বরগুনা-১ আসনে আওয়ামী লীগের দুই নেতাকে মনোনয়ন!

বরগুনা-১ (সদর-আমতলী-তালতলী) আসনে মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান এমপি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবির। এছাড়া একই আসনে এই দুই নেতার মনোনয়ন পাওয়া নিয়ে উভয় পক্ষের মধ্যে চলছে নানা জল্পনা কল্পনা। বিভ্রান্তিতে রয়েছেন দলীয় কর্মী-সমর্থক ও ভোটাররা।

এদিকে মঙ্গলবার সন্ধ্যায় বরগুনা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে বরণ করে নিতে বরগুনার টাউন হল চত্বরে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনসমূহের নেতা-কর্মীসহ সাধারণ জনতা সমবেত হন। এ সময় অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, তিনি ইতিপূর্বে চারবার এমপি, উপমন্ত্রী থেকে বরগুনার ব্যাপক উন্নয়ন করেছেন। এবার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে। তিনি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এ সময় দলীয় নেত্রী যদি দলের অন্য কাউকে মনোনয়ন দেন, তিনি তার পক্ষে কাজ করবেন।

অপরদিকে মনোনয়ন তালিকায় নাম আসার পর সোমবার বরগুনায় এসেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবির। মঙ্গলবার তিনি বরগুনা প্রেসক্লাবে সাংবাদিকদের মঙ্গে মতবিনিময় সভা করেন।