রেসিপি :
মিষ্টির ৪ পদ
প্রকাশ : ৩১ মার্চ ২০১৪, ২০:২০
আর কয়েকদিন পরেই পহেলা বৈশাখ। তাই বাঙালির রসুইঘরে তৈরি হয় নানাপদের খাবার। ভিন্ন ভিন্ন স্বাদের খাবারের সাথে মিষ্টি জাতীয় খাবারও অনেকের পছন্দের। ঘরে বানানো মিষ্টির ৪ পদ নিয়ে এবারের রেসিপির আয়োজন
বুন্দিয়া
উপকরণ :বেসন ১ কাপ, পানি ১/২ কাপ, বেকিং পাউডার ১/৪ চা চামচ, সয়াবিন তেল ভাজার জন্য পরিমাণমতো।
প্রণালি :বেসন পানিতে গুলে ১০ মি. রেখে দিন। এবার ছাঁচে ফেলে বুন্দিয়া ভেজে চিনির সিরায় ১০ মি. জ্বাল করুন।
কালো জাম
উপকরণ :ছানা ১ কাপ, ময়দা ১/২ কাপ, মাওয়া পৌনে ১ কাপ, ঘি ২ টে. চামচ, খাবার সোডা ১/৪ চা চামচ, পানি ২ টে. চামচ, চেরি রেড কালার ১/৪ চা চামচ, এলাচ দানাগুঁড়া ১/৪ চা চামচ, চিনি ২ টেবিল চামচ, মিল্ক ক্রিম ফ্লেভার ১/৪ চা চামচ।
প্রণালি :মাওয়া গুঁড়া করে চেলে নিন। এবার ছানার মধ্যে মাওয়া দিয়ে মেখে নিন। অন্য পাত্রে ময়দার মধ্যে ঘি দিয়ে শুকনাভাবে মাখুন। এবার ছানার সাথে ময়দার মিশ্রণটি দিয়ে হালকা করে মাখুন। মিশ্রণের মধ্যে একটি গর্ত করে খাবার সোডা ও পানি মেশান। এবার চিনি ও এলাচ গুঁড়া মিশিয়ে নিন। পুরো মিশ্রণটিকে আলতোভাবে মাখুন। চুলায় একদম হালকা আঁচে ভেজে নিন।
কালো জামের সিরা :৩ কাপ চিনি ও ৩ কাপ পানি চুলায় দিয়ে একবার ফুটে উঠলেই নামিয়ে নিন। সিরাটি হালকা হবে। সিরা ঘন হলে মিষ্টি বসে যাবে। গরম সিরায় মিষ্টি দেওয়া যাবে না। মিষ্টি আধা ঘণ্টা সিরার মধ্যে রেখে ঝাঁঝরিতে ঝরিয়ে ফেলতে হবে।
পানতোয়া
উপকরণ :গুঁড়া দুধ ১/২ কাপ, বেকিং পাউডার ১/২ চা চামচ, ময়দা ২ টেবিল চামচ চেলে নিন, চিনি ১ টেবিল চামচ, তেল ১ টেবিল চামচ, পানি ২ টেবিল চামচ, ডিম ১টা ফেটে নিন।
প্রণালি :ডুবো তেলে হালকা ভেজে জ্বাল করুন। প্রথমে জোরে ২-৩ মি.। মাঝারি জ্বালে ৮-৯ মি. জ্বাল করতে হবে।
মাওয়ার লাড্ডু
উপকরণ :বুন্দিয়া ২ কাপ, ছানা ১/৪ কাপ, গুঁড়া দুধ ২ টেবিল চামচ, ক্রিমফ্লেভার ১/৪ চা চামচ, চিনি ২ টেবিল চামচ, ঘি ১ টেবিল চামচ।
প্রণালি :বুন্দিয়া আধা ভাঙা করে নিন। ছানা, বুন্দিয়া ও চিনি জ্বাল করুন। ঠাণ্ডা হলে গুঁড়া দুধ ও গোলাপ জল মেশান। গোল গোল করে লাড্ডু বানিয়ে মাওয়ায় গড়িয়ে নিন।