ঘরের সৌন্দর্য বাড়াতে অ্যাক্যুরিয়াম
প্রকাশ : ২৪ মার্চ ২০১৪, ১৯:৫৩
আমাদের মাঝে কিছু মানুষ আছেন যারা খুবই শৌখিন। মৌলিক চাহিদাগুলো পূরণ হওয়ার পর তারা তাদের জীবন আর তার পরিবেশ সাজাতে চায় সুন্দর কিছু দিয়ে। যেটা তার ও তার আশপাশের মানুষের নজর কাড়ে। আর এক্ষেত্রে দেখা যায় একেক মানুষের একেক রকম শখের। ঠিক তেমনি একটি শখের জিনিস হলো, অ্যাক্যুরিয়াম। কিন্তু একটা সুন্দর, চকচকে, মাছের জন্য স্বাস্থ্যকর অ্যাক্যুরিয়াম মেইনটেন করতে হলে সেটার পিছনে অনেক শ্রম দিতে হবে। এটা ছাড়াও আপনাকে হতে হবে ধৈর্যশীল।
যারা বাড়িতে অ্যাক্যুরিয়ামে মাছ পালেন তাদের মধ্যে বড় একটা অংশ একসময় হোপলেস হয়ে আগ্রহ হারিয়ে ফেলেন। তখন সেই ভাঙা অ্যাক্যুরিয়ামের জায়গা হয়ে বাড়ির স্টোররুমে বা গ্যারেজের কোণায়। তবে দীর্ঘদিন ধরে আগ্রহ ও ধৈর্য বজায় রাখাটাও অনেক সময় টাফ হয়ে যায়। কারণ, বেশিরভাগ মানুষ অ্যাক্যুরিয়ামের ব্যাপারে সঠিক তথ্য পায় না। অনেকটা বেসিক সেন্সের উপর ভিত্তি করে মাছ পালেন অ্যাক্যুরিয়ামে। শেষে মাছ অসুখ হয়ে মারা যায়।
যখন অ্যাক্যুরিয়াম কেনার সিদ্ধান্ত নেবেন তখন প্রথমেই আপনাকে খেয়াল রাখতে হবে আপনার ঘরের মাপ। কারণ বেশি বড় বা বেশি ছোট অ্যাক্যুরিয়াম আপনার ঘরে বেমানান লাগতে পারে। ধরে নিলাম একটি সাধারণ ঘরের মাপ হতে পারে ১০ ফুট বাই ১৫ ফুট। আর তাই এই ধরনের রুমে ২ ফুট বাই ১ ফুট বা ২.৫ ফুট বাই ১.৫ ফুট অ্যাক্যুরিয়ামই আদর্শ। কাঁচের পুরুত্ব এখানে একটা ব্যাপার। তবে বড় অ্যাক্যুরিয়ামের ক্ষেত্রে পুরু কাঁচ নেওয়াটাই ভালো। অ্যাকুরিয়ামে রাখার জন্য অনেক রকম মাছ পাওয়া যায়। গোল্ড ফিশ, অ্যাঞ্জেল ফিশ, ডিসকাস, ক্যাটফিশ, টেট্রা, শার্ক, সিচাইল্ড, অস্কার, বার্ব, গাপ্পি, রেইনবো ফিশ, পাফার ফিশ, সার্ডটেইল, স্ক্যাভেঞ্জার আরও কত মাছ! মজার ব্যাপার হলো একেকটা মাছের শত শত প্রজাতি আছে। প্রতিটি ভিন্ন ভিন্ন রং এবং আলাদা সৌন্দর্যের। বিক্রেতার সাথে পরামর্শ করে জেনে নিন এক অ্যাকুরিয়ামে একসাথে কোন কোন মাছ থাকতে পারে, তাদের খাদ্যাভ্যাস এবং সাধারণ যত্নাদি।
অ্যাকুরিয়ামের যত্নের জন্য কিছু তথ্য আপনার জানা থাকা দরকার। এ বিষয়ে আপনাকে সাহায্য করবেন মাছ বিক্রেতা নিজেই। কতদিন পরপর পানি পরিবর্তন করতে হবে, পানি পরিবর্তনের সময় কী কী মেডিসিন, ভিটামিন দিতে হবে, লবণ কী পরিমাণ দিতে হবে ইত্যাদি। পরিমাণটা নির্ভর করবে অ্যাকুরিয়ামে পানি এবং মাছের ধারণ ক্ষমতার ওপর। অ্যাকুরিয়ামে অনেক শ্যাওলা জন্মে তাই সাকার মাউথ ক্যাট ফিশ অ্যাকুরিয়ামে রাখলে শ্যাওলা জমে থাকা থেকে মুক্তি পাবেন।