মেসি জাদুতে বার্সার প্রত্যাবর্তন
প্রকাশ : ২৪ মার্চ ২০১৪, ২২:০২
লিওনেল মেসির দুর্দান্ত এক হ্যাটট্রিকে বার্সেলোনা গত রবিবার রাতে ১০ জনের দলে পরিণত হওয়া রিয়াল মাদ্রিদকে সান্তিয়াগো বার্নাব্যুতে ৪-৩ গোলে হারিয়েছে। এর মাধ্যমে লা-লিগায় সমান ২৯ খেলায় ৭০ পয়েন্টে যৌথভাবে শীর্ষে থাকা রিয়াল ও অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে এক পয়েন্ট কম নিয়ে তিনে থাকা কাতালানরা শিরোপা প্রতিদ্বন্দ্বিতা আবারো জমিয়ে তুলল।
ইতিহাস আর ঐতিহ্যের নিরিখে এল ক্লাসিকোকে বিবেচনা করা হয় স্প্যানিশ ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত দ্বৈরথ হিসাবে। তবে পয়েন্ট টেবিলে রিয়াল-বার্সেলোনা আর অ্যাটলেটিকোর অবস্থান বিবেচনায় মর্যাদার পাশাপাশি রবিবারের ক্লাসিকোটিকে বিবেচনা করা হচ্ছিল শিরোপা লড়াইয়ের গতিপথ নির্ধারণী হিসাবেও। রিয়ালের চাইতে চার পয়েন্ট কম নিয়ে চির প্রতিদ্বন্দ্বীদের মাঠে খেলতে নামা বার্সেলোনা এই রাতে মাঠে নেমেছিল শিরোপা লড়াই থেকে ছিটকে পড়ার আশঙ্কা নিয়েই।
রিয়ালের সামপ্রতিক পারফরম্যান্স আর প্রতিপক্ষের মাঠে গত কয়েক খেলায় বার্সেলোনার ফর্ম বিচারে কিছুটা হলেও এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদই। তবে পার্থক্য গড়ে দিলেন আর্জেন্টাইন মেসি। এই আর্জেন্টাইনের ধ্রূপদী পারফরম্যান্সে ম্লান হয়ে গেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। যদিও, নায়ক হওয়ার সুযোগ ছিল তার সামনেও। কিন্তু দুই বার পিছিয়ে পড়েও দলকে সমতায় ফেরানোর পর, ম্যাচ শেষ হওয়ার ছয় মিনিট আগে জয়সূচক গোলটি করে রাতটিকে পুরোপুরি নিজের করে নেন মেসি।
আন্দ্রেস ইনিয়েস্তা কোচ জেরার্ডো মার্টিনোর দলকে প্রথমে এগিয়ে দিলেও করিম বেনজামা পরপর দুটি গোল করে রিয়ালকে এগিয়ে নেন। তবে বিরতির আগে মেসির প্রথম গোল দলকে সমতায় ফেরান। তবে ৬০ মিনিটে ক্রিশ্চিয়ানো রোনালদোর পেনাল্টি থেকে পাওয়া গোলে আবারো এগিয়ে যায় রিয়াল। দশ মিনিট পর মেসিও পেনাল্টি গোলে বার্সাকে আবারো সমতায় ফেরানো। এ সময় নেইমারকে ফাউল করার কারণে মাঠ ছাড়তে হয় সার্জিও রামোসকে। এরপর নির্ধারিত সময়ের ছয় মিনিট আগে আরেকটি পেনাল্টি গোলে নিজের হ্যাটট্রিকে বার্সাকে জয় এনে দেন আর্জেন্টিনার অধিনায়ক।
পাশাপাশি এই গোলের মাধ্যমে অনন্য এক রেকর্ডেরও মালিক হলেন মেসি। রিয়াল কিংবদন্তি আলফ্রেডো ডি স্টেফানোর ১৮ গোলকে পিছনে ফেলে এল ক্লাসিকোতে এখন মেসিই সর্বোচ্চ গোলদাতা। দু’দলের এই দ্বৈরথে মেসির গোলসংখ্যা ১৯।
এই জয়ের পর ২৯ তম রাউন্ড শেষে ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা মাদ্রিদের ওপর চাপ বাড়ালো কাতালানরা। তবে রিয়ালের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে জয়ের হিসাবে তাদের পেছনে ফেলে শীর্ষে আছে অ্যাটলেটিকো। গাবি ও দিয়েগো কস্তার দুই গোলে একই রাতে রিয়াল বেটিসকে ২-০ গোলে হারিয়েছে অ্যাটলেটিকো।
লা লিগার শীর্ষ তিন
দল ম্যাচ গোল ব্যবধান পয়েন্ট
অ্যাটলেটিকো মাদ্রিদ ২৯ +৪৫ ৭০
রিয়াল মাদ্রিদ ২৯ +৫০ ৭০
বার্সেলোনা ২৯ +৬০ ৬৯