জাতীয় চলচ্চিত্র দিবসে বর্ণিল আয়োজন

আজ বৃহস্পতিবার জাতীয় চলচ্চিত্র দিবস। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)-এর প্রতিষ্ঠা দিবসও। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৭ সালের আজকের এই দিনে তদানীন্তন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) গঠনের লক্ষ্যে একটি প্রস্তাব উত্থাপন করেছিলেন। ঐতিহাসিক সেই দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতিবছর এই দিনটিকে জাতীয় চলচ্চিত্র দিবস হিসেবে উদযাপিত হয়ে আছে গত দুই বছর থেকে। দিবসটি উপলক্ষে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। এফডিসি আয়োজন করেছে দিনব্যাপী অনুষ্ঠান। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, চলচ্চিত্র নির্মল বিনোদনের পাশাপাশি আমাদের ইতিহাস, ঐতিহ্য ও স্বাধিকার আন্দোলনের গৌরবময় অধ্যায় তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। জনগণকে মুক্তির সংগ্রামে উদ্বুদ্ধ করেছে। চলচ্চিত্র নির্মাতা ও কলাকুশলীদের সম্মিলিত প্রচেষ্টায় চলচ্চিত্র শিল্প তার হারানো ঐতিহ্য ফিরে পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শিগগিরই জাতীয় চলচ্চিত্র নীতিমালা ঘোষণা করা হবে। তিনি বলেন, চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট প্রতিষ্ঠার লক্ষ্যে ইতোমধ্যে জাতীয় সংসদে আইন পাস করা হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের আধুনিকায়ন ও সম্প্রসারণের লক্ষ্যে একটি প্রকল্প বাস্তবায়নাধীন আছে। বিএফডিসির অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে শোভাযাত্রা, চলচ্চিত্র মেলা, মেলা, রেড কার্পেট সংবর্ধনা, স্থিরচিত্র প্রদর্শনী, টকশো, চলচ্চিত্র প্রদর্শনী, স্মরণিকা প্রকাশ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি এই আয়োজনে থাকছে পুতুল নাচ, নাগর দোলা, বায়স্কোপ প্রদর্শনী। সন্ধ্যায় ফানুস উড়ানো। এই উপলক্ষে গতকাল বুধবার বিএফডিসি’র জহির রায়হান কালার ল্যাব প্রজেকশন হলে সাংবাদিক সম্মেলনে এসব তথ্য দেন চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক পীযূষ বন্দ্যোপাধ্যায়। আরো উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক নাসির উদ্দিন দিলু প্রমুখ । আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ‘জাতীয় চলচ্চিত্র দিবস-২০১৪’-এর উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এর পরপর এফডিসি প্রাঙ্গণ থেকে বের হবে চলচ্চিত্র শিল্পী, কলাকুশলী ও চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, গ্রীন ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি এফডিসি থেকে সোনারগাঁও হোটেল ক্রসিং হয়ে পুনরায় এফডিসি প্রাঙ্গণে এসে শেষ হবে। এবারের দিবসের প্রতিপাদ্য ‘এগিয়ে চলি ভবিষ্যত্ সৃজনে’। উদ্বোধনী আয়োজনের পর চারটি সেমিনার অনুষ্ঠিত হবে। বিষয়গুলো হলো—‘চলচ্চিত্র ইতিহাস’, ‘ডিজিটাল চলচ্চিত্র’, ‘চলচ্চিত্রের বর্তমান প্রেক্ষাপট সংকট উত্তরণের উপায়’ এবং ‘আন্তর্জাতিক প্রেক্ষাপটে বাংলাদেশ চলচ্চিত্র’। প্রবন্ধ উপস্থাপনা করবেন অনুপম হায়াত্, মোহাম্মদ হোসেন জেমী, মতিন রহমান ও মোরশেদুল ইসলাম। জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদও সকালে আলাদা শোভাযাত্রা করবে। শিল্পকলা একাডেমি, ফিল্ম আর্কাইভ ও চলচ্চিত্র ফিল্ম সোসাইটির যৌথ আয়োজনে দেখানো হবে ধ্রুপদী চলচ্চিত্র। চলচ্চিত্র দিবস উদযাপন উপলক্ষে শিল্পকলা একাডেমি পাঁচদিনের অনুষ্ঠানের আয়োজন করেছে । চলচ্চিত্র ইতিহাস, ভাষার ক্রমবিকাশ ও সংস্কৃতির ধারার পরিবর্তনসহ নানা দিক তুলে ধরার লক্ষ্যে মুহাম্মদ সাজ্জাদ হোসেন ও আরাফাতুল কবির রিজভী নির্মাণ করেছেন ‘স্বরূপ সন্ধান’। বুধবার ছিল জাতীয় চিত্রশালা মিলনায়তনে এর উদ্বোধনী প্রদর্শনী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মতিন রহমান ও একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। আজ বৃহস্পতিবার দেখানো হবে আব্দুল জব্বার খান পরিচালিত চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’, সন্ধ্যা ৬টা ৩০মিনিট আলোচনা অনুষ্ঠান ও প্রীতি সম্মিলনী।