বিশ্বসাহিত্য কেন্দ্রের অনলাইনভিত্তিক বইপড়া কর্মসূচির উদ্বোধন

বিশ্বসাহিত্য কেন্দ্র এবারে অনলাইনভিত্তিক বইপড়া কর্মসূচি ‘আলোর পাঠশালা’ চালু করেছে। গত ১৯ মার্চ বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে ‘আলোর পাঠশালা’ শিরোনামের এই ওয়েবসাইট সকলের জন্য উন্মুক্ত করেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এএস মাহমুদ, তথ্যপ্রযুক্তি ব্যক্তিত্ব মোস্তাফা জব্বার, গ্রামীণফোনের হেড অব কর্পোরেট কমিউনিকেশন সৈয়দ তাহমিদ আজিজুল হক প্রমুখ। আলোর পাঠশালা কর্মসূচির মাধ্যমে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বাংলা ও বিশ্বসাহিত্যের সেরা কিছু বই পড়ার সুযোগ পাবেন। কেন্দ্রের নিজস্ব প্রকাশনার ৭২টি বই নিয়ে এই কর্মসূচির যাত্রা শুরু হয়েছে। আগ্রহী পাঠকবৃন্দ অনলাইনে নিবন্ধন করে বিনামূল্যে বইগুলো ডাউনলোড করে পড়ার সুযোগ পাবেন। পিসির পাশাপাশি অ্যান্ড্রয়েড ও ই-বুক রিডার থেকেও পড়া যাবে এখান থেকে। গ্রামীণফোনের স্পন্সরে তৈরি আলোর পাঠশালার ওয়েবঠিকানা http://alorpathshala.org।