আসছে পানিরোধী মটো জি
প্রকাশ : ০১ এপ্রিল ২০১৪, ২০:১৪
মটোরোলার স্মার্টফোনগুলোর মধ্যে মটো জি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে। সে কারণে এই মডেলটি নিয়েই গবেষণা চালিয়ে যাচ্ছে মটোরোলা। এবারে টুইটারে ফাঁস হওয়া মটো জি’র একটি ছবি থেকে জানা গেছে এর নতুন সংস্করণ নিয়ে কাজ করছে মটোরোলা। নতুন এই সংস্করণটি হবে পানিরোধী। একইসাথে ধুলাবালি থেকেও এটি মুক্ত রাখতে সক্ষম হবে নিজেকে। এখন পর্যন্ত মটোরোলার কাছ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া না গেলেও প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, সনির এক্সপেরিয়া জেড সিরিজের পানিরোধী ফোন জনপ্রিয় হয়ে ওঠাতেই এই দিকে মনোযোগী হয়েছে মটোরোলা। এটি দিয়ে মটোরোলা বাজার দখল করে নিতে সমর্থ হবে বলেও আশাবাদ ব্যক্ত করছেন প্রযুক্তি বিশ্লেষকরা। এখন দেখার বিষয় কবে নাগাদ এই ফোন বাজারে নিয়ে আসতে পারে মটোরোলা।