বাংলাদেশে বিনিয়োগ অব্যাহত থাকবে

মোবাইল অপারেটর বাংলালিংকের মূল কোম্পানি ভিম্পেলকমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জো ওলাভ লান্ডার বলেছেন, ভিম্পেলকমের জন্য বাংলাদেশ একটি বৃহত্ প্রতিশ্রুতিশীল বাজার। গত কয়েক বছরে এদেশে বিস্ময়কর গ্রাহক বৃদ্ধির মাধ্যমে তা প্রমাণিত হয়েছে। বাংলাদেশের বাজারের সম্ভাব্যতা অনেক বেশি এবং ভিম্পেলমের বিনিয়োগ কার্যক্রম এখানে অব্যাহত থাকবে। বাংলাদেশে কয়েকদিনের সফর শেষে ফিরে যাওয়ার সময় এমন মন্তব্য করেছেন তিনি। বাংলাদেশ সফরকালে তিনি অর্থমন্ত্রী, টেলিযোগাযোগ মন্ত্রী, বিটিআরসি চেয়ারম্যান ও বাংলালিংকের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। ভিম্পেলকমের গ্রুপ পরিচালক (কমিউনিকেশনস) ববি লীচ তার সঙ্গে ছিলেন। জো ওলাভ লান্ডার বাংলাদেশকে বাংলালিংকের উত্কৃষ্ট সেবার প্রশংসা করে বলেন, বাজারে বাংলালিংক নতুনত্বের বিকাশ এবং বিভিন্ন ধরনের সেবা এনেছে যা এই অঞ্চলে প্রথমবারের জন্য এসেছে। বাংলালিংকের সিইও জিয়াদ সাতারা বাংলালিংকের কার্যক্রম লান্ডারের কাছে তুলে ধরেন। প্রসঙ্গত, বাংলালিংক হচ্ছে নেদারল্যান্ডসভিত্তিক ভিম্পেলকম লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান।