হাতঘড়িরর জন্য অ্যান্ড্রয়েড
প্রকাশ : ১৯ মার্চ ২০১৪, ১৯:২২
স্মার্টফোন বা ট্যাবলেট পিসিতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের রয়েছে একচ্ছত্র আধিপত্য। এর বাইরে আগামী দিনের প্রযুক্তি পণ্য হিসেবে স্মার্ট হাতঘড়ির উজ্জ্বল সম্ভাবনা দেখছেন অনেকেই। তাই স্মার্ট হাতঘড়ির জন্য অ্যান্ড্রয়েডের বিশেষ সংস্করণ তৈরি করেছে গুগল। এর নাম দেওয়া হয়েছে ‘অ্যান্ড্রয়েড ওয়্যার’, যা কিনা অ্যান্ড্রয়েড ফর ওয়্যারেবলের সংক্ষিপ্ত রূপ। অ্যান্ড্রয়েডের নতুন এই সংস্করণ সম্পর্কে ক্রোম ও অ্যান্ড্রয়েড বিভাগের প্রধান সুন্দার পিচাই এক ব্লগে লিখেন, ‘মানুষের জীবনযাত্রাকে সহজ করতে আমরা বরাবরই চেষ্টা করে আসছি। অ্যান্ড্রয়েডের নতুন এই সংস্করণ সেই প্রচেষ্টারই ধারাবাহিকতা মাত্র।’ গুগল জানিয়েছে, এই অপারেটিং সিস্টেমটি স্মার্ট হাতঘড়িকে একটি স্মার্টফোন বা ট্যাবলেট পিসির মতোই কার্যকরী করে তুলবে এবং স্মার্ট হাতঘড়িকে অন্যান্য ডিভাইসের সাথেও যুক্ত করবে।