নারিনকে টপকে শীর্ষে বদ্রি
প্রকাশ : ০২ এপ্রিল ২০১৪, ২২:২৪
কন্ডিশন আর উইকেট বিবেচনায় টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে স্পিনাররাই ছড়ি ঘুরাবেন সেটা ধারণা করা হয়েছিল আগেই। তবে যেটা ধারণা করা যায়নি সেটা হচ্ছে লেগ স্পিনারদের একাধিপত্য। সুপারটেন শেষে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় শীর্ষ পাঁচটি নামের তিনটিই লেগ স্পিনারদের! আর চার ম্যাচে দশ উইকেট নিয়ে স্পিনারদের সে তালিকায় দ্বিতীয় স্থানে আছেন গত বেশ কিছুদিন ধরেই ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণটিতে দুর্দান্ত ফর্মে থাকা স্যামুয়েল বদ্রি। আর তার পুরস্কারও হাতেনাতেই পেয়ে গেলেন এই ওয়েস্ট ইন্ডিয়ান। স্বদেশি সুনীল নারিনকে টপকে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষ বোলার এখন তিনিই। অন্যদিকে, এ গ্রুপ থেকে অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করা ভারত, শ্রীলঙ্কাকে টপকে উঠে গেছে এক নম্বরে।
নারিনের পেছনে থেকে টুর্নামেন্ট শুরু করা বদ্রি বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই রেখেছেন তার প্রতিভার স্বাক্ষর। উইকেট প্রতি মাত্র নয় রান খরচে এসেছে তার দশটি উইকেট। ইকোনমি রেটও রীতিমতো ঈর্ষা জাগানিয়া, ৫.৬২। ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচে একটি মাত্র উইকেট নিয়ে ম্যাচ শেষ করা বদ্রি দ্বিতীয় ম্যাচে বলতে গেলে একাই ধসিয়ে দেন বাংলাদেশকে। এই ম্যাচে ১৫ রানে চার উইকেট নেয়ার পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নেন দুই উইকেট। আর পাকিস্তানের বিরুদ্ধে গত মঙ্গলবার বাঁচা-মরার লড়াইয়ে মাত্র দশ রানে তিনটি উইকেট নিয়ে দলের জয়ে রাখেন দারুণ ভূমিকা।
গতকাল প্রকাশিত আইসিসি র্যাঙ্কিংয়ের সর্বশেষ সংস্করণটিতে পরিবর্তন আছে আরো। বদ্রির সমান ম্যাচ খেলে একটি উইকেট বেশি নিয়ে টুর্নামেন্টে বদ্রির উপরে থাকা দক্ষিণ আফ্রিকান লেগি ইমরান তাহির উঠে এসেছেন ক্যারিয়ার সর্বোচ্চ ২১তম স্থানে। ৩৬ ধাপ উত্তরণ ঘটেছে পাকিস্তানি বংশোদ্ভূত এই বোলারের।
১২ ধাপ টপকে চতুর্থ স্থানে উঠে এসেছেন অজি পেসার মিচেল স্টার্ক। শীর্ষ পাঁচে থাকা একমাত্র পেসার তিনিই। ১৯ ধাপ টপকে পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছেন লঙ্কান অফ স্পিনার সাচিত্রা সেনানায়েকে। তার পরেই আছেন আরেক স্পিনার রবীচন্দ্রন আশ্বিন। অন্যদিকে, তিন নম্বরে নিজের জায়গা অক্ষুণ্ন রেখেছেন পাকিস্তানের সাঈদ আজমল।
৬৫৯ রেটিং পয়েন্ট নিয়ে সাকিব আল হাসান আছেন বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ একাদশ স্থানে।