নষ্ট খাবার ও ঔষধ শনাক্ত করবে স্মার্ট ট্যাগ
প্রকাশ : ১৯ মার্চ ২০১৪, ১৯:২৩
অনেক সময়ই প্যাকেটজাত খাবার বা ঔষধ নষ্ট হয়ে যায়। খালি চোখে এগুলোকে শনাক্ত করা বেশ কঠিনই বটে। সেক্ষেত্রে প্যাকেটের খাবার বা ঔষধ নষ্ট হয়েছে কিনা, সেটি শনাক্ত করতে একটি স্মার্ট ট্যাগ তৈরি করেছেন চীনের পিকিং ইউনিভার্সিটির একদল গবেষক। এটি মূলত একটি কালার কোড-বিশিষ্ট ট্যাগ। খাবার বা ঔষধের প্যাকেট বা কন্টেইনারের গায়ে লাগানো থাকবে এটি। আর প্যাকেটের মধ্যেকার খাবার বা ঔষধ নষ্ট হলেই ট্যাগের রঙ বদলে যাবে। মূল ট্যাগটি কমলা রঙের হলেও সময়ের সাথে সাথে খাবার বা ঔষধ নষ্ট হয়ে গেলে এটি শুরুতে হলুদ এবং শেষে সবুজ রঙ ধারণ করবে। মেয়াদোত্তীর্ণ ছাড়াও যেসব খাবার বা ঔষধ সংরক্ষণের জন্য সঠিক তাপমাত্রায় রাখতে হয়, সেই তাপমাত্রা অতিক্রম করলেও ট্যাগটি রঙ বদলে জানিয়ে দেবে। খুব অল্প খরচেই এটি বাণিজ্যিক সব পণ্যে ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন এর উদ্ভাবনের সাথে সংশ্লিষ্ট গবেষকরা।