সানডে’র হ্যাটট্রিক

মোহামেডান মুক্তিযোদ্ধার জয়

মোহামেডান এবং মুক্তিযোদ্ধা সংসদ মাঠে নেমেই গোল হজম করেছিল। কিন্তু প্রতিপক্ষ দল দুটি গোল করার পরই আর তাদের খুঁজে পাওয়া গেল না। দিনের প্রথম ম্যাচে মোহামেডান ৪-১ গোলে আরামবাগকে এবং সানডে চিজোবার হ্যাটট্রিকে দ্বিতীয়টিতে মুক্তিযোদ্ধা ৬-১ গোলে হারিয়েছে উত্তর বারিধারা ক্লাবকে। মুক্তিযোদ্ধা সংসদ প্রথম ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে। তিন নম্বর গ্রুপ থেকে উত্তর বারিধারার বিদায় নিয়ে ফেলল দুই ম্যাচ হেরে। বারিধারা ক্লাবের হারের কারণে শেখ জামালও কোয়ার্টার ফাইনালে উঠে গেলো। শেখ জামাল আগেই উত্তর বারিধারাকে ৪-০ গোলে হারিয়ে তিন পয়েন্ট হাতে নিয়ে রেখেছে। বৃহস্পতিবার শেখ জামাল এবং মুক্তিযোদ্ধার ম্যাচের মধ্যে নির্ধারণ হবে গ্রুপ চ্যাম্পিয়ন। নাইজেরিয়ান সানডে চিজোবা মধুমতি ব্যাংক স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টে প্রথম হ্যাটট্রিক করেছেন। পুনরায় ঢাকায় খেলতে আসা এই ফরোয়ার্ড প্রথম ম্যাচেই ঝলসে উঠলেন। মুক্তিযোদ্ধার নাইজেরিয়ান এনকোয়াচা দুটি এবং এলিটা কিংসলে এক গোল করেন। এই ম্যাচে পিছিয়ে ছিল মুক্তিযোদ্ধা। যদিও নবম মিনিটে উত্তর বারিধারার নাইজেরিয়ান লাকি ডিভাইন গোল করে এগিয়ে দিয়েছিলেন তার দলকে ১-০। কিন্তু সেটা তিন মিনিটের ব্যবধানে হাওয়ায় মিলিয়ে গেলো। ১২ মিনিটে সমতা আনে মুক্তিযোদ্ধা। এরপর আর পুরো ম্যাচের কর্তৃত্ব করে আরো পাঁচ গোল করে কোচ শফিকুল ইসলাম মানিকের মুক্তিযোদ্ধা। প্রথমার্ধে মুক্তিযোদ্ধা ৩-১ গোলে এগিয়ে ছিল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম ম্যাচেও একই ঘটনা ঘটে। আরামবাগের কাছে মোহামেডান এক গোল হজম করে ম্যাচ জিতেছে ৪-১ ব্যবধানে। প্রথমার্ধ ২-১ গোলে এগিয়ে ছিল মোহামেডান। ম্যাচের পঞ্চম মিনিটে আরামবাগের অধিনায়ক রোকনুজ্জামান কাঞ্চনের ক্রসের বল মোহামেডানের ডিফেন্ডার মিন্টু শেখ স্ট্রাইকারের মতোই নিজেদের জালে পাঠিয়ে দেন ১-০। এই মিন্টু শেখ এভাবে অনেকবারই মোহামেডানকে বিপদের মুখে ঠেলে দিয়েছেন। তার ভুলের কারণে আবাহনীর কাছে (১-০) হেরেছিল মোহামেডান। আরো বেশ কয়েকবার অমার্জনীয় ভুলের কারণে মোহামেডান পয়েন্ট হারিয়ে খেসারত দিয়েছিল। গতকাল আবার সেই মিন্টু শেখের ভুলে আরামবাগ আত্মঘাতি গোলে আরামবাগ এগিয়ে যায়। মোহামেডান পিছিয়ে যায়। মোহামেডানের ভাগ্য ভালো। আরামবাগের বিপ্লব কুমার মালী বিষ্ণু অদক্ষ গোলকিপার। তার ভুলের সুযোগে মোহামেডান গোল করে চারটি। ম্যাচের সপ্তম মিনিটে নাইজেরিয়ান ড্যামিয়েন চিগোজি সমতা আনেন ১-১। তিনবার গোল মিস করার পর জাহিদের ক্রস থেকে এমিলি সুন্দর গোল করেন, এগিয়ে দেন ২-১। গোল করে গ্যালারির দিকে তাকিয়ে দৃশ্যত দর্শকদের বোঝালেন তিনিও গোল করতে পারেন। দ্বিতীয়ার্ধে সবুজ গোল করেন ৩-১। এমিলি নিজের দ্বিতীয় গোল করলেন ৪-১। আত্মীয়-স্বজনরা এসেছিলেন এমিলির খেলা দেখতে। গোল দেখে খুশি সবাই। ম্যাচের শেষ দিকে হ্যাটট্রিকের সুযোগ পেলেন এমিলি। আরামবাগের দুর্বল গোলকিপারকে একা পেয়েও এমিলি বল তুলে দিলেন তার হাতে। হ্যাটট্রিকের এমন সুযোগ পেয়েও নিজের পায়ে নিজেই কুড়াল মারলেন। দুই নম্বর গ্রুপে আরামবাগ দুই ম্যাচ হেরে বিদায় নিল। এখন এই গ্রুপ থেকে মোহামেডান আবাহনী উঠে গেলো কোয়ার্টার ফাইনালে। গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণের জন্য মোহামেডান দ্বিতীয় এবং শেষ ম্যাচ খেলবে আবাহনীর বিরুদ্ধে বৃহস্পতিবার। আজকের খেলা : বিজেএমসি-সকার ক্লাব, শেখ রাসেল-ব্রাদার্স, ৪টা ও ৬টা।