স্থিতিশীলতা স্থায়ী হলে ঈর্ষণীয় উন্নতি করবে বাংলাদেশ

বাংলাদেশে স্থিতিশীলতা দীর্ঘস্থায়ী হলে অল্প সময়ের মধ্যে বাংলাদেশ ঈর্ষণীয় উন্নতি করবে। তাই সংঘাত, সহিংসতা, সন্ত্রাস পরিহার করে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে হবে। সেক্ষেত্রে যুক্তরাজ্য সাহায্য আর অংশীদারিত্বের পরিমাণ আরো বাড়িয়ে দেবে। কথাগুলো বলেছেন, যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী এলান ডানকান। বাংলাদেশে তিনদিন সফর শেষে বৃহস্পতিবার সকালে তিনি দেশে ফিরে যান। বুধবার সন্ধ্যায় বারিধারায় ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে প্রতিমন্ত্রী এলান দৈনিক ইত্তেফাক ও সহযোগী একটি ইংরেজি দৈনিকের প্রতিনিধির সঙ্গে সাক্ষাত্কারে ঢাকা ও লন্ডন দ্বিপাক্ষিক সম্পর্ক, তৈরি পোশাক শিল্প, জলবায়ু পরিবর্তন, নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য বিমোচনসহ বিভিন্ন ক্ষেত্রে সহায়তা ইস্যুতে মতামত দেন। দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ ইস্যুতেও কথা বলেন ব্রিটিশ প্রতিমন্ত্রী। এলান ডানকান বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের একক বৃহত্তম দাতা দেশ। বছরে তিনশত মিলিয়ন পাউন্ড আর্থিক সহায়তা দেয়া হয় বাংলাদেশকে। দু’দেশের বাণিজ্যিক সম্পর্কও দিনে দিনে প্রসারিত হচ্ছে। স্থিতিশীলতা থাকলে ব্রিটিশ কোম্পানিগুলো বেশি বেশি বিনিয়োগে উত্সাহী হবে। গার্মেন্টস শিল্প ইস্যুতে ব্রিটিশ প্রতিমন্ত্রী বলেন, যেকোনভাবেই হোক বাংলাদেশকে এশিল্পে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা, কাজের পরিবেশ শ্রমমান ও অধিকার বিষয়ে আন্তর্জাতিক মান অর্জন করতে হবে। শ্রমিকদের উপযুক্ত মজুরি নিশ্চিত করাও জরুরি। সরকারের আইনী বিধান কার্যকর করা জরুরি। এসব ব্যবস্থা নিশ্চিত হলে বড় বড় ব্রান্ডগুলো আরো বেশি অর্ডার দেবে। বর্তমানে বাংলাদেশে ব্রিটিশ সহায়তার অগ্রাধিকার হচ্ছে নারী ও মেয়ে শিশু বলে জানালেন প্রতিমন্ত্রী। নারীর ক্ষমতায়ন, শিক্ষার প্রসার, বাল্য বিবাহ ও জোরপূর্বক বিবাহ রোধ, সহিংসতা বিলোপ, স্বাস্থ্য অধিকার এসব ক্ষেত্রে যুক্তরাজ্য বড় ধরনের প্রচারণা শুরু করবে সহসাই। গার্মেন্টস শিল্পের ৪০ লাখ শ্রমিকের মধ্যে ৮০ শতাংশ মহিলা। সুতরাং সহজেই মহিলাদের গুরুত্ব অনুমেয়। প্রতিমন্ত্রী আরো বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতি পোষাতে ও এজন্য পরিস্থিতির উন্নতি করতে যুক্তরাজ্য বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। প্রায় ১০০ মিলিয়ন পাউন্ড দেয়া হয়েছে জলবায়ু পরিবর্তন বিষয়ক তহবিলে। বন্যা প্রতিরোধ, আগাম সতর্কতা, ভূমিকম্প প্রতিরোধ, আশ্রয় কেন্দ্র নির্মাণসহ অনেক কর্মসূচিতে অংশীদার যুক্তরাজ্য।