মধুমতি ব্যাংক স্বাধীনতা কাপ

মোহামেডান মুক্তিযোদ্ধা লড়াই আজ

দুপুরের কড়া রৌদ্র উপেক্ষা করেই মোহামেডান নিজেদের ক্লাব মাঠে আর মুক্তিযোদ্ধা সামরিক জাদুঘরের মাঠে অনুশীলনে নামলো। এই দুই দল আজ বিকাল ৫টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে মধুমতি ব্যাংক স্বাধীনতা কাপ ফুটবলের তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে। দুই দলের গায়ে লেগে আছে বড় দলের লেবাস। মোহামেডানের পর্তুগীজ কোচ রুই ক্যাপেলা আর মুক্তিযোদ্ধার কোচ শফিকুল ইসলাম মানিক বেশ সিরিয়াস আজকের ম্যাচ নিয়ে। ম্যাচ টাইব্রেকারে গড়াতে পারে মনে করে দুই দলই সে প্রস্তুতিও নিয়ে রেখেছেন। মোহামেডানের এমিলি, সবুজ, মুক্তিযোদ্ধার সানডে, মারুফরা কোয়ার্টার ফাইনাল ম্যাচটাকে ‘ফাইনাল’ ম্যাচ মনে করে প্রস্তুতি নিয়েছেন। মোহামেডান কোচ রুই ক্যাপেলা আগেই জানিয়েছিলেন তারা কোয়ার্টার ফাইনালে মুক্তিযোদ্ধাকে পেয়ে খুশি। পর্তুগীজ কোচের কথা শুনে মুক্তিযোদ্ধার কোচ শফিকুল ইসলাম মানিক বলেছেন, ‘মোহামেডানের খুশি হওয়ার কারণটা হচ্ছে শেখ জামাল বেটার টিম।’ বেটার বললেও মানিক চ্যালেঞ্জ দিয়েছেন মোহামেডানকে, মাঠে সেটা প্রমাণ করার জন্য। সানডে আসায় মুক্তিযোদ্ধার শক্তি বেড়েছে এমন প্রশ্নে কোচ মানিক বলেন, ‘শক্তি বেড়েছে। তবে ম্যাচও হেরেছি শেখ জামালের বিরুদ্ধে। যদিও আমরা ম্যাচটা হালকাভাবে নিয়েছিলাম। তার পরও রেজাল্ট লেখা থাকবে হার।’ পেশাদার ফুটবল লিগে মুক্তিযোদ্ধা ১-০ গোলে এগিয়ে ছিল। মোহামেডান শেষ মুহূর্তে গোল (১-১) করে ম্যাচটা হার থেকে বাঁচায়। আজ যদি মোহামেডান ম্যাচ জিতে। আর আগামীকাল শেষ কোয়ার্টার ফাইনালে শেখ জামালের বিরুদ্ধে যদি আবাহনী ম্যাচ জিতে তাহলে মোহামেডান-আবাহনী সেমিফাইনালে মুখোমুখি হবে। এক দল বাদ পড়বে। এটা নিশ্চিত। আর যদি কোয়ার্টার ফাইনালে মোহামেডান আবাহনী দুই দলই হেরে যায় তাহলে দুই দলই বাদ। সাদাকালো আর নীল হলুদ দর্শকদের উপভোগের জন্য কোয়ার্টার ফাইনালই হতে পারে শেষ ম্যাচ। চ্যাম্পিয়নদের বিদায় সেমিতে সকার ক্লাব স্বাধীনতা কাপ ফুটবলের বর্তমান চ্যাম্পিয়ন শেখ রাসেল ক্রীড়া চক্রকে বিদায় করে দিয়েছে সকার ক্লাব। কোয়ার্টার ফাইনালে সকার ক্লাব টাইব্রেকারে ৪-৩ গোলে শেখ রাসেলকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। সকার সেমিফাইনালে খেলবে ব্রাদার্স ইউনিয়নের বিরুদ্ধে। ম্যাচের ৯০ মিনিট পর্যন্ত ১-১ গোলের সমতা ছিল। অতিরিক্ত ৩০ মিনিট শেষে ছিল ২-২ গোলের সমতা। টাইব্রেকারে গিয়ে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়। সেখানে আর পেরে উঠেনি শেখ রাসেল। অনেক সুযোগ পেয়েও শেখ রাসেল জয় আদায় করে নিতে পারেনি। শেষ পর্যন্ত টাইব্রেকারে ভাগ্যের কাছে হারতেই হয়েছে দলটির। সকার ক্লাব কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে ভালো খেলেই সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। ম্যাচের ৭ মিনিটে সকার ক্লাব গাম্বিয়ান ফুটবলার কাব্বা জোবের গোলে এগিয়ে যায়। ৮৫ মিনিটে সকার ক্লাব পেনাল্টি পায়; কিন্তু গাম্বিয়ান ডিফেন্ডার ল্যাডিং গোল মিস করায় সরাসরি জয়ের এই অসাধারণ সুযোগ নষ্ট হয় তাদের। তার শট গোলকিপার বিপ্লব আটকে দিয়েছেন। নির্ধারিত সময় পার হওয়ার ঠিক ১ মিনিট আগে পেনাল্টি পায় শেখ রাসেল। হাইতির ফুটবলার প্যাসকেল গোল করে নাটকীয় সমতায় ফেরান দলকে। অতিরিক্ত ৩০ মিনিটের প্রথম দ্বিতীয় ১৫ মিনিটের খেলায় আরো এক পেনাল্টিতে শেখ রাসেল ২-১ গোলে এগিয়ে গিয়েছিল। দুই মিনিটের মধ্যে গোলটা শোধ করে দেয় সকার। সকার ক্লাবের নাইজেরিয়ান চুকা চার্লস গোল করে চমক দেন- সমতা আনেন ২-২। টাইব্রেকারে গিয়ে ম্যাচের ভাগ্য সকার ক্লাবের দিকে এসে যায়। ম্যাচ জিতে ৪-৩ গোলে।