ক্রিকেট বিশ্বেও দুশ্চিন্তা!
প্রকাশ : ২৬ মার্চ ২০১৪, ২১:৫৭
স্পোর্টস রিপোর্টার
১০৮-এর পর ৯৮! সময়টা যে ভাল যাচ্ছে না সেটা বলে না দিলেও চলে। আর এই সময় ভাল না যাওয়া যেমন বাংলাদেশ দলের জন্য সংকটের তেমনি ক্রিকেট বিশ্বের জন্যও অস্বস্তির। বাংলাদেশ ক্রিকেটের দুর্যোগের দিনে তাই এখন কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে মার্টিন ক্রো-অনিল কুম্বলেদের।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাত্কারে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক মার্টিন ক্রো পুরনো কথাটাই নতুন করে বলেন, ‘কোচিং কাঠামো আরো উন্নত করতে হবে বাংলাদেশকে। এর জন্য প্রথমেই তৃণমূলের ক্রিকেটকে আমূল বদলে ফেলতে হবে। ঘরোয়া ক্রিকেটকে আরো উন্নত করা ছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে উন্নতি করা সম্ভব নয়।’
আরো বড় লজ্জা দিয়ে গেলেন সাবেক ভারতীয় স্পিনার অনিল কুম্বলে। টাইমস অব ইন্ডিয়ায় লেখা এক কলামে তিনি মন্তব্য করেছেন- সমর্থকদের ভালবাসার মূল্য দিতে পারছে না বাংলাদেশ ক্রিকেট দল, ‘বাংলাদেশ বেশ অনেকদিন ধরে নিয়মিত আন্তর্জাতিক পর্যায়ের ক্রিকেট খেলছে; কিন্তু তাদের মান এখনো আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছায়নি। দেশটিতে ক্রিকেট নিয়ে অনেক আগ্রহ আছে; কিন্তু দলটি তার সমর্থকদের ভালবাসার মূল্য দিতে ব্যর্থ হচ্ছে।’