পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনে মহাজোটের বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিনের বিরুদ্ধে গতকাল বুধবার পটুয়াখালী শহরে ঝাড়ু মিছিল বের করা হয় এবং কুশপুত্তলিকা দাহ করা হয় । তিনি এই আসন থেকে এবারেও মনোনয়ন চাওয়ায় সাধারণ জনগণের ব্যানারে সকালে পুরাতন রেজিস্ট্রিপুল এলাকা থেকে কয়েকশ নারী-পুরুষ ঝাড়ু নিয়ে শহরে বিক্ষোভ মিছিল বের করে। পরে তারা প্রেসক্লাবের সামনে এসে কুশপুত্তলিকা দাহ করে ।
২০১৪ সালের নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারকে আওয়ামী লীগ এই আসনটি ছেড়ে দিলে তিনি সাংসদ নির্বাচিত হন। এবারের নির্বাচনে এই আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেয়া হয় দুইবার নির্বাচিত সাংসদ সাবেক ধর্ম প্রতিমন্ত্রী জেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান মিয়াকে। অপরদিকে জাতীয় পার্টিও এই আসন থেকে দলীয় মনোনয়ন দেয় দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারকে।