এমএস-ডস এবং ওয়ার্ডের সোর্স কোড উন্মুক্ত!
প্রকাশ : ২৬ মার্চ ২০১৪, ১৯:৪৮
উইন্ডোজ এবং অফিস প্যাকেজসহ মাইক্রোসফটের প্রায় সব সফটওয়্যারই টাকা দিয়ে কিনতে হয় গ্রাহককে। এগুলোর সোর্স কোডও স্বাভাবিকভাবেই উন্মুক্ত করা হয় না সকলের জন্য। তবে চমক দিয়ে তাদের এমএস-ডস অপারেটিং সিস্টেম এবং মাইক্রোসফট ওয়ার্ডের সোর্স কোড উন্মুক্ত করে দেওয়া হয়েছে। বিশেষ করে শিশু-কিশোররা যেন প্রযুক্তিতে আগ্রহী হয় এবং প্রযুক্তিকে সহজে বুঝতে পারে, সেই লক্ষ্যেই তাদের এই দুই সফটওয়্যারের কোড উন্মুক্ত করা হয়েছে। কম্পিউটার হিস্টোরি মিউজিয়ামের সাথে এক যৌথ উদ্যোগের ধারাবাহিকতাতেই কাজটি করেছে তারা। এক ব্লগপোস্টে এর আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে মাইক্রোসফটের গবেষণা বিভাগের এমডি রয় লেভিন জানান এমএস-ডস ১.১ ও ২.০ এবং উইন্ডোজের জন্য ওয়ার্ড ১.১এ সংস্করণের কোড উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এই দুইটি সফটওয়্যারকে কম্পিউটারের ইতিহাসের অন্যতম সংযোজন হিসেবেই মনে করা হয়।