শ্রীবরদী থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে কুড়িকাহনিয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নুরে আলমকে আটক করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ইউনিয়ন পরিষদের সামনের কাঁচা রাস্তা থেকে ৫৭ পিস ইয়াবা ও ৫ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে তার বিরুদ্ধে মাদক আইনে পৃথক দুটি মামলা দিয়ে শেরপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।
শ্রীবরদী থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় শ্রীবরদী থানা পুলিশ ও শেরপুর জেলা গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে কুড়িকাহনিয়া ইউনিয়ন পরিষদের সামনের রাস্তা থেকে চেয়ারম্যান নুরে আলমকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৫৭ পিস ইয়াবা ও ৫ বোতল ফেন্সিডিল পাওয়া যায়।
শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, আটককৃত ইউপি চেয়ারম্যান নুরে আলমের বিরুদ্ধে মাদক আইনে পৃথক দুটি মামলা দিয়ে শেরপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।