ঘাটাইলে বাংলা একাডেমি অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

বাংলা একাডেমি অস্ট্রেলিয়ার উদ্যোগে টাঙ্গাইলের ঘাটাইলে গত ২৭ ও ২৮ নভেম্বর দুই দিনব্যাপী শিক্ষা পদ্ধতি বিষয়ক এক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়। শিশু শিক্ষা প্রতিষ্ঠান উইজডম ভ্যালিতে এ সেমিনার অনুষ্ঠিত হয়। বর্তমান সময়ের উপযোগী শিক্ষা পদ্ধতি ও বিশ্বের উন্নত শিক্ষার সমপ্রসারণে এ সেমিনারের প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমি অস্ট্রেলিয়ার পরিচালক আনোয়ার আকাশ। যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে বাংলা একাডেমি অস্ট্রেলিয়া ও বেসরকারি সংস্থা নির্মাণ সংগঠনের সহযোগী প্রতিষ্ঠান উইজডম ভ্যালি।

সেমিনারে স্থানীয় পেশাজীবী, যুব সমাজ, শিক্ষক, শিক্ষার্থী এবং সুধীজনদের নিয়ে উন্নত দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। উইজডম ভ্যালি স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি রেজাউল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো. নূরুল ইসলাম। সেমিনারে উপস্থিত ছিলেন, উইজডম ভ্যালির অধ্যক্ষ মোহাম্মদ কামাল হোসেন, উপাধক্ষ্য মেহেরুন্নাহার, ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, সহ-সভাপতি খান ফজলুর রহমান, সাধারণ সম্পাদক মো. নূরুজ্জামান মিঞা, নির্মাণ সংগঠনের পরিচালক জাহাঙ্গীর হেসেন, ইউআরসি ইনস্ট্রাক্টর রাজিয়া সুলতানা প্রমুখ। সেমিনার শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

উল্লেখ্য বাংলা একাডেমি অস্ট্রেলিয়ার পরিচালক আনোয়ার আকাশ বর্তমানে বাংলাদেশ সফর করছেন। বাঙালির শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে তিনি যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি, ফ্রান্স, সুইজারল্যান্ড, সুইডেন, অস্ট্রেলিয়াসহ প্রায় ৪০টি দেশে সময় উপযোগী শিক্ষাবার্তা পৌঁছে দিতে কাজ করছেন।