একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের ভোটযুদ্ধে নৌকা প্রতীক পেলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ড. আনোয়ার হোসেন খান ও ঐক্যফ্রন্ট এলডিপি নেতা শাহাদাত হোসেন সেলিম পেলেন ধানের শীষ।
সূত্র জানায়, ১৪ দলীয় জোটের শরিক তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বাশার মাইজভান্ডারী চট্টগ্রাম-২ ও সদস্য আনোয়ার হোসেন খানকে লক্ষ্মীপুর-১ সহ দুইটি আসন দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার বিকালে ধানমন্ডি আওয়ামী লীগ কার্যালয় থেকে তাদেরকে নৌকা প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে সাংসদ হন তরিকত ফেডারেশনের সাবেক মহাসচিব লায়ন এম এ আউয়াল। তার বিতর্কিত কর্মকাণ্ডের কারণে তাকে তরিকত ফেডারেশন থেকে বহিষ্কার করা হয়।
এদিকে বিএনপি অধ্যুষিত এই রামগঞ্জ আসনে দীর্ঘদিনের রীতি ভেঙে ধানের শীষের মনোনয়ন দেয়া হয়েছে কেন্দ্রীয় এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিমকে। তিনি চট্টগ্রাম ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি, চট্টগ্রাম বন্দর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে কেন্দ্রীয় বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত থাকলেও পরে বিএনপি থেকে বের হয়ে কর্নেল অলি আহম্মেদের সাথে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) গঠন করে এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব হন।
বিএনপি’র ত্যাগী নেতারা মনোনয়ন না পাওয়ায় নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা বিএনপি ও যুবদলের কয়েকজন নেতা জানান, দীর্ঘদিন দলটির হাল ধরে রেখেছেন বিএনপি নেতারা আর মনোনয়ন দেয়া হলো এলডিপির নেতাকে। তারপরও বেগম জিয়ার মুক্তির লক্ষ্যে ভেদাভেদ ভুলে শাহাদাত হোসেন সেলিমের পক্ষে নির্বাচন করলেও আনোয়ার খানের সাথে প্রতিদ্বন্দ্বিতা কঠিন হবে।