রামেবি’র দুই দিনব্যাপী সেমিনার সমাপ্ত

চিকিত্সকদের মানবিক মানুষ হিসেবে দেখতে চাই মন্তব্য করে স্বাস্থ্য সচিব জি এম সালেহ উদ্দিন বলেছেন, মানুষের সেবায় চিকিত্সকদের আরও বেশি দায়িত্বশীল ও যত্মবান হতে হবে। এ জন্য সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।

বুধবার দুপুরে নগরীর নানকিং দরবার হলে রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (রামেবি) আয়োজিত ‘চিকিত্সা প্র্যাকটিস, শিক্ষা ও গবেষণায় অ্যাপ্লাইড বায়োএথিক্স: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক দুই দিনব্যাপী সেমিনারের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রামেবি উপাচার্য অধ্যাপক ডা. মাসুম হাবিবের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব বদরুন্নেসা ও ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার, রাজশাহী বিভাগীয় কমিশনার মো. নূর-উর রহমান, বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিলের পরিচালক ডা. মাহমুদ উজ জাহান এবং বাংলাদেশ বায়োএথিক্স সোসাইটির সাধারণ সম্পাদক ড. শামীমা পারভীন লস্কর। সেমিনারে অংশগ্রহণকারীদের রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সনদপত্র দেয়া হয়।