এগিয়ে চলেছে নিউজিল্যান্ডের মেয়েরা
প্রকাশ : ২৫ মার্চ ২০১৪, ২৩:১২
দক্ষিণ আফ্রিকার কাছে নিউজিল্যান্ডের পুরুষ দল হারলেও মসৃণ গতিতেই এগিয়ে চলেছে কিউইদের মহিলা ক্রিকেট দল। সিলেটে গতকাল মঙ্গলবারের প্রথম ম্যাচে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে তারা। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ৭ রানে পরাজিত করার পরে এবার আয়ারল্যান্ডকে ৪২ রানে বিধ্বস্ত করে গ্রুপ-এ তে নিজেদের অবস্থান শক্ত করেছে তারা। নিউজিল্যান্ডের করা ৩ উইকেটে ১৭১ রানের জবাবে আইরিশদের ইনিংস ৫ উইকেটে ১২৯ রানেই গুটিয়ে যায়।
সিলেট বিভাগীয় স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক সুজি বেটস। আইরিশ বোলারদের হতাশ করে উদ্বোধনী জুটিতেই বেটস এবং ফ্রান্সেস ম্যাকে মিলে ১১৬ রানের বিশাল স্কোর গড়ে তুলেন। ১৫.১ ওভার পর্যন্ত তারা প্রথম জুটি টেনে নিয়ে যান। এই জুটি ৩৭ বলে ৫০ রান তোলার পরে ৭৯ বলে দলের ১০০ রান পূর্ণ করে। অবশেষে এমিয়ের রিচার্ডসন এই জুটি ভাঙ্গতে সক্ষম হন। বেটস ৫১ বলে ১০টি বাউন্ডারির সহায়তায় ইনিংস সর্বোচ্চ ৬৮ রান সংগ্রহ করে হয়েছেন ম্যাচ সেরা। তাকে যোগ্য সহায়তা করেছেন ম্যাককে। ৪৯ বলে ৬টি বাউন্ডারির সহয়তায় তার ব্যাট থেকে এসেছে ৫১ রান। দলীয় ১৪৪ রানে ম্যাককেও সাজঘরের পথ দেখান রিচার্ডসন। এছাড়া সারা ম্যাকগ্লাশান ৩৪ রানে অপরাজিত ছিলেন। সারা ইনিংসের শেষ দিকে ঝড়ো ব্যাটিং করে মাত্র ১৩ বলে ৩টি ওভার বাউন্ডারি ও ২টি বাউন্ডারির সাহায্যে ৩৪ রান সংগ্রহ করেন। শেষ ১৫ বলে নিউজিল্যান্ড ২৭ রান সংগ্রহ করে ইনিংস ১৭১ রান পর্যন্ত সমৃদ্ধ করে। রিচার্ডসন ৩২ রানে নিয়েছেন ২টি উইকেট।
জবাবে জয়েস বোনদ্বয়ের ব্যাটিং দৃঢ়তায় আয়ারল্যান্ড পরাজয়ের ব্যবধানই শুধু কমিয়েছে। অধিনায়ক ইসাবেল জয়েস ২৮ বলে করেছেন ২৪ রান। আর সিসিলা জয়েস সমসংখ্যক বলে ৪টি বাউন্ডারির সহায়তায় সর্বোচ্চ ৩৯ রান করে অপরাজিত ছিলেন। এছাড়া উদ্বোধনী ব্যাটসম্যান ক্লেয়ার শিলিংটনের ব্যাট থেকে এসেছে ২৮ রান। মরনা নিয়েলসেন ২৩ রানে নিয়েছেন ২ উইকেট।
ম্যাচ শেষে আইরিশ অধিনায়ক ইসাবেল তার বোলার ও ফিল্ডারদের ওপর কিছুটা হতাশা ব্যক্ত করে বলেছেন, ৩০/৪০ রান কম হলে হয়তোবা নিউজিল্যান্ডকে ধরা সম্ভব হতো। বিশেষ করে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা শেষ তিন ওভারে যেভাবে হাত খুলে খেলেছেন তাতে ইসাবেলের হতাশা প্রকাশ করাটাই স্বাভাবিক। তবে প্রথমবারের মতো টি-২০ বিশ্বকাপের আবহ যে অনুভব করতে পারছে এটাকেই দলের জন্য দারুণ এক অভিজ্ঞতা হিসেবে মানছেন ইসাবেল।
অন্যদিকে দুই ম্যাচেই জয় পাওয়া নিউজিল্যান্ড এখন টুর্নামেন্টের বাকি দুই ম্যাচের জন্য মুখিয়ে আছে। যদিও অস্ট্রেলিয়াকে হারিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করার পরে নিজেদের আত্মবিশ্বাস অনেক বেড়েছে বলেই মনে করেন কিউই অধিনায়ক বেটস। তবে বাকি দুই ম্যাচে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাও যে প্রতিপক্ষ হিসেবে মোটেই সহজ হবে না বেটস স্বীকার করেছেন সেটাও। টি-টোয়েন্টিতে যে কোন দিন যে কেউ জিততে পারে জানিয়ে বেটস বলেন, ‘দুইবার শিরোপার কাছাকাছি গিয়েও তা হাতছাড়া হবার হতাশা এবার কাটাতে দৃঢ়প্রতিজ্ঞ নিউজিল্যান্ডের মেয়েরা। সেই লক্ষ্যে দল ভালভাবে এগিয়ে যাচ্ছে।’
আজ একই ভেন্যুতে দুইটি ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড-ভারত। -বাসস