লঙ্কান দাপট থামাতে পারবে ইংলিশরা?
প্রকাশ : ২৬ মার্চ ২০১৪, ২২:০৫
স্নায়ুচাপের ম্যাচে লাসিথ মালিঙ্গার ঝড় থেকে আসা জয় দিয়ে শুরু, দ্বিতীয় ম্যাচে নবীন নেদারল্যান্ডকে নিয়ে ছেলে খেলা - বিশ্বকাপ জয়ের মিশনে প্রথম দুটি ম্যাচ আক্ষরিক অর্থেই হয়েছে লঙ্কানদের মনমতো। কিন্তু সব কিছু নির্ভর করছে আজকের ম্যাচের উপর।
আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলঙ্কার প্রতিপক্ষের নাম যে ইংল্যান্ড। আর এই ইংলিশদের বিপক্ষে ম্যাচ এতোদিন নির্ধারিত হয়ে আসছে শ্রীলঙ্কা দলের ভাগ্য। অন্য ফরম্যাটে যাই হোক না কেন লড়াইয়ের মঞ্চটা যখন টি-টোয়েন্টি বিশ্বকাপ তখন চোখ বুজেই এই ম্যাচটাকে দিনেশ চান্দিমালের দলের জন্য মহাগুরুত্বপূর্ণ বলে রায় দিয়ে দেয়া যায়।
কিন্তু কেন? পরিসংখ্যান বলছে ২০০৭ সালের পর যে দুটি টুর্নামেন্টের ফাইনাল খেলেছিল শ্রীলঙ্কা তার পথে তারা হারিয়েছিল ইংল্যান্ডকে। যদি আজ বৃহস্পতিবার শ্রীলঙ্কা জিতে যায় তাহলে সেমিফাইনালে ওঠার পথ অনেকটাই নিশ্চিত হয়ে যাবে তাদের।
এই এক হিসাব বাদ দিলে অবশ্য ইংল্যান্ডকে নিয়ে দুশ্চিন্তার কোন কারণ নেই শ্রীলঙ্কার। সামপ্রতিক সময়ে ধারাবাহিক বাজে ফর্মের মধ্যে দিয়ে যাওয়া ইংলিশরা এই বছর খেলা ছয়টি টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে হেরেছে পাঁচটিতেই। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই তারা হেরেছে নিউজিল্যান্ডের বিপক্ষে। আর শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে তাদের একমাত্র জয়টিও এসেছে প্রায় চার বছর আগে।
আর পারফরম্যান্সের দিক থেকে ইংলিশদের ঠিক বিপরীত দিকেই অবস্থান শ্রীলঙ্কার। বাংলাদেশের বিপক্ষে গত জানুয়ারি মাসের শেষের দিকে শুরু হওয়া পূর্ণাঙ্গ সিরিজ থেকে শুরু হয় শ্রীলঙ্কানদের জয়রথ। এর মধ্যে এই মাটিতেই তারা জয় করে এশিয়া কাপের ট্রফি। এরপর এতোদিনের বিশ্বকাপ যাত্রাটাও বেশ তাদের মন মতোই হচ্ছে। আর আজকের ম্যাচে জয় দিয়েই সেমিফাইনালে নিজেদের রাস্তা পরিষ্কার করে নিতে মরিয়া হয়ে উঠেছে শ্রীলঙ্কা। টি-টোয়েন্টি দলের অধিনায়ক দিনেশ চান্দিমাল বলেন, ‘আমাদের দ্বিতীয় ম্যাচেই আমরা দেখিয়েছি যে কতটা ক্ষমতা আমাদের আছে। আমরা শেষ দুটি ম্যাচের একটি জিতলেই সেমিফাইনালে পৌঁছে যাবো। কিন্তু আমরা চাই দুটি ম্যাচেই জিততে।’
অন্য দিকে ইংলিশ দলের লক্ষ্য আজ জয় নিয়ে হারানো আত্মবিশ্বাস পুনরুদ্ধার করা। রবি বোপারা এই প্রসঙ্গে বলেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে জয় আমাদের জন্য দারুণ এক ব্যাপার হতে পারে। জিততে পারলে আমরা নিজেদের আত্মবিশ্বাস ফিরে পাবো। তাই আমাদের জন্য এই জয় খুবই গুরুত্বপূর্ণ।’
দুটি ম্যাচ জয় পাওয়া শ্রীলঙ্কা আজ টিম কম্বিনেশন না ভেঙেই খেলবে বলে জানা গেছে। যদিও, নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে বুড়ো আঙ্গুলে চোট পেয়েছেন কুশাল পেরেরা। দল সূত্রে জানা গেছে তার চোট খুবই সামান্য এবং সব কিছু ঠিক থাকলে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে তিনি খেলবেন।
এদিকে ইংল্যান্ড দলের ইয়ান বেল পেটের পীড়ার কারণে গতকাল দলের নিয়মিত অনুশীলনে অংশ নেননি। আজকের মধ্যে সমস্যা না কাটলে সেক্ষেত্রে দলে ঢুকে যেতে পারেন ব্যাটসম্যান ক্রিস ওয়াকস। এছাড়া স্পিনার স্টিফেন পেরি ও জেড ডার্নব্যাচকে নিয়েও ভাবছে টিম ম্যানেজমেন্ট।