লস অ্যাঞ্জেলস টাইমসে রোবটের লেখা ব্রেকিং নিউজ!
প্রকাশ : ১৮ মার্চ ২০১৪, ১৯:২৭
প্রযুক্তির ব্যবহার প্রতিনিয়তই চমকিত করছে বিশ্ববাসীকে। আর এসব প্রযুক্তির ব্যবহার ক্রমেই ছড়িয়ে পড়ছে এক খাত থেকে অন্য খাতে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবটের পরীক্ষামূলক ব্যবহারকে বলা যায় প্রযুক্তি বিশ্বের অন্যতম আলোচিত খবর। এবারে এমনই একটি খবর আবার উঠে এসেছে প্রযুক্তি বিশ্বের আলোচনার শীর্ষে। ঘটনা হলো—লস অ্যাঞ্জেলস টাইমসে গত পরশু লেখা একটি ব্রেকিং নিউজ ওই পত্রিকার কোনো সাংবাদিকের লেখা নয়। বরং ওই খবরটি লিখেছে একটি রোবট! হ্যাঁ, কোনো কল্পকাহিনী হয়, এটাই সত্য। পত্রিকাটির সাংবাদিক ও প্রোগ্রামার কেন শোয়েংক এমন একটি অ্যালগরিদম প্রোগ্রাম তৈরি করেছেন, যেটি কিনা এই খবরটি লিখে তাক লাগিয়ে দিয়েছে। ভূমিকম্প নিয়ে লেখা এই খবরটি তৈরি করতে রোবটটি সময় নিয়েছে মাত্র তিন মিনিট। অবশ্য সাংবাদিকতায় রোবট বা অ্যালগরিদম প্রোগ্রামের ব্যবহার নতুন নয়। বিশ্বখ্যাত অনেক সংবাদসংস্থাই পূর্ব-নির্ধারিত টেমপ্লেটে হালনাগাদ তথ্য বসিয়ে খবর তৈরি করে থাকে। লস অ্যাঞ্জেলস টাইমসেই শহরের অপরাধ প্রবণতার খবরে অনেক সময় এমন টেমপ্লেট ব্যবহার করা হয়ে থাকে। তবে এসব খবর তৈরিতে তথ্যের ব্যবহারে অবশ্যম্ভাবীভাবেই সাংবাদিককে মূল ভূমিকা পালন করতে হয়। কিন্তু ভূমিকম্প নিয়ে যে খবরটি এবারে প্রকাশিত হয়েছে, সেটার কৃতিত্ব পুরোটাই ওই কেন শোয়েংকের তৈরি করা অ্যালগরিদমের। এই খবরের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, ‘এটি অভিনব একটি উদ্যোগ। বিভিন্ন সংবাদসংস্থায় এমন অ্যালগরিদমের ব্যবহার প্রচুর সময় বাঁচাতে সক্ষম। বিশেষ বিশেষ ধরনের খবরের জন্য এটি আরও বেশি উপযোগী।’ এমন অ্যালগরিদম রোবটের ব্যবহার জনবলের উপর কোনো প্রভাব ফেলবে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার মনে হয় না এমন ধরনের রেবাট কোনো সাংবাদিকের চাকরির জন্য হুমকিস্বরূপ। বরং এটি সাংবাদিকদের কাজকেও অনেক বেশি আকর্ষণীয় করে তুলবে।’ লস অ্যাঞ্জেলস টাইমসের জন্য ভবিষ্যতে এমন আরও অ্যালগরিদম রোবট নিয়ে কাজ করার ইচ্ছাও প্রকাশ করেন শোয়েংক।