দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।
নালিতাবাড়ী (শেরপুর): বুধবার সকালে বাবার সঙ্গে মোটর সাইকেলে করে বার্ষিক পরীক্ষা দিতে যাওয়ার পথে ট্রলির ধাক্কায় নিহত হয়েছে নবম শ্রেণির এক শিক্ষার্থী। তার নাম তাকিয়া। সে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গোজাকুড়া গ্রামের কিবরিয়ার মেয়ে ও আব্দুল হাকিম মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
দিনাজপুর: মঙ্গলবার রাতে দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক্টর চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম মো. আবুল হোসেন(৬০)। তিনি উপজেলার শতগ্রাম ইউনিয়নের রাঙ্গালীপাড়া গ্রামের মৃত মো. বিষ্ণু মিয়ার ছেলে। উপজেলার শতগ্রাম ইউপি চেয়ারম্যান ডা. কেএম কুতুব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন
সেনবাগ (নোয়াখালী): মঙ্গলবার গভীর রাতে সেনবাগের খাজুরিয়া এলাকায় ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। তার নাম মাওলানা আমির হোসেন(৪০)। তিনি উপজেলার ২নং কেশারপাড় ইউনিয়নের খাজুরিয়া দক্ষিণপাড়া ব্যাপারীবাড়ির মৃত আবদুস সাত্তার মিয়ার ছেলে ও খাজুরিয়া জামিয়া মোহাম্মদীয়া মাদ্রাসার শিক্ষক।