জানার আছে : বৃহত্তম ভাইরাস
প্রকাশ : ২১ মার্চ ২০১৪, ১৯:১৪
তথ্যপ্রযুক্তির এই যুগে ভাইরাসের নাম শুনেননি এমন মানুষের সংখ্যা খুবই কম। ভাইরাস শব্দটি ইদানীং প্রযুক্তিনির্ভর হলেও আমাদের দৈনন্দিন জীবনে শব্দটি নানাভাবে ব্যবহার হয়ে থাকে। আর ভাইরাস বলতে আমাদের মাথায় ছোট কোনো কিছুর চিত্র ভেসে ওঠে। তবে এবার চিলির সমুদ্রতটের কাছে পাওয়া গেছে বিশ্বের বৃহত্তম ভাইরাসের সন্ধান। এর নাম মেগাভাইরাস চিলেনসিস। এ ভাইরাসটিতে ১ হাজারেরও বেশি জিন রয়েছে। মেগাভাইরাস চিলেনসিসের জিনোম আগের রেকর্ড করা মিমিভাইরাসের চেয়েও ৬.৫ শতাংশ বড়। মিমিভাইরাস ২০০৩ সাল থেকে বৃহত্তম ভাইরাসের রেকর্ডে শীর্ষ স্থানটি দখল করে রেখেছিল।
ভাইরাস ব্যাকটেরিয়া থেকে আলাদা হওয়ার কারণ এরা খুবই ক্ষুদ্র হয় এবং নিজে থেকে তৈরি হতে পারে না। মেগাভাইরাস এত বড় আকারের যে এটি ব্যাকটেরিয়ার আকারকেও ছাড়িয়ে যায় এবং এর মধ্যে ডিএনএ-এর গঠনও জটিল। ভাইরাস শব্দটি এতদিন কেবল ক্ষতিকারক অর্থে ব্যবহূত হলেও ফ্রান্সের ন্যাশনাল সেন্টার ফর সায়েন্টিফিক রিসার্চের গবেষক জেন মিশেল ক্ল্যাভারি জানান, ডিএনএ ভাইরাসগুলো বসন্ত ও চর্মরোগ বহনকারী হলেও এই ভাইরাসটি মানবদেহের জন্য ক্ষতিকর নয়। কোনো অ্যান্টিভাইরাস না হয়েও ভাইরাস ক্ষতিকারক নয়, এমন ঘটনা সম্ভবত এই প্রথম।