিরতায় থেমে যায় দেশের অর্থনীতির চাকা। অচল হয়ে যায় দেশ, থেমে যায় দেশের যোগাযোগ ব্যবস্থা, বন্ধ হয়ে যায় সকল অফিস-আদালত এবং কল-কারখানা। আমদানি-রপ্তানি ধ্বংসের মুখে পতিত হয়। সকল বাধা-বিপত্তি কাটিয়ে এখন আবার সচল হচ্ছে এ দেশের অর্থনীতি। কিন্তু আবার রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির আশঙ্কা থেকেই যায়। আবার ভেঙ্গে পড়তে পারে দেশের অর্থনীতি। তাই আমাদের সকলের এবং সরকারের এই বিষয়কে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। নাজিব মুবিন ফুড ইঞ্জিনিয়ারিং অনুষদ, লেভেল-১ আশরাফুল হক হল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ। === অর্থনীতির চাকা সচল করতে চাই স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ বাংলাদেশ সম্ভাবনাময় একটি দেশ হিসেবে বিশ্ব দরবারে পরিগণিত। বিগত বছরগুলোতে দেখা গিয়েছে, বাংলাদেশের জিডিপি ক্রমেই বেড়ে চলেছে। এ দেশের অর্থনৈতিক উন্নয়নের ধারা আন্তর্জাতিক মহলে মডেল হিসেবেও গণ্য হয়েছে। দেশকে প্রাণ ফিরিয়ে দিতে এবং সুষ্ঠুভাবে পরিচালনা করতে অর্থনীতি তথা সামগ্রিক অবস্থার স্থিতিশীলতা অবশ্যম্ভাবী। আর এজন্য আমাদের রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ- তারা যেন দেশের জনগণের কথা চিন্তা করে এই সকল অনাকাঙ্ক্ষিত কার্যক্রম পরিহার করে। নিলুফার ইয়াসমিন লিমা ব্যবসায় প্রশাসন বিভাগ, ১ম বর্ষ, ২য় সেমিস্টার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়, সিলেট। === আবারও ঘুরে দাঁড়াক দেশের অর্থনীতি দীর্ঘ সময় অচলাবস্থার পর দেশের সামগ্রিক পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। ফলস্বরূপ বিপর্যস্ত অর্থনীতিও আবার ধীরে ধীরে তার প্রাণ ফিরে পাচ্ছে। এখনই সময় বিশ্ববাজারে বাংলাদেশের ভাবমূর্তি পুনরায় ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার। এমতাবস্থায় যদি দেশ আবারও কোনরূপ রাজনৈতিক সহিংসতার মুখে পড়ে তাহলে স্তিমিত অর্থনীতিকে সচল করা অসম্ভব হয়ে পড়বে। তাই আজ সকল সচেতন জনগণেরই চাওয়া একটি সুস্থ সুন্দর রাজনৈতিক পরিবেশ যা অর্থনীতির চাকাকে বেগবান করতে সহায়ক হবে। নাবিলা আহমেদ ব্যবসায় প্রশাসন বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট