অফট্র্যাক পুরান শহরে গানের আড্ডায়
প্রকাশ : ২৪ মার্চ ২০১৪, ১৯:৫০
অফ ট্র্যাক :অ্যান আনপ্লাগড মিউজিক ক্যাফে। ওয়ার্ল্ড ইনফো গ্রুপের চেইন রেস্তোরাঁ ও পার্টি সেন্টার। দু তলাজুড়ে তাদের পসরা। ঢুকতেই চোখে পড়বে স্টেইজ এবং সাউন্ড সিস্টেম। প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ভোজনরসিক শ্রোতাদের গান শোনাতে শুরু করে তাদের নিজস্ব ব্যান্ড। চাইলে অনুরোধের আসরও বসায় তারা। পুরান ঢাকার ওয়ারীতে অফট্র্যাক ঘুরে এসে লিখেছেন সাজেদুল ইসলাম শুভ্র, ছবি তুলেছেন দীপঙ্কর দীপু
কদিন আগেই আলো-আঁধারের মাঝে নিরন্তর সুরের মূর্ছনায় বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো অফট্র্যাক মিউজিক ক্যাফে অ্যান্ড রেস্তোরাঁর এক বছর। সুপরিসর নান্দনিক পরিবেশে রুফ টপ ও লাইভ মিউজিক, খ্যাতনামা সেফদের তত্ত্বাবধানে থাই, চাইনিজ, ইন্ডিয়ান ফুড, বার-বি-কিউসহ নানা স্বাদের খাবার, বুফে ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনার ছাড়াও পার্টির ব্যবস্থা রয়েছে অফট্র্যাকে। দেশের খ্যাতনামা ব্যান্ড ও শিল্পীদের অংশগ্রহণে প্রায়ই এখানে হয় লাইভ কনসার্ট, সুরের টানেই তাই প্রতিদিন এখানে ভিড় করেন ভোজনরসিকেরা।
আমরা বাস্তবিক জীবনে যা যা করছি, সবই বাঁধা এক নিয়ম বা শৃঙ্খলে। প্রতিটি কাজই চলে যেন একটি রুটিনকে কেন্দ্র করে। এর জন্য নিজেকে রোবট মানব হিসেবে চিন্তা করলেও ভুল হবে না। কিন্তু মনের পিপাসা মেটাতে হলে রোবটিক জীবন থেকে নিজেকে বের করে আনতে হবে। কিছুটা সময় অতিবাহিত করতে হবে নিজের সঙ্গে। আর এই মোক্ষম সময়টি কাটাতে পারেন বিনোদন আর খাবারের সঙ্গে। অফট্র্যাকের পরিচালক মোহাম্মদ শাহিন বলেন, ‘আমরা জীবনে যাই করি না কেন, সবই হয় একটি ট্র্যাক থেকে। তবে খাবারের সঙ্গে মিউজিকের এমন কম্বিনেশন উপভোগ করতে চাইলে তাকে কোনো ট্র্যাকে ফেলা যায় না। রেস্টুরেন্টটির নামের সার্থকতাও যেন এখানেই।’ রেস্টুরেন্টটির যাত্রা শুরু হয় ২০১২ সালে ওয়ারীতে।
সব ধরনের ভোজনরসিক আসতে পারবেন। এখানে খাবারের কোনো ক্যাটাগরি না করলেও, অনেকটাই রিজনেবল বলে দাবি করেন পরিচালক শাহিন। থাই, চায়নিজ, ইন্ডিয়ান, বার-বি-কিউ, দেশি কাবাবসহ বিভিন্ন খাবারকে প্রাধান্য দেওয়া হয়েছে। খাবারের মান ধরে রাখতে প্রতিটি খাবারের জন্য রয়েছে আলাদা শেফ। রেগুলার মেন্যুর পাশাপাশি পাবেন বেশ কিছু কম্বো প্যাকেট, যা সেট মেন্যু নামে পরিচিত। সকালের নাশতা থেকে রাতের খাবার সবই মিলবে এখানে। ফ্রাইড রাইস, নানের সঙ্গে চিকেন, বিফ বা ফিশ আইটেম নিতে পারেন ভারী খাবারের জন্য। রাতের পরিবেশের সঙ্গে ভিন্ন খাবারের স্বাদ নিতে চাইলে আছে পোড়া স্বাদের বার-বি-কিউ অথবা স্যুপ আইটেম। এ ছাড়া অফট্র্যাকের স্পেশাল আইটেম তো থাকছেই। রিফ্রেশের জন্য পাবেন বিভিন্ন কফি ও জুস। খাবারের পূর্ণতা আনতে মজাদার স্বাদের ডেজার্ট।
এ ক ন জ রে
কোথায় :র্যাংকিং স্ট্রিট, ওয়ারী, ঢাকা
কবে যাবেন :যেকোনো দিন সকাল ১১টা থেকে রাত ১১টা।
কী খাবেন :থাই, চায়নিজ, ইন্ডিয়ান, বার-বি-কিউ, দেশি কাবাবসহ বিভিন্ন খাবারকে প্রাধান্য দেওয়া হয়েছে।
ফোন :০২৯৫৩৪৭৯২