রংপুরে গতকাল সকালে সনাক-টিআইবি, রংপুর এর উদ্যোগে জলবায়ু বিষয়ক কপ-২৪ সম্মেলনে প্রতিশ্রুত জলবায়ু অর্থায়নে দৃশ্যমান অগ্রগতি ও স্বচ্ছতা নিশ্চিতে রংপুরে জনসচেতনতামূলক প্রচারণা ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এ সময় সনাক, রংপুর এর ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যবৃন্দ এ সংক্রান্ত ধারণাপত্র বিতরণসহ রংপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে প্রচার-প্রচারণা চালায়।
জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্ট ১৩ এর আওতায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় প্রতিশ্রুতি তহবিল প্রদানের ব্যাপারে শিল্পোন্নত দেশসমূহ প্রতিশ্রুতিবদ্ধ। পোল্যান্ডের কাতোভিতসেতে আসন্ন কপ-২৪ সম্মেলনে জলবায়ু অর্থায়নে দৃশ্যমান অগ্রগতি ও ন্যায্যতা নিশ্চিতে স্বচ্ছতা কাঠামো সম্বলিত প্যারিস চুক্তি বাস্তবায়নের রূপরেখা (রুল বুক) চূড়ান্ত করার কথা। এ বিষয়ে স্থানীয় পর্যায়ে সচেতন নাগরিক কমিটি (সনাক), রংপুর এর মাধ্যমে প্রচারণার ব্যবস্থা করা হয়।