অ্যান্ড্রয়েডের জন্য ইউএসবি স্টোরেজ

সময়ের সাথে সাথে স্টোরেজ হিসেবে ইউএসবি’র ব্যবহার বেড়েই চলেছে। স্মার্টফোন বা ট্যাবলেট পিসির মতো মোবাইল ডিভাইসে সীমিত স্টোরেজ বাড়ানোর জন্যও তাই ইউএসবি স্টোরেজের চাহিদা রয়েছে দীর্ঘদিনের। এবারে সেই চাহিদা পূরণেই ‘ডাটা ট্রাভেলার মাইক্রোডুয়ো’ নামের ইউএসবি স্টোরেজ নিয়ে এসেছে কিংস্টন। ইউএসবি অন দ্য গো স্ট্যান্ডার্ডের এই স্টোরেজে একইসাথে রয়েছে ইউএসবি পোর্ট এবং মাইক্রোইউএসবি পোর্ট। ফলে কম্পিউটার বা ল্যাপটপের পাশাপাশি সরাসরি স্মার্টফোন বা ট্যাবলেট পিসিতেও ব্যবহার করা যাবে এই স্টোরেজ। ফলে এক্সটার্নাল হার্ডডিস্ক যেমন পিসি বা ল্যাপটপের ব্যাকআপ স্টোরেজে পরিণত হয়েছে, কিংস্টনের এই স্টোরেজও কাজ করবে অ্যান্ড্রয়েড স্মার্টফোন বা ট্যাবলেট পিসির ব্যাকআপ স্টোরেজ হিসেবে। ৮ (মূল্য ১২.৫ ডলার), ১৬ (মূল্য ১৬.৫ ডলার) ও ৩২ (মূল্য ২৭ ডলার) জিবি স্টোরেজ সাইজের এই ডিভাইসে ৫ বছরের বিক্রয়োত্তর সেবা দেবে কিংস্টন।