শেষ হলো দু’দিনব্যাপী বিতর্ক উত্সব

চট্টগ্রামে একঝাঁক মেধাবী মেডিকেল শিক্ষার্থীদের অংশগ্রহণে একঝাঁক মেডিকেলের মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণে চট্টগ্রাম মেডিকেল অনুষ্ঠিত হলো দু’দিনব্যাপী ‘এসকেইএফ ৩য়-এনডিএফ বিডি-সিএমসি ডিসি জাতীয় মেডিকেল কলেজ বিতর্ক উত্সব-২০১৪’। সুনির্দিষ্ট বিষয়ের উপর বিতর্কে দেশের সরকারি ও বেসরকারি ১০টি মেডিকেল কলেজের ১৪টি দল অংশ নেয়। মেধাবী এসব শিক্ষার্থীদের ক্ষুরধার যুক্তি খণ্ডন অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। চূড়ান্ত পর্বে চট্টগ্রাম মেডিকেল কলেজ-(২) গ্রুপকে পরাজিত করে ঢাকা মেডিকেল কলেজ শ্রেষ্ঠ দল হিসেবে বিজয়ী হয়েছেন। গত ২৮ ও ২৯ মার্চ চট্টগ্রাম মেডিকেল কলেজের শাহ আলম বীর উত্তম মিলনায়তনে এই বিতর্ক উত্সব অনুষ্ঠিত হয়। জাতীয় ডিবেট ফেডারেশন বাংলাদেশ ও চট্টগ্রাম মেডিকেল কলেজ ডিবেটিং ক্লাবের যৌথ উদ্যোগে চট্টগ্রামে প্রথমবারের মতো বিতর্ক উত্সবের আয়োজন করেন। প্রথম হলেও চট্টগ্রাম মেডিকেল কলেজ কর্তৃপক্ষ, ছাত্র সংসদ ও ছাত্রলীগ চমেক শাখা সার্বিক সহযোগিতায় দু’দিনব্যাপী বিতর্ক উত্সব সফল হয়েছে বলে উদ্যোক্তারা জানান। উদ্বোধনীর আগে বিপুল সংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে বিতর্ক উত্সবের কার্যক্রম শুরু হয়। দেশের ১০টি মেডিকেল কলেজের ১৪টি দল বিতর্ক উত্সবে অংশগ্রহণ করেন। কলেজগুলো হচ্ছে শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজ, চট্টগ্রাম মেডিকেল কলেজের ৪টি দল, ময়মনসিংহ মেডিকেল কলেজ, কুমিল্লা মেডিকেল কলেজ, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, কক্সবাজার মেডিকেল কলেজ, ইবনে সিনা মেডিকেল কলেজ ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ। এদের মধ্যে সেমি ফাইনালে এক গ্রুপে অংশ নেন চট্টগ্রাম মেডিকেল কলেজের দু’টি গ্রুপ এবং অপর সেমি ফাইনালে ঢাকা মেডিকেল কলেজ ও শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ অংশ নেয়। পরে ঢাকা মেডিকেল কলেজ বিরোধী দল ও চট্টগ্রাম মেডিকেল কলেজের গ্রুপ (২) সরকারি দলে বিভক্ত হয়ে চূড়ান্ত ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়। ফাইনালে বিতর্কের বিষয় ছিল ‘এই সংসদ চেতনার উত্সব নয়, চেতনার অনুশীলন বিশ্বাস করে’। ঢাকা মেডিকেল কলেজের পক্ষে রনক মেহেদী, রাইসুল আরাফাত রিয়াদ ও জাহিদ হাসান এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের পক্ষে রাফায়েত হোসেন চৌধুরী, শিরাত শাহরীন আজাদ ও জাহান ই নূর (মুমু) বিতর্কে অংশ নেয়। বিতর্কে স্পিকারের দায়িত্ব পালন করেন জুয়েল চৌধুরী। তাকে সহযোগিতা করেন ৮ জন বিচারক। চূড়ান্ত পর্বে শ্রেষ্ঠ বিতার্কিকের পুরস্কার পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজের রাইসুল আরাফাত। এতে চ্যাম্পিয়ন দলকে ট্রফি, ক্রেস্ট ও সার্টিফিকেট এবং রানার্সআপ চট্টগ্রাম মেডিকেল কলেজকে ট্রফি ও সার্টিফিকেট প্রদান করা হয়। বিতর্ক উত্সবের মিডিয়ায় পার্টনার ছিল দৈনিক ইত্তেফাকসহ আরও কয়েকটি দৈনিক পত্রিকা, বেসরকারি টিভি চ্যানেল, রেডিও ও অনলাইন পত্রিকা। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে উপস্থাপনায় ছিলেন আলমগীর, জিহান নূর ও মুসবাহ আহমেদ মাহদী। সমাপনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের ব্যবস্থাপনা সম্পাদক আশীষ সৈকত। তিনিসহ অন্যান্য অতিথিরা অনুষ্ঠানে চ্যাম্পিয়ন, রানার্সআপসহ অন্যান্য ক্ষেত্রে বিজয়ীদের মাঝে ট্রফি, ক্রেস্ট, সাটিফিকেটসহ পুরস্কার বিতরণ করেন। দৈনিক ইত্তেফাক-এর ব্যবস্থাপনা সম্পাদক আশীষ সৈকত তার বক্তব্যে বলেন, ‘মেধাবী শিক্ষার্থীরা তাদের যুক্তি খণ্ডন করতে গিয়ে ৫২’র ভাষা আন্দোলন, ৬৯’র গণঅভ্যুত্থান, ৭১’র মহান মুক্তিযুদ্ধ ও গণজাগরণ মঞ্চ পর্যন্ত ইতিহাস খুঁড়িয়ে খুঁড়িয়ে বলেছেন। তাদের এই চেতনা ও অনুশীলন জাতিকে ভবিষ্যতে চলার পথে অনুপ্রেরণা যোগাবে। দৈনিক ইত্তেফাক এই ধরনের অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকতে চায় এবং ভবিষ্যতে ইত্তেফাক পাশে থাকবে।’ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এনডিএফ বিডি চেয়ারম্যান একেএম শোয়েব খান বলেন, ‘বিতর্ক শিল্পের জয় হোক। বিতর্কের মঞ্চ হোক আলোকিত, যুক্তিবাদী ও দেশপ্রেমী সচেতন মানুষ তৈরির শ্রেষ্ঠ স্থান।’ দু’দিনব্যাপী অনুষ্ঠানমালায় অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিন প্রমুখ।