অপার সম্ভাবনার বাংলাদেশ
প্রকাশ : ১৬ মার্চ ২০১৪, ২২:১৩
স্ট্রবেরি একটি বিদেশি ও উন্নত দেশের ফল। ব্রিটেন ও ফ্রান্সে প্রথম স্ট্রবেরি বাগান তৈরির কাজ চলিলেও বর্তমানে যুক্তরাষ্ট্রে এই ফলটি অধিক মাত্রায় উত্পাদিত হইয়া থাকে। বাংলাদেশে এই ফল একদিন উত্পাদিত হইবে তাহা ছিল অবিশ্বাস্য ও কল্পনাতীত। কিন্তু বাস্তবতা হইল এই ফল এখন অহরহই পাওয়া যাইতেছে। দামও অনেক সস্তা। এই কিছুদিন আগেও ইহা কেবল অভিজাত বা কোনো কোনো ফলের দোকানে পাওয়া যাইত। তখন দাম ছিল আকাশচুম্বী। সাধারণ মানুষ ইহার নাগাল পাইত না। এখন এই ফল কমবেশি সকল ফলের দোকানে এমনকি পথে-ঘাটে হকারের নিকট হইতেও পাওয়া যাইতেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞানী ড. মনজুর হোসেন বাংলাদেশের আবহাওয়া উপযোগী ইহার তিনটি জাত উদ্ভাবনের পরই স্ট্রবেরি চাষে বিপ্লব সাধিত হইয়াছে বলিয়া প্রতীয়মান হইতেছে।
শুধু স্ট্রবেরি নহে, বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের জনপ্রিয় ফল আপেল, কমলা, মাল্টা ও আঙ্গুরের উত্পাদনও বাড়িয়াছে। সুস্বাদু আঙ্গুর এখন অনেকের ঘর-বাড়ির টবেও উত্পাদিত হইতেছে। পঞ্চগড়, সিলেট ও বান্দরবানে কমলার চাষে সাফল্য আসিয়াছে। মালয়েশিয়ার জনপ্রিয় ফল রামভুটান, থাইল্যান্ডের ম্যাঙ্গোস্টিন ও লঙ্গেল উত্পাদিত হইতেছে সাফল্যের সহিত। নাটোরের বড়াইগ্রামে ড্রাগন ফল উত্পাদনের উদ্যোগ ফলপ্রসূ হইয়াছে। বর্তমানে এইসব ফল আমদানি বাবদ যে বিদেশি মুদ্রার প্রয়োজন পড়িত, বহুলাংশে তাহার সাশ্রয় হইতেছে। এখনও দেশে কাহারও বাড়িতে বেড়াইতে গেলে বা হাসপাতালে কোন রোগীকে দেখিতে গেলে এইসব বিদেশি ফল নিয়া যাওয়ারই রেওয়াজ রহিয়াছে। যেহেতু কোন কোন ক্ষেত্রে এইসব ফল বিদেশ হইতে আমদানি করা হয়, তাই স্বাভাবিকভাবে দীর্ঘমেয়াদে সংরক্ষণের জন্য প্রিজারভেটিভ দেওয়া হয়। কোন কোন ফলে ইহার মাত্রা এতটাই বেশি থাকে যে তাহা মানবদেহের জন্য বিপজ্জনক। কিন্তু বিদেশি সেই সব ফল যদি বাংলাদেশেই উত্পাদিত ও সহজলভ্য হয়, তাহা হইলে এই পরিস্থিতির মুখোমুখি তেমন আর হইতে হইবে না।
এই বাংলাদেশ যে কতটা সম্ভবনাময় তাহার প্রমাণ এখন পাওয়া যাইতেছে। একদিকে দেশের দামাল ছেলে ও মেয়েরা টি-টুয়েন্টি বিশ্বকাপে লড়াই করিতেছে, বিভিন্ন প্রকৌশল বিদ্যালয়ে তরুণ-তরুণীরা নূতন নূতন উদ্ভাবনার মাধ্যমে সৃজনশীলতার স্বাক্ষর রাখিতেছে অন্যদিকে গ্রাম-গঞ্জের কৃষকেরা মাটিতে সোনা ফলাইতেছেন। আজ বিদেশি কূটনীতিক হইতে শুরু করিয়া অনেকেই বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ। তাহাদের কেহ কেহ বাংলাদেশকে আখ্যায়িত করিতেছেন এশিয়ার টাইগার হিসাবে। সত্যিই বাংলাদেশ এক অপার সম্ভাবনার দেশ।