কুমিল্লায় ১১টি আসনের মধ্যে একমাত্র নারী প্রার্থী মেরী

কুমিল্লা জেলার ১১টি আসনের মধ্যে আওয়ামী লীগের মনোনীত একমাত্র নারী প্রার্থী কুমিল্লা-২ আসনের সেলিমা আহমাদ মেরী (সিআইপি)। মেরী কুমিল্লা (উত্তর) জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বাংলাদেশ ওমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা সভাপতি ও হোমনা উপজেলার পাথালিয়াকান্দি গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মাতলুর আহমাদ-এর স্ত্রী। স্বাধীনতা পরবর্তী ইতিহাসে জেলার ১১টি আসনের মধ্যে তিনিই হলেন প্রথম একজন নারী প্রার্থী।

কুমিল্লা-২ আসনটি হোমনা ও তিতাস উপজেলা নিয়ে গঠিত। অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিতাস উপজেলার অংশটি দাউদকান্দির সাথে থাকায় এ অংশটি ছিল কুমিল্লা-১ এবং হোমনা ও মেঘনা উপজেলা ছিল কুমিল্লা-২। ওয়ান ইলেভেন পরবর্তী সময়ে নবম জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে সীমানা নির্ধারণের মাধ্যমে হোমনা ও তিতাস মিলে কুমিল্লা-২ এবং দাউদকান্দি ও মেঘনা মিলে কুমিল্লা-১ আসন গঠিত হয়।

কুমিল্লা-২ আসনে স্বাধীনতা পরবর্তী জাতীয় নির্বাচনগুলোতে বিএনপির প্রার্থী জয়লাভ করেন। দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন জাতীয় পার্টির মো. আমির হোসেন ভুঁইয়া। কিন্তু বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত কুমিল্লা-২ আসনটি আওয়ামী লীগের দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে নেতা-কর্মীরা। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে টিকেটও পেয়েছেন মেরী।