প্লেস্টেশনের জন্য সনির ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট

মূলত গেমিং শিল্পের প্রসারের সাথে সাথেই ভার্চুয়াল রিয়েলিটি কিংবা অগমেন্টেড রিয়েলিটির সাথে পরিচয় হয়েছে মানুষের। ভার্চুয়াল রিয়েলিটির জন্য উপযোগী বিভিন্ন ডিভাইস একজন গেমারকে সরাসরি গেমের ভেতরে প্রবেশের অনুভূতি প্রদান করে থাকে। এই ভার্চুয়াল রিয়েলিটির সীমানা এবারে সনি প্রসারিত করেছে হেডসেটেও। তিন বছরেরও বেশি সময় ধরে গবেষণা করে অবশেষে তারা বিশ্ববাসীর সামনে অবমুক্ত করেছে তাদের ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট। সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত ডেভেলপারদের এক সম্মেলনে সনি ওয়ার্ল্ড ওয়াইড স্টুডিও’র প্রেসিডেন্ট সুহেই ইয়োশিদা প্লেস্টেশন৪-এর জন্য তৈরি এই হেডসেটকে পরিচয় করিয়ে দেন সকলের সামনে। ভার্চুয়াল রিয়েলিটি ডিভাইসের মাধ্যমে যেমন একজন গেমার গেমের অভ্যন্তরে প্রবেশের অনুভূতি লাভ করে, তেমনি এই হেডসেট ব্যবহার করলে গেমার গেমের শব্দগুলোকে এমনভাবে শুনতে পারবেন, যেন তিনি নিজে সশরীরে অবস্থান করছেন গেমের কাল্পনিক রাজ্যে। এই হেডসেটটির সাথে রয়েছে একটি হেড মাউন্টেড ডিসপ্লে, যাতে রয়েছে ১০৮০ পিক্সেল রেজ্যুলেশন এবং ৯০ ডিগ্রি ফিল্ড অব ভিউ। ফলে গেমার এই হেডসেট ব্যবহার করলে গেমের মধ্যেই বাস্তবতার ছোঁয়া অনুভব করবেন। এর সাথে বিল্ট-ইন হিসেবে রয়েছে অ্যাকসেলারোমিটার, গাইরোস্কোপ প্রভৃতি সেন্সর। এসব সেন্সরের সাথে প্লেস্টেশনের ক্যামেরা সম্মিলিতভাবে গেমারের মাথার নড়াচড়াকে নিখুঁতভাবে ট্র্যাক করতে পারবে। ফলে এটি পরিধান করে গেমার মাথা নাড়ালে এর ডিসপ্লেটিও তার সাথে সমন্বয় করেই নড়ে উঠবে। এতে ব্যবহূত থ্রিডি অডিও প্রযুক্তি গেমারের নড়াচড়ার উপর ভিত্তি করেই জীবন্ত শব্দ উপহার দেবে। প্লাগ অ্যান্ড প্লে ভার্চুয়াল রিয়েলিটি অভিজ্ঞতা প্রদান সহজ করতে প্লেস্টেশন ক্যামেরা ছাড়াও প্রজেক্ট মরফিয়ারস করবে ডুয়ালশক৪ ওয়্যারলেস কন্ট্রোলার এবং প্লেস্টেশন মুভের সাথেও কাজ করবে। এটি অবমুক্ত করে ইয়োশিদা বলেন, ‘এই প্রজেক্ট নিয়ে আমরা তিন বছরেরও বেশি সময় ধরে কাজ করছি। ‘প্রজেক্ট মরফিয়াস’ নামে এটি তৈরির কাজ শুরু হয়। আমরা বিশ্বাস করি, এই হেডফোন ভবিষ্যতে গেমিং ইন্ডাস্ট্রিতে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসবে।’ সনি জানিয়েছে, প্রাথমিকভাবে এই ভার্চুয়াল রিয়েলিটি হেডফোনগুলোর প্রোটোটাইপ ডেভেলপারদের জন্য উন্মুক্ত করা হবে। তাদের মাধ্যমেই এর যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করে এরপর সাধারণ গেমারদের জন্য এটি বাজারে আসবে।