আরো এগোলেন শারাপোভা

পুরুষ ও মহিলা টেনিসের দুই শীর্ষ তারকা রাফায়েল নাদাল ও সেরেনা উইলিয়ামস মায়ামিতে চলমান সনি ওপেনেও তাদের আধিপত্য বজায় রেখেছেন। এই দুজনের পাশাপাশি প্রত্যাশিত জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন টমাস বার্ডিচ ও অস্ট্রেলিয়ান ওপেনের নতুন চ্যাম্পিয়ন স্তানিস্লাস ওয়াওরিঙ্কাও। এদিকে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত জয় নিয়েই কোর্ট ছেড়েছেন মারিয়া শারাপোভা। ডেনিস ইস্তোমিনকে ৬-১, ৬-০ গেমে উড়িয়ে দিয়ে দারুণ উচ্ছ্বসিত নাদাল বললেন, ‘সত্যিই একেবারে নিঁখুত একটা ম্যাচ খেলেছি আমি। টেনিস কোর্টে ভালো খেলার জন্য যে বিষয়গুলো করতে হয়, আজ তার প্রায় সবকিছুই আমি করেছি। আর সেগুলো হয়তো ভালভাবেই করেছি। খেলায় ভুল কম ছিল, সার্ভগুলোও ছিল দারুণ। তাছাড়া কোর্টের প্রায় সব জায়গা থেকেই কার্যকর সব শট খেলতে পেরেছি।’ শেষ আটে নাদাল মুখোমুখি হবেন চতুর্দশ বাছাই ফ্যাবিও ফগনিনির। তৃতীয় রাউন্ডে নাদালের স্বদেশী স্প্যানিয়ার্ড রবার্তো বাতিস্তা অগাটকে হারানো ফগনিনির ব্যাপারে উচ্ছ্বসিত প্রশংসাই ঝরলো নাদালের কণ্ঠে, ‘সে এমন একজন প্রতিপক্ষ যে কিনা এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে আছে। তার প্রতিভা নিয়ে কোন সন্দেহ নেই। তার ফোরহ্যান্ডগুলো দারুণ। ব্যাকহ্যান্ডেও সে শক্তিশালী। কোর্টের যে কোন অংশ থেকে পয়েন্ট বের করে নেয়ার মতো শট খেলার ক্ষমতা তার আছে।’ নাদালের মতো অনায়াস জয় না পেলেও প্রত্যাশিতভাবেই শেষ আটে তাকে অনুসরণ করেছেন ওয়াওরিঙ্কা। তৃতীয় রাউন্ডে এই সুইস ৭-৫, ৬-৪ গেমে হারিয়েছেন রজার ভ্যাসেলিনকে। অন্যদিকে, মহিলা এককের শীর্ষ বাছাই সেরেনা স্বদেশী আমেরিকান কোকো ভ্যানদেওয়েগেকে হারিয়েছেন ৬-৩, ৬-১ গেমে। সনি ওপেনের রেকর্ড ছয় বারের শিরোপাজয়ী সেরেনা প্রতিপক্ষকে উড়িয়ে দিতে সময় নেন মাত্র ৭৯ মিনিট। যদিও শুরুর দিকে বৃষ্টির কারণে কিছুটা পিচ্ছিল হয়ে যাওয়া কোর্টের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে বেগ পেতে হচ্ছিল সেরেনাকে। ম্যাচ শেষে সেরেনা নিজেও জানালেন এমনটাই, ‘আমি শুধু চাইছিলাম বলের কাছাকাছি পৌঁছাতে। তাছাড়া তার সার্ভগুলোও ছিল দুর্দান্ত।’ শেষ আটে সেরেনা খেলবেন সাবেক এক নম্বর অ্যাঞ্জেলিক কারবারের বিরুদ্ধে। সেরেনার জয়ের রাতেই হেরে গেছেন তার বোন ভেনাস উইলিয়ামস। ডমিনিকা চিবুলকোভার বিরুদ্ধে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক ম্যাচ শেষে উইলিয়ামস বোনদের বড়জনকে হার মানতে হয় ৬-১, ৭-৫, ৬-৩ গেমে। ম্যাচ শেষে প্রতিপক্ষকে তার প্রাপ্য কৃতিত্ব দিতে কুণ্ঠাবোধ করেননি চিবুলকোভা, ‘আমি ভেনাস উইলিয়ামসের বিরুদ্ধে আগেও খেলেছি। আমি জানতাম প্রতিপক্ষ হিসাবে সে কেমন। সুতরাং হারের আগে শেষ পর্যন্ত তাকে লড়তে দেখে আমি মোটেই অবাক হইনি।’ এদিকে কারস্টেন ফ্লিপকিন্সের বিরুদ্ধে প্রথম সেটে ৩-৬ গেমে পিছিয়ে পড়ার পরও ৬-৪ ও ৬-১ ব্যবধানে পরের দুটি সেট জিতে নিয়ে মায়ামিতে নিজের প্রথম শিরোপার দিকে আরো একধাপ এগিয়েছেন শারাপোভা। পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় নিয়ে কোর্ট ছাড়তে পারাটা পরবর্তী রাউন্ডগুলোতে আরো আত্মবিশ্বাসী শারাপোভাকে দেখবে বলে ভক্তদের আশ্বস্ত করেছেন এই রাশিয়ান গ্ল্যামার কুইন।