বন্ধুদের নিয়ে টেস্টবাডে

যারা প্রায়শই বন্ধুদের নিয়ে বাইরে খেতে পছন্দ করেন, তাদের সব সময়ই আগ্রহ থাকে এ প্রশ্নে—কোথায় নতুন খাবারে খোঁজ মিলবে? তাদের জন্য উত্তর হতে পারে—টেস্টবাড। অন্দরসাজটা তাদের যেমন দারুণ, তেমনি সুন্দর করে সাজানো প্রতিটি খাবার। তাদের আয়োজন দেখে এসে লিখেছেন সাজেদুল ইসলাম শুভ্র ও ছবি তুলেছেন দীপঙ্কর দীপু বনানী এগার থেকে একটু ভেতরে। চিনতে একদমই কষ্ট হয় না। সুন্দর এক ঝরনা রয়েছে সামনে। গ্লাসের উপর দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে, ভেতরে আবছা আলোয় এই রেস্তোরাঁর দেখা মেলে। সোফা কিংবা ছোট্ট টেবিল— সব রকমের বসার আয়োজন রয়েছে আপনার জন্য। ঢুকতেই যে জায়গাটা, তার উপর দিয়েই কিন্তু গড়িয়ে পড়ছে ঝরনাধারার পানি। তার উপর যখন দুপুরে সূর্যের আলো এসে উঁকি দেয়, সে এক অদ্ভুত দৃশ্য! আর এই আমেজেই কেন এক কাপ কফি নয়? নিছক এক কাপ কফিটা তখন কতই না আমুদে হয়ে যায়! টেস্টবাড যাত্রা শুরু করেছে ক’মাস হলো। এর মাঝেই অবশ্য তরুণদের কাছে পছন্দের জায়গা হয়ে উঠেছে। দিনরাত এখানে আড্ডা জমে, পরিবারকে নিয়েও আসেন অনেকেই। ভেতরের দিকটায় আয়না, আলো আর রঙের মিশেলে দারুণ করে সাজানো। এর মাঝেই এক ফাঁকে অর্ডারটা করে দিন। কিছু খাবারের কথা না বললেই নয়। ফ্রাইড প্রন, চিকেন বক্সিং খেয়ে দেখতে পারেন। দামটা একটু বেশি মনে হলেও দু’জনে শেয়ার করাই যায় একটা আইটেম। স্যুপ রয়েছে চার রকমের, সেগুলোও বেশ মজার। টেস্টবাডের পাস্তা যদি কেউ না খেয়ে থাকেন, তাহলে পাস্তার স্বাদ যে কত্ত মজার হতে পারে, সেটা বোধকরি মিস করে গেছেন! পেনে আরাবিয়াতা তাদের অনেক পছন্দের পাস্তা। আরও অপশন তো আছেই, বেছে নিন আপনার পছন্দমাফিক। হালকা খাবারের দিকে টান যাদের, তারা স্যান্ডুইচ খেতে পারেন। চার রকমের স্যান্ডুইচ পাবেন এখানে। এর সাথে নিতে পারেন তিরামিশু স্লাইস, তিন লেয়ারে কফিটা দেখতে যেমন সুন্দর, খেতে আরও বেশি মজা। অনেকের ভোজটাই পুরো হয় না ডেজার্ট ছাড়া। তাদের জন্য টেস্টবাড অনেক বেশি পারফেক্ট। নানা স্বাদের মিষ্টি আইটেম রয়েছে এদের। চকলেট, রাস্পবেরি কেক অনেক ভালো লাগবে আপনাদের। এর বাইরে রেগুলার জুস, কফি, চা তো আছেই। আছে প্রায় দশটি স্বাদের মিল্ক শেক। এ ক ন জ রে কোথায় :বাসা-৫২, ব্লক-এইচ, রোড-১১, বনানী, ঢাকা কবে যাবেন :সাতদিনই খোলা থাকে দুপুর ১২টা থেকে মাঝরাত পর্যন্ত। বিশেষত্ব :খাবারের মান, স্বাদ আর সুন্দর পরিবেশটাই টেস্টবাডের মূল আকর্ষণ। কী খাবেন :চিকেন বক্সিং, পেনে আরাবিয়াতা, রেড ভেলভেট, চিকেন চিপতলে স্যান্ডুইচ, তিরমিশু স্লাইসসহ সুস্বাদু অনেককিছু।