মিডলসেক্সের নির্বাহী প্রধানের দায়িত্বে স্ট্রস
প্রকাশ : ০২ এপ্রিল ২০১৪, ২২:২৫
ইংলিশ কাউন্টি দল মিডলসেক্সের নির্বাহী বোর্ডের দায়িত্ব নিলেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক এন্ডু্র স্ট্রস। লর্ডসকেন্দ্রিক ক্লাবটি গতকাল এ কথা জানিয়েছে। মিডলসেক্সের সাবেক অধিনায়ক ৩৭ বছর বয়সী স্ট্রস ২০১২ সালে সকল প্রকার ক্রিকেট থেকে অবসর নেন। ২০০৯ সালে নিজ মাটিতে এবং ২০১০/১১ সালে অস্ট্রেলিয়ার মাটিতে এ্যাশেজ বিজয়ী ইংল্যান্ড দলের নেতৃত্ব দেয়া স্ট্রসকে সাম্প্রতিক সময়ে দেশটির সবচেয়ে সফল অধিনায়ক হিসাবে বিবেচনা করা হয়। পল ডাউনটনের স্থলাভিষিক্ত হলেন স্ট্রস। মিডলসেক্স এবং ইংল্যান্ড দলের সাবেক উইকেটরক্ষক ডাউনটন ইংল্যান্ড ক্রিকেটের ম্যানেজিং ডিরেক্টর হিসাবে দায়িত্ব নেয়ায় তার শূন্যস্থানে নিয়োগ পেলেন স্ট্রস। মিডলসেক্স চেয়ারম্যান ইয়ান লভেট বলেন, ‘আমাদের আহবানে সাড়া দিয়ে এন্ড্রু মিডলসেক্সের নির্বাহী বোর্ডে যোগ দেয়ায় আমরা দারুণ উচ্ছ্বসিত। প্রথম থেকেই সে মিডলসেক্সে, একজন খেলোয়াড় হিসাবেও তার রয়েছে অসাধারণ সুখ্যাতি।’